প্রকাশিত: ২৯ অক্টোবর, ২০২৬ ২৩:০০
সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের নীলপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ জহর উদ্দিন (৪৯) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় মো. সিরাজ মিয়া (৬৬) নামের আরও এক সহযোগীকে আসামি করা হয়েছে, যিনি বর্তমানে পলাতক রয়েছেন।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে নীলপুর বাজার এলাকার জহর উদ্দিনের বসতঘরে এই অভিযান চালানো হয়। জব্দকৃত দুই কেজি গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪০ হাজার টাকা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিদর্শক (এসআই) ও মামলার বাদী মো. আতাউর রহমান সজীবের এজাহার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অধিদপ্তরের একটি দল নীলপুর বাজার এলাকায় জহর উদ্দিনের বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় তার বসতঘরের শয়নকক্ষের খাটের নিচ থেকে নীল পলিথিনে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ২ কেজি গাঁজা জব্দ করা হয়। পরে স্থানীয় দুই সাক্ষীর উপস্থিতিতে গাঁজা জব্দসহ জহর উদ্দিনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত জহর উদ্দিন জানান, ঘটনার দিন সকাল ৮টার দিকে মো. সিরাজ মিয়া একটি সিএনজিচালিত অটোরিকশায় করে নীলপুর বাজারে এসে তার কাছে এই গাঁজা বিক্রি করেন। পরবর্তীতে এসব মাদক খুচরা মূল্যে বিক্রির উদ্দেশ্যে তিনি নিজের ঘরে সংরক্ষণ করেছিলেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, পলাতক আসামি সিরাজ মিয়ার বিরুদ্ধে এর আগেও চারটি মাদক মামলা রয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮—এর সংশ্লিষ্ট ধারায় জহর উদ্দিন ও সিরাজ মিয়ার বিরুদ্ধে নিয়মিত মামলার আবেদন করা হয়েছে। মামলাটি বর্তমানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সুনামগঞ্জ জেলা কার্যালয় তদন্ত করছে।
উপজেলার খবর থেকে আরো পড়ুন