প্রকাশিত: ২৯ অক্টোবর, ২০২৬ ২৩:০৪
সঞ্জয় দেব
ফিফা বিশ্বকাপের মঞ্চে পারফর্ম করে আলোচনায় আসার পর এবার বাংলাদেশের দর্শকদের সামনে সংগীত পরিবেশন করতে আসছেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন ডিজে ও সংগীত প্রযোজক সঞ্জয় দেব। আগামী ৫ নভেম্বর ঢাকায় অনুষ্ঠেয় টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ২০২৬—এর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি পারফর্মার হিসেবে মঞ্চ মাতাবেন তিনি।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) নিজের ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় বাংলাদেশে আসার বিষয়টি নিশ্চিত করেন সঞ্জয়। ভিডিও বার্তায় তিনি বলেন, ৫ নভেম্বর আমি ঢাকায় আসছি টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬—এর উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করতে। ঢাকায় ফিরে সবার সঙ্গে দেখা করার জন্য আর তর সইছে না। এটি একটি দুর্দান্ত শো হতে চলেছে। পুরো আয়োজনটি সম্ভব করার জন্য টেকনোকে অনেক ভালোবাসা। এবার আমরা পুরো স্টেডিয়াম কাঁপিয়ে দেব।
২০২৬ ফিফা বিশ্বকাপের মঞ্চে ‘সির সির’ পরিবেশন করে আলোচনায় আসেন সঞ্জয়। ওই অনুষ্ঠানে রয়েল বেঙ্গল টাইগারের ছবি সংবলিত একটি বিশেষ জ্যাকেট পরে নিজের বাংলাদেশি পরিচয়ও তুলে ধরেন তিনি। আন্তর্জাতিক মঞ্চে নিজের সংগীত পরিবেশনার পর এবার বাংলাদেশের দর্শকদের সামনে পারফর্ম করার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত এই সংগীত প্রযোজক।
(1).jpg)
সঞ্জয়কে বাংলাদেশে নিয়ে আসার উদ্যোগ প্রসঙ্গে টেকনো বাংলাদেশের পক্ষ থেকে আইস্মার্টইউ টেকনোলজি বিডি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজওয়ানুল হক বলেন, সঞ্জয় বাংলাদেশের সঙ্গে নিজের শিকড়ের সম্পর্ক অটুট রেখে তাঁর মিউজিককে বিশ্বমঞ্চে নিয়ে গেছেন। টেকনো সাফ চ্যাম্পিয়নশিপে তাঁকে বাংলাদেশে নিয়ে আসতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। ফুটবল ও মিউজিকের এমন এক শক্তি রয়েছে, যা ভৌগোলিক সীমানা পেরিয়ে মানুষকে একত্রিত করে। তাই আমরা চাই, উদ্বোধনী রাতটি দর্শকদের জন্য আনন্দ, উচ্ছ্বাস আর স্মরণীয় মুহূর্তে ভরপুর হয়ে উঠুক, যা তাঁদের মনে থেকে যাবে দীর্ঘদিন।
আয়োজকদের প্রত্যাশা, সঞ্জয় দেবের পরিবেশনা সাফ চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত ও আকর্ষণীয় করে তুলবে। ফুটবলের উন্মাদনার সঙ্গে আন্তর্জাতিক সংগীতের মেলবন্ধনে উদ্বোধনী আয়োজনটি দর্শকদের জন্য স্মরণীয় হয়ে উঠবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। আগামী ৫ থেকে ১৭ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ২০২৬। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের জাতীয় ফুটবল দল এতে অংশ নেবে। টুর্নামেন্টের উদ্বোধনী দিনেই মাঠে নামবে বাংলাদেশ।
সঞ্জয় দেবের জন্ম ১৯৯১ সালের ১৮ ডিসেম্বর মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। তাঁর বেড়ে উঠা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান হোসেতে। তিনি সেখানকার এভারগ্রিন ভ্যালি হাই স্কুল ও ডি আনজা কলেজে পড়াশোনা করেন। পরে সান হোসে স্টেট ইউনিভার্সিটি থেকে ব্যবসায় শিক্ষায় স্নাতক ডিগ্রি অর্জন করেন। তাঁর বাবা সন্তোষ দেব এবং মা মিতা দেব।
সঞ্জয়ের মা মিতা দেব’এর পরিবারের শিকড় সুনামগঞ্জ পৌর শহরের হাছননগরে। সুনামগঞ্জ পৌর শহরের হোসেন বখত চত্বরের বাসিন্দা প্রয়াত ডা. ধীরেন্দ্র দেব চৌধুরীর দুই ছেলে ও তিন মেয়ের মধ্যে মিতা দেব ছিলেন চতুর্থ। মিতা দেব নিজেও একজন সংগীতশিল্পী। সঞ্জয়ের দিদা (নানি) ও সংগীতচর্চার সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর মাসি মুক্তা দেব সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ছাত্রী মিলনায়তন বিষয়ক সম্পাদক ছিলেন। মিতা দেব বর্তমানে পরিবারের সদস্যদের নিয়ে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন।
সঞ্জয় দেব তাঁর সংগীতজীবন শুরু করেন সহযোগী ও নির্বাহী প্রযোজক কুণাল আগরওয়ালের সঙ্গে কাজের মাধ্যমে। লস অ্যাঞ্জেলেসভিত্তিক এই ইলেকট্রনিক সংগীত প্রযোজকের বেশ কয়েকটি কাজ আন্তর্জাতিক অঙ্গনে সাড়া ফেলেছে।
তাঁর পরিচিত সংগীতকর্মগুলোর মধ্যে রয়েছে ‘শাংরি—লা’, ‘ওয়ান ইন এ মিলিয়ন’ ও ‘ম্যান অব দ্য মুন’। ‘শাংরি—লা’ গানটি টপ ৪০ ও ডান্স রেডিও চার্টে স্থান পায়। ২০১৭ সালে আমেরিকান আইডলের গায়ক এলিয়ট ইয়ামিনকে সঙ্গে নিয়ে গানটি প্রকাশ করেন তিনি। ২০২১ সালে GOT7-এর মার্ক টুয়ানের সঙ্গে ‘ওয়ান ইন এ মিলিয়ন’ গান ও এর মিউজিক ভিডিও প্রকাশ করেন। ২০২২ সালে ভারতীয় গায়ক গুরু রান্ধাওয়ার ‘ম্যান অব দ্য মুন’ অ্যালবামের পাঁচটি গান রচনা ও প্রযোজনার সঙ্গে যুক্ত ছিলেন সঞ্জয়।
ফিফা বিশ্বকাপের মঞ্চে ‘সির সির’ পরিবেশনার মাধ্যমে নতুন করে আলোচনায় আসা সঞ্জয়ের এবারের বাংলাদেশ সফর তাই তাঁর সংগীতজীবনের পাশাপাশি দেশের সঙ্গে পারিবারিক শিকড়ের সম্পর্ক তুলে ধরারও একটি উপলক্ষ হয়ে উঠছে। সাফ চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী মঞ্চে তাঁর পারফরম্যান্স দেখার অপেক্ষায় রয়েছেন সংগীত ও ফুটবলপ্রেমীরা।
উপজেলার খবর থেকে আরো পড়ুন