প্রকাশিত: ০২ নভেম্বর, ২০২৬ ২২:৩৭
তাহিরপুর উপজেলার বিভিন্ন হাওরে এখনো পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ফসল রক্ষা বাঁধের প্রি—ওয়ার্ক জরিপের কাজ শুরু হয় নি। অথচ বিগত বছরগুলোতে ১৫ সেপ্টেম্বরের পর থেকেই জরিপের কাজ শুরু হতো।
জানা যায়, জরিপ কাজের ঠিক আগ মুহূর্তে তাহিরপুরের পানি উন্নয়ন বোর্ডের উপ—সহকারী প্রকৌশলী মনির হোসেনকে অন্যত্র বদলি করা হয়। এরপর পার্শ্ববর্তী জামালগঞ্জ উপজেলার উপ—সহকারী প্রকৌশলী জাহিদুল ইসলাম জনিকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে তাহিরপুরের দায়িত্ব দেওয়া হয়। অভিযোগ রয়েছে, দায়িত্ব পাওয়ার পর থেকে তিনি একদিনের জন্যও তাহিরপুরে আসেন নি।
উল্লেখ্য যে হাওরাঞ্চলে বোরো ফসল রক্ষা বাঁধের কাজ সময়মতো শুরু না হলে প্রতি বছর আগাম বন্যায় ফসলহানির আশঙ্কা থাকে। তাই দ্রুত জরিপ শুরু ও প্রকৌশলী পদায়নের দাবি জানিয়েছেন স্থানীয় কৃষকরা।
এ ব্যাপারে উপ—সহকারী প্রকৌশলী জাহিদুল ইসলাম জনি বলেন, পানি উন্নয়ন বোর্ডে একজন উপ—সহকারী প্রকৌশলীর পক্ষে দুই উপজেলার দায়িত্ব পালন করা সম্ভব নয়। আমাকে এমনিতেই একটি চিঠি ধরিয়ে দেওয়া হয়েছে। আশা করছি, কিছুদিনের মধ্যেই তাহিরপুরে নতুন একজন উপ—সহকারী প্রকৌশলী যোগদান করবেন।
এ বিষয়ে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপামনি দেবী বলেন, আমি তাহিরপুরে নতুন যোগদান করেছি। তাহিরপুরের উপ—সহকারী প্রকৌশলীকে বদলির পর সুনামগঞ্জের দুইজন নির্বাহী প্রকৌশলীকেও অন্যত্র বদলি করা হয়েছে। তাহিরপুরে জরুরি ভিত্তিতে একজন উপ—সহকারী প্রকৌশলী পদায়নের জন্য আমি উর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দিয়েছি।
উপজেলার খবর থেকে আরো পড়ুন