জাতীয় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা ঘোষণার দাবিতে বিক্ষোভ

প্রকাশিত: ০৫ নভেম্বর, ২০২৬ ২২:১৪

জাতীয় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা ঘোষণা, গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়ন, অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিতকরণ এবং সর্বস্তরের শ্রমজীবী মানুষের জন্য রেশনিং ব্যবস্থা চালুর দাবিতে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ন্যূনতম মজুরি ও শ্রম আইন বাস্তবায়ন সংগ্রাম কমিটির উদ্যোগে বৃহস্পতিবার বিকাল ৪টায় শহরের রায়পাড়াস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয় থেকে লাল পতাকাসহ বিক্ষোভ মিছিল বের হয়।

 

মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলফাত স্কয়ারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সংগ্রাম কমিটির যুগ্ম আহ্বায়ক সুরঞ্জিত দাসের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক টিটু দাসের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি সুখেন্দু তালুকদার মিন্টু, সুনামগঞ্জ জেলা হোটেল রেস্তোরাঁ মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়নের সহ—সাধারণ সম্পাদক স্বপন মিয়া, প্রচার সম্পাদক আল আমিন, লিটন দাস, সুশীল দাস ময়না, আঙ্গুর মিয়া ও মতিউর রহমান প্রমুখ।

 


সমাবেশে বক্তারা বলেন, দফায় দফায় গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য লাগামহীনভাবে বেড়ে গেছে। ফলে সাধারণ মানুষ ও শ্রমিক শ্রেণির জীবনযাত্রা চরম দুর্বিষহ হয়ে পড়েছে। বক্তারা অবিলম্বে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে আনা, গ্যাস—বিদ্যুৎ ও জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার এবং শ্রমজীবী মানুষের জন্য স্বল্পমূল্যে সরকারি রেশনিং ব্যবস্থা চালুর জোর দাবি জানান।
সমাবেশ থেকে তৈরি পোশাক খাতের (গার্মেন্টস) শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের চলমান আন্দোলনের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করা হয়। দ্রব্যমূল্যের উর্ধ্বগতির এই বাজারে ন্যায্য দাবির আন্দোলনে শ্রমিকদের উপর রাষ্ট্রীয় নির্যাতন, হামলা ও বাড়ি বাড়ি তল্লাশির তীব্র নিন্দা জানান বক্তারা। একইসঙ্গে গ্রেপ্তারকৃত সকল শ্রমিক নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তি এবং শ্রমিকদের ন্যায়সংগত দাবি মেনে নেওয়ার আহ্বান জানানো হয়।

 


বক্তারা বৈশ্বিক রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে বলেন, বিশ্বব্যাপী সাম্রাজ্যবাদী শক্তিগুলো তাদের অর্থনৈতিক ও অতিউৎপাদন সংকট সামাল দিতে যুদ্ধকে পথ হিসেবে বেছে নিয়েছে এবং বিশ্বকে একটি সম্ভাব্য তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। বাংলাদেশের ভূরাজনৈতিক ও কৌশলগত গুরুত্বের কারণে এ দেশকে কেন্দ্র করে সাম্রাজ্যবাদী প্রতিযোগিতা ও চক্রান্ত তীব্রতর হচ্ছে। এর বিরুদ্ধে শ্রমিক শ্রেণির নেতৃত্বে জাতীয় গণতান্ত্রিক বিপ্লব অগ্রসর করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান বক্তারা।

উপজেলার খবর থেকে আরো পড়ুন

বিজ্ঞাপন

সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার