খণ্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না: ড. আবেদ চৌধুরী

প্রকাশিত: ০৩ নভেম্বর, ২০২৬ ১৬:০৪

সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এসআইইউ) ইংরেজি বিভাগ আয়োজিত নিয়মিত লেকচার সিরিজ ‘বিয়ন্ড দ্য ক্লাসরুম: এক্সপার্ট ইনসাইটস’ এর দ্বাদশ আসরে বিশিষ্ট বিজ্ঞানী, লেখক ও গবেষক ড. আবেদ চৌধুরী বলেছেন, খণ্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না। আমাদের জীবন স্বচ্ছ ঝরণাধারার মতো নয়; তাই পূর্ণাঙ্গ মানুষ হতে হলে চিরকালীন মানবতাকে হৃদয়ে ধারণ করতে হবে।

 


মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত এই একক বক্তৃতা অনুষ্ঠানে আমন্ত্রিত প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।


পঞ্চব্রীহি ধানের আবিষ্কারক, দেশ—বিদেশে সমাদৃত এ গবেষক তাঁর বক্তব্যে গবেষণা ও শিক্ষার মূল উদ্দেশ্য তুলে ধরে বলেন, গবেষণা ছাড়া শিক্ষা পূর্ণতা পায় না। কেননা গবেষণার মাধ্যমে অর্জিত জ্ঞানই মানুষের কল্যাণে আসে, আর মানবকল্যাণই শিক্ষা গ্রহণের মূল উদ্দেশ্য। ক্লাসরুম হচ্ছে শিক্ষার মহড়া; আমাদের প্রতিনিয়ত শিখতে হবে জীবন থেকে।

 


শিক্ষার্থীদের মাটি ও মানুষের প্রতি দায়বদ্ধতা নিয়ে গবেষণায় এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা সংস্কৃতিতে পরিবর্তন নিয়ে আসতে হবে। শুধু পদোন্নতি বা নিজের স্বার্থের জন্য নয়, গবেষণা হতে হবে সমাজ ও মানুষের জন্য। প্রাণ—প্রকৃতির ভালোবাসা ছাড়া শিক্ষার প্রকৃত উদ্দেশ্য ব্যাহত হয়। শিক্ষা এক আদি ব্যাপার—ভাষা, বিজ্ঞান, সাহিত্য ও সংস্কৃতির সমন্বয়েই শিক্ষা পূর্ণাঙ্গতা লাভ করে।

 


ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক এবং ‘বিয়ন্ড দ্য ক্লাসরুম’ অনুষ্ঠানের কনভেনর স্বাতী রানী দেবনাথের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। তিনি বিভাগের এই ফ্ল্যাগশিপ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের অনুপ্রাণিত হওয়ার বিষয়টি তুলে ধরেন এবং ড. আবেদ চৌধুরীর বর্ণাঢ্য জীবনী পাঠ করে তাঁকে মঞ্চে আমন্ত্রণ জানান।
ড. আবেদ চৌধুরীর ঘণ্টাব্যাপী জীবনঘনিষ্ঠ আলোচনা ও উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বে বিশ্ববিদ্যালয় মিলনায়তনে এক জ্ঞানগর্ভ আবহের সৃষ্টি হয়। বিজ্ঞান, সাহিত্য ও গবেষণাভিত্তিক এ আলোচনা শিক্ষার্থীদের মধ্যে তুমুল উদ্দীপনা জাগায়।

 


অনুষ্ঠানের শেষ পর্যায়ে ধন্যবাদ জ্ঞাপন করেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কোষাধ্যক্ষ অধ্যাপক নিতাই চন্দ্র চন্দ এবং মানবিক অনুষদের ডিন অধ্যাপক মো. শফিউল আলম। ইংরেজি বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক প্রণবকান্তি দেব সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিলেট থেকে আরো পড়ুন

বিজ্ঞাপন

সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার