প্রকাশিত: ২৯ অক্টোবর, ২০২৬ ২২:৫৬
এমপির বিরুদ্ধে মিথ্যাচার
সুনামগঞ্জ—৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নূরুল ইসলাম নূরুল -ছবি. সুখবর
সুনামগঞ্জ—৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নূরুল ইসলাম নূরুলের বিরুদ্ধে এক কোটি টাকা চাঁদা দাবির অভিযোগের প্রতিবাদ জানিয়েছে সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।
সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, উন্নয়ন কাজে অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হওয়ায় সংসদ সদস্যকে বিতর্কিত করার চেষ্টা চলছে, করা হয়েছে ভিত্তিহীন অভিযোগ। একই সঙ্গে অভিযোগের পেছনে কোনো উদ্দেশ্য রয়েছে কি না, তা খতিয়ে দেখে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে ব্যবসায়ীদের এই শীর্ষ সংগঠন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি শামছুল হকের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সুনামগঞ্জ—৪ আসনের উন্নয়ন কাজে অনিয়ম ও দুর্নীতি রোধে সংসদ সদস্য অ্যাডভোকেট নূরুল ইসলাম নূরুল নির্বাচিত হওয়ার পর থেকে কাজ করছেন। সরকারের বিভিন্ন দপ্তরে যোগাযোগ করে অবহেলিত এ অঞ্চলের উন্নয়নে ভূমিকা রাখার পাশাপাশি চলমান প্রকল্পগুলো যাতে সরকারি প্রাক্কলন অনুযায়ী সম্পন্ন হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি বাড়ানোর দাবি জানিয়ে আসছেন তিনি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের নেতারা সরেজমিনে ওই ঠিকাদারি কাজের সাইট পরিদর্শন করে নির্মাণকাজে অনিয়মের অভিযোগ পেয়েছেন। তাদের দাবি, সড়ক বিভাগের বাস্তবায়নাধীন কিছু কাজে প্রাক্কলন অনুযায়ী কাজ হচ্ছে না। কাজের বরাদ্দ ও বাস্তবায়ন নিয়ে একটি ঠিকাদারি সিন্ডিকেটের প্রভাব রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২৭ অক্টোবর বিশ্বম্ভরপুরে একটি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করে ফেরার সময় স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে বিশ্বম্ভরপুর—সুনামগঞ্জ সড়কের সেতু ও সংযোগ সড়কের কাজে অনিয়মের অভিযোগ পান সংসদ সদস্য।
স্থানীয়দের অভিযোগ, কাজে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার, গাফিলতি ও বিলম্ব হচ্ছে। এসময় তিনি ঠিকাদারের প্রতিনিধিকে যথাযথভাবে ও নির্ধারিত সময়ে কাজ শেষ করার আহ্বান জানান। পাশাপাশি ২৮ অক্টোবর সড়ক বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সরেজমিনে কাজ পরিদর্শন করে ত্রুটি চিহ্নিত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
চেম্বার অব কমার্সের দাবি, উন্নয়নকাজের মান নিশ্চিত করার উদ্যোগের পরিপ্রেক্ষিতে সংসদ সদস্যের বিরুদ্ধে এক কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ তোলা হয়েছে। সংগঠনটি মনে করে, এ ধরনের অভিযোগের মাধ্যমে সংসদ সদস্যকে বিতর্কিত করার পাশাপাশি সুনামগঞ্জ—৪ আসনের উন্নয়নকাজ বাধাগ্রস্ত করার চেষ্টা হতে পারে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সুনামগঞ্জ দীর্ঘদিন ধরে উন্নয়নবৈষম্যের শিকার। এই অঞ্চলের সরকারি বরাদ্দ যথাযথভাবে কাজে লাগানো এবং নির্ধারিত সময়ে প্রকল্প বাস্তবায়ন নিশ্চিত করা প্রয়োজন। উন্নয়নকাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা উচিত নয় বলেও মত প্রকাশ করেন সংগঠনের কর্মকর্তারা।
সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে। একইসঙ্গে দুর্নীতি ও অনিয়মবিরোধী কার্যক্রমে সংসদ সদস্য অ্যাডভোকেট নূরুল ইসলাম নূরুলের প্রতি সংহতি জানায় সুনামগঞ্জ চেম্বার অব কমার্স। সরকারি বরাদ্দের সঠিক ব্যবহার নিশ্চিত করতে ব্যবসায়ী সমাজকে জনগণ ও তাঁদের প্রতিনিধিদের সঙ্গে একাত্ম হয়ে কাজ করার অঙ্গীকারের কথাও প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
উপজেলার খবর থেকে আরো পড়ুন