প্রকাশিত: ০৫ নভেম্বর, ২০২৬ ২২:১১
তাহিরপুরে ইউএনডিপি বাংলাদেশের ডেপুটি আবাসিক প্রতিনিধি সোনালী দায়ারত্না
টাঙ্গুয়ার হাওরের প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষা করতে স্থানীয় জনগণের ভূমিকা জরুরি বলে মন্তব্য করেছেন ইউএনডিপি বাংলাদেশের ডেপুটি আবাসিক প্রতিনিধি সোনালী দায়ারত্না। বৃহস্পতিবার টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ার—সংলগ্ন জয়পুর গ্রামে পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থা (পোহাস) আয়োজিত ‘হাওরের পরিবেশ ব্যবস্থাপনা: টাঙ্গুয়ার হাওরে সম্প্রদায়ভিত্তিক বন পুনরুদ্ধার ও বর্জ্য ব্যবস্থাপনা’ শীর্ষক প্রকল্পের সূচনা ও অংশীজন পরামর্শ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইউএনডিপি—জিইএফ স্মল গ্র্যান্টস প্রোগ্রামের, অপারেশনাল ফেজ—৮—এর সহায়তায় প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।
সোনালী দায়ারত্না বলেন, আমি শ্রীলঙ্কা, থাইল্যান্ড, ভিয়েতনামসহ পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরেছি; কিন্তু হাওরের মতো এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য আর কোথাও দেখিনি। এখানে পর্যটন শিল্প গড়ে উঠেছে, কিন্তু স্থানীয় মানুষরা এর থেকে কতটুকু উপকৃত হচ্ছে, সেটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। পর্যটনের মাধ্যমে স্থানীয় মানুষের উপকার না হলে এবং পরিবেশ সুরক্ষিত না থাকলে এই পর্যটন শিল্প টিকবে না।
তিনি আরও বলেন, সভায় অংশগ্রহণকারীরা পরিবেশ সুরক্ষায় তাঁদের প্রত্যয় ব্যক্ত করেছেন, যা আশাব্যঞ্জক। কমিউনিটির মানুষসহ সবার সম্মিলিত অংশগ্রহণে টাঙ্গুয়ার হাওরের পরিবেশ সুরক্ষিত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাসমির রেজা’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হারুনুর রশিদ এবং দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহমদ মুরাদ। স্বাগত বক্তব্য দেন সংস্থার সদস্য নাহিন নাজনীন। এসময় উপস্থিত ছিলেন ইউএসডিপি'র কর্মসূচি বিশেষজ্ঞ শাহাদাত হোসেন শাকিল, এসজিপি জাতীয় সমন্বয়কারী ড. মুজাম্মেল হক, মিসেস তাহমিনা প্রমুখ।
অনুষ্ঠানে পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সহযোগী সংগঠন ‘ওমেন ফর ওয়েটল্যান্ড’—এর পক্ষ থেকে প্রধান অতিথি সোনালী দায়ারত্নাকে হাওরের নারীদের হাতে তৈরি ঐতিহ্যবাহী শীতল পাটি উপহার দেওয়া হয়। সংগঠনটির সভাপতি সালমা আক্তার, সাংগঠনিক সম্পাদক প্রীতি রানী করসহ সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।
প্রকল্পটির আওতায় টাঙ্গুয়ার হাওরের জলাভূমি পুনরুদ্ধার, দেশীয় হিজল—করচসহ উপযোগী উদ্ভিদের সংরক্ষণ ও রোপণ, জীববৈচিত্র্য রক্ষায় স্থানীয় জনগণের অংশগ্রহণ এবং বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নে কাজ করার পরিকল্পনা রয়েছে।
সভাপতির বক্তব্যে কাসমির রেজা টাঙ্গুয়ার হাওরের পরিবেশ বিপর্যয়ের নানা কারন ও পরিবেশ সুরক্ষার গুরুত্ব তুলে ধরেন। তিনি হাওরের উন্নয়নে বিভিন্ন কর্মসূচি গ্রহনের জন্য ইউএনডিপি ও সরকারকে ধন্যবাদ জানান। একই সাথে এসব প্রকল্প যেন প্রকৃত অর্থে হাওর বাসীর কল্যাণে কাজ করে সেই প্রত্যাশা ব্যক্ত করেন।
সভায় স্থানীয় জনগোষ্ঠী, সরকারি দপ্তর, স্থানীয় সরকার প্রতিনিধি, নারী, তরুণ ও অন্যান্য অংশীজন মতামত তুলে ধরেন। বক্তারা বলেন, একসময় টাঙ্গুয়ার হাওরে প্রচুর মাছ ও অন্যান্য জলজ প্রাণী এবং উদ্ভিদ ছিল। এখন তা বহুলাংশে কমে গেছে। টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় তারা ইউএনডিপি সহ বিভিন্ন উন্নয়ন সংস্থা ও সরকারের কাছে আবেদন জানান।
উপজেলার খবর থেকে আরো পড়ুন