প্রকাশিত: ০৫ নভেম্বর, ২০২৬ ২২:২৯
মাদক, গরু চুরি, চোরাচালান, সুদের কারবার ও অনলাইন জুয়ার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাহাঙ্গীরনগর, সুরমা ও রঙ্গারচর ইউনিয়নের বাসিন্দারা। অপরাধ দমনে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় জাহাঙ্গীরনগর ইউনিয়নের মঙ্গলকাটা উচ্চ বিদ্যালয় মাঠে মাদক, জুয়া, চোরাকারবারি ও চোরের বিরুদ্ধে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে তিন ইউনিয়নের বাসিন্দাদের উদ্যোগে ‘মাদক ও চুরির বিরুদ্ধে প্রতিরোধ আহ্বায়ক কমিটি’ গঠন করা হয়।
রঙ্গারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কমিটির আহ্বায়ক আব্দুল হাইয়ের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক ছাত্রনেতা রেজল করিম, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সোহেল আহমেদ, জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রশিদ, সুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খুরশেদ আলম, সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি রতন সেখ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. আতাউর রহমান সজীব।
সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও জাহাঙ্গীরনগর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম এবং ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল লতিফ যৌথভাবে সভা সঞ্চালনায় সমাবেশে বক্তারা বলেন, প্রশাসনের সহযোগিতায় স্থানীয় মানুষ ঐক্যবদ্ধ হলে চুরি ও মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধ সম্ভব। পরিবারের কেউ মাদকে জড়িয়ে পড়লেও তাকে সংশোধনের উদ্যোগ নিতে হবে। তবে কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেন।
বক্তারা আরও বলেন, এলাকায় গরু চুরি ও প্রকাশ্যে মাদক সেবন প্রতিরোধে এ কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। মঙ্গলকাটা বাজারের নিরাপত্তায় রাতের টহল জোরদার ও সিসিটিভি ক্যামেরা স্থাপন প্রয়োজন। বাজারে পুলিশ ক্যাম্প স্থাপনের জন্য সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল প্রস্তাব দিয়েছেন। পাশাপাশি নদীর উত্তর পাড়ে পুলিশ ক্যাম্প প্রতিষ্ঠার দাবিও জানান বক্তারা।
উপজেলার খবর থেকে আরো পড়ুন