প্রকাশিত: ২৯ অক্টোবর, ২০২৬ ২২:৫৯
স্থানীয় ক্রীড়া সংস্থার নির্বাচন দ্রুত আয়োজনের জন্য দাপ্তরিক চিঠির মাধ্যমে সকল জেলা প্রশাসককে নির্দেশনা দিয়েছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক। ১৫ সেপ্টেম্বরের চিঠিতে অক্টোবর মাসের মধ্যে তফসিল ঘোষণা ও নভেম্বরের মধ্যে নির্বাচন সম্পন্ন করার নির্দেশনা দেয়া হয়। অক্টোবর শেষ হলেও সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা হয়নি। একই অবস্থা উপজেলা ক্রীড়া সংস্থাগুলোর। অক্টোবর শেষ হতে বাকি আর একদিন। এরমধ্যে তফসিল ঘোষণা সম্ভব নয় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা। এতে সঠিক সময়ে নির্বাচন আয়োজন নিয়ে তৈরি হয়েছে শঙ্কা।
১৫ সেপ্টেম্বরে জাতীয় ক্রীড়া পরিষদের চিঠিতে উল্লেখ করা হয়, স্থানীয় ক্রীড়া সংস্থার জন্য নির্ধারিত গঠনতন্ত্রের আলোকে এবং জাতীয় ক্রীড়া পরিষদের উপর অর্পিত ক্ষমতাবলে বিভাগীয় ক্রীড়া সংস্থা, জেলা ক্রীড়া সংস্থা ও উপজেলা ক্রীড়া সংস্থার কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। অ্যাডহক কমিটির প্রধান দায়িত্ব হলো, ক্রীড়া সংস্থার গঠনতন্ত্র মোতাবেক একটি নিরপেক্ষ ও স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠিত করা এবং নির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করা। ইতোমধ্যে বেশ কয়েকটি জেলা ক্রীড়া সংস্থা নির্বাচনের জন্য কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে।
এমতাবস্থায়, স্থানীয় ক্রীড়া সংস্থার গঠনতন্ত্রের নির্ধারিত পদ্ধতি অনুসরণে নির্বাচন সম্পন্নের লক্ষ্যে অক্টোবর মাসের মধ্যে তফশিল ঘোষণা এবং নভেম্বর মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করে প্রতিবেদন প্রেরণের জন্য অনুরোধ করা হয়।
ক্রীড়া সংশ্লিষ্ট কর্তা ব্যক্তিরা জানিয়েছেন, মাঠে খেলা অব্যাহত রাখতে প্রয়োজন সঠিক নেতৃত্ব আর গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে নির্বাচন।
আইনজীবী ক্রীড়াবিদ আহমেদ মুজতবা রাজী বলেন, বিগত বছর মাঠে ক্রিকেট লীগ হয়নি। খেলোয়াড়দের জন্য যে কোন ভাবে সাধারণ দল গঠন করে হলেও খেলার দরকার। না খেললে খেলার চর্চা ও পরিবেশ নষ্ট হয়ে যায়। মাঠে এই খেলা অব্যাহত রাখতে প্রয়োজন সঠিক নেতৃত্ব। ক্রীড়া অঙ্গনে পূর্ণ সময় ব্যয় করতে পারবেন এমন কর্মকর্তা নির্বাচিত করতে হবে। গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখতে সঠিক সময়ে নির্বাচন আয়োজনও গুরুত্বপূর্ণ।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মতিউর রহমান খান বলেন, নির্বাচন আয়োজন নিয়ে ক্রীড়া সংস্থার কমিটি ইতোমধ্যে সভা করেছে। কিছু জটিলতা তৈরি হওয়ায় অক্টোবরে তফসিল ঘোষণা হয় নি। এর অন্যতম কারণ হচ্ছে ক্লাবগুলোর তথ্য হালনাগাদ না এবং উপজেলা থেকে যারা ভোটার হবেন সেই তালিকাও নেই। উপজেলার তালিকা করতে আগে উপজেলা ক্রীড়া সংস্থার নির্বাচন সম্পন্ন করতে হবে। উপজেলা ক্রীড়া সংস্থার নির্বাচিত সেক্রেটারি হবেন জেলার ভোটার। সেই লক্ষ্যে ১৫ দিন সময় হাতে নিয়ে সকল উপজেলাকে নির্বাচন সম্পন্ন করার জন্য বলা হবে। এরপর জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।
উপজেলার খবর থেকে আরো পড়ুন