প্রকাশিত: ০৫ নভেম্বর, ২০২৬ ২২:৩৭
জমি বিক্রি না করায় ফলন্ত ফসল কেটে নেওয়ার অভিযোগ
দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের চেলা নদীর পাড়ে বালু উত্তোলনে বাধা দেওয়ায় এক কৃষকের জমি দখলের চেষ্টা এবং ফলন্ত ফসল কেটে নষ্ট করার অভিযোগ উঠেছে। প্রভাবশালী একটি চক্রের কাছে জমি বিক্রি করতে রাজি না হওয়ায় ভুক্তভোগী পরিবারকে ভয়ভীতি ও হত্যার হুমকি দেওয়া হচ্ছে বলে জানা গেছে। পরিবারের জীবিকার একমাত্র অবলম্বন কৃষিজমির ফসল নষ্ট হয়ে যাওয়ায় চরম অনিশ্চয়তায় পড়েছেন ভুক্তভোগীরা।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) ভোর ৬টার দিকে উপজেলার নরসিংপুর ইউনিয়নের চেলা নদীর পাড়ে পূর্ব চাইরগাঁও গ্রামে এই ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় তিন যুগ আগে চেলা নদীর পাড়ে পূর্ব চাইরগাঁও গ্রামের আব্দুল বারীর কাছ থেকে এই জমি ক্রয়সূত্রে মালিক হন একই গ্রামের কামাল উদ্দিন মাস্টার। জমি কেনার পর থেকে সেখানে বসতভিটা নির্মাণ ও কৃষিকাজ করে আসছেন তারা। দীর্ঘদিন ধরে নির্বিঘ্নে ভোগদখল করে আসলেও সম্প্রতি চেলা নদীতে নিয়মবহির্ভূতভাবে ড্রেজার ও সেভ মেশিন দিয়ে বালু উত্তোলন শুরু হলে নদীর পাড়ের এসব জমির বাণিজ্যিক মূল্য বহুগুণ বেড়ে যায়। এরপর থেকেই প্রভাব খাটিয়ে জমি দখল করে বালু উত্তোলনের চেষ্টা চালিয়ে আসছে একটি পক্ষ। কয়েক মাস আগে স্থানীয় শফিক মিয়া ও তার সহযোগীরা ওই জমিতে বালু উত্তোলনের চেষ্টা করলে জমির মালিকরা বাধা দেন। পরবর্তীতে বিষয়টি সমাধানের জন্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে একটি সালিশি বৈঠকের আয়োজন করা হয় এবং দ্বিতীয় আরেকটি বৈঠকের দিন ধার্য করা হয়।
অভিযোগকারীদের দাবি, দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার আগেই গত বুধবার (৪ নভেম্বর) লাঠিসোঁটাসহ একদল লোক জমিতে গিয়ে খুঁটি স্থাপন করে জমি দখলের চেষ্টা চালায় এবং চাষিদের উচ্ছেদ করার হুমকি দেয়। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (৫ নভেম্বর) ভোর ৬টার দিকে অভিযুক্তরা অতর্কিতভাবে জমিতে প্রবেশ করে সমস্ত ফলন্ত ফসল কেটে নষ্ট করে দেয়।
ভুক্তভোগী সানোয়ার হোসেন অভিযোগ করে বলেন, বুধবার তারা জমিতে খুঁটি স্থাপন করে দখলের চেষ্টা চালায় এবং বৃহস্পতিবার সকালে এসে সব ফসল কেটে নষ্ট করে ফেলে। তারা নদীর পাড়ে অস্ত্রশস্ত্র মজুত রেখেছে বলে আমাদের হুমকি দিচ্ছে। আমরা এখন জীবন নিয়ে চরম শঙ্কায় আছি।
ক্ষতিগ্রস্ত অজুফা ও মুমেনা বেগম বলেন, বুধবার দিনে দুপুরে রহিম আলী ও শফিকের নেতৃত্বে ৫০ থেকে ১০০ জন লোক আমাদের জমিতে এসে দখলের চেষ্টা করে। আমরা বাধা দিলে বাড়ি থেকে তুলে নেওয়ার হুমকি দেয়। বৃহস্পতিবার সকালে জমির ফলন্ত ফসল নষ্ট করে দেয়। এখানে চাষাবাদ করলে হত্যা করা হবে বলেও শাসিয়ে যায়। জমির ফসলের ওপরই আমাদের পুরো পরিবার নির্ভরশীল। এখন এই জমিটুকু কেড়ে নেওয়া হলে পরিবার নিয়ে পথে বসতে হবে।
অন্যদিকে অভিযুক্তদের একজন আলিম উদ্দিন এ সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন।
তবে ঘটনার সত্যতা নিশ্চিত করে দোয়ারাবাজার থানার ওসি তরিকুল ইসলাম তালুকদার বলেন, জমি দখলের চেষ্টা ও ফসল নষ্টের অভিযোগে থানায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক তদন্তে ফসল নষ্টের সত্যতা পেয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
দোয়ারাবাজার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম এ বিষয়ে বলেন, বালু উত্তোলনের উদ্দেশ্যে জায়গা দখলের চেষ্টায় ফসল নষ্ট করার ঘটনাটি অত্যন্ত অমানবিক ও দুঃখজনক। ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপজেলার খবর থেকে আরো পড়ুন