প্রকাশিত: ০২ নভেম্বর, ২০২৬ ২০:৩০
জামালগঞ্জে বোরো মৌসুমে কৃষকদের চাহিদা অনুযায়ী সার সরবরাহ ও সুষ্ঠু বিতরণ নিশ্চিত করতে সার ও বীজ মনিটরিং সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি অফিসের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রাণী মোদক। উপজেলা কৃষি কর্মকর্তা অভিজিৎ কুমার বিশ্বাসের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপসহকারী কৃষি কর্মকর্তা মো. ইসহাক মিয়া, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলী আক্কাসমুরাদ, সার ডিলার আবুল কালাম, সানোয়ার হোসেন, মুনসুর আহমেদ প্রমুখ।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রাণী মোদক বলেন, বর্তমানে বোরো ধান চাষের মৌসুম চলছে। এ সময়ে কৃষকদের প্রয়োজন অনুযায়ী সার সরবরাহ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষকদের চাহিদা ও কৃষিকাজের সময় বিবেচনায় নিয়ে সার সরবরাহ ও বিতরণ কার্যক্রম পরিচালনা করতে হবে, যাতে সারের অভাবে কোনো কৃষককে ভোগান্তিতে পড়তে না হয়। এ ক্ষেত্রে সার ডিলারদের দায়িত্বশীল ভূমিকা পালন এবং সরকারি নির্দেশনা অনুযায়ী সার বিক্রি নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, মাঠপর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তাদের আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। সারের মজুত, সরবরাহ, মূল্য ও বিতরণব্যবস্থা নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে। উপজেলার কোথাও সারের কৃত্রিম সংকট সৃষ্টি, অতিরিক্ত দামে বিক্রি কিংবা বিতরণে অনিয়মের অভিযোগ পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
সভায় উপজেলা কৃষি অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তারা এবং সার ও বীজ ডিলাররা উপস্থিত ছিলেন।
উপজেলার খবর থেকে আরো পড়ুন