প্রকাশিত: ০৬ নভেম্বর, ২০২৬ ২২:১৭
ওয়েজখালি বাজার
সুনামগঞ্জ পৌর শহরের জনবহুল এলাকা ওয়েজখালি বাজার। প্রতিদিন এই বাজারে কেনাকাটা করতে আসেন হাজারো মানুষ। রয়েছে অসংখ্য ব্যবসাপ্রতিষ্ঠান ও মার্কেট। বিশেষ করে বাজারের মসজিদসংলগ্ন মার্কেটটি ক্রেতা—বিক্রেতাদের পদচারণায় সব সময় মুখর থাকে। তবে এই মার্কেটের সামনেই দীর্ঘদিন ধরে জমে আছে ময়লা—আবর্জনার বিশাল স্তূপ। এতে ছড়াচ্ছে দুর্গন্ধ, দূষিত হচ্ছে পরিবেশ। চরম ভোগান্তিতে পড়ছেন ব্যবসায়ী, ক্রেতা, পথচারী ও মসজিদে নামাজ পড়তে আসা মুসল্লিরা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, মসজিদ ঘেঁষে মার্কেটের সামনে ময়লা আবর্জনার এক বিশাল স্তূপে অসংখ্য গরু এইসব ময়লায় জমানো কলার বাকল, পঁচা ফল খাচ্ছে। অপরদিকে পঁচা দুর্গন্ধ বের হয়ে চারদিকের পরিবেশ নষ্ট করছে।
(1).jpg)
স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, দীর্ঘ ১০ থেকে ১৫ বছর ধরে এ স্থানে ময়লা—আবর্জনা ফেলা হচ্ছে। প্রতিদিন আশপাশের বিভিন্ন দোকান থেকে এখানে বর্জ্য ফেলা হয়। ফলে দিন দিন ময়লার স্তূপ বড় হচ্ছে। পচা আবর্জনা থেকে ছড়ানো দুর্গন্ধে স্বাভাবিকভাবে চলাচল করাও কঠিন হয়ে পড়েছে। পাশাপাশি পরিবেশ দূষণের কারণে বিভিন্ন রোগবালাই ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।
ওয়েজখালি বাজারের সেবা ফার্মেসির ডা. বায়েজিদ বলেন, এই মার্কেটের সামনে অনেক দিন ধরে ময়লা—আবর্জনার স্তূপ রয়েছে। প্রতিদিনই কেউ না কেউ এখানে ময়লা ফেলছেন। এই রাস্তা দিয়ে অনেক মুসল্লি নিয়মিত মসজিদে নামাজ পড়তে যান। মার্কেটে কেনাকাটা করতে আসা মানুষকেও ভোগান্তিতে পড়তে হয়। পচা দুর্গন্ধের কারণে অনেককে নাক চেপে ধরে চলাচল করতে হচ্ছে। এতে আশপাশের পরিবেশ নষ্ট হচ্ছে এবং রোগবালাই ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। তিনি এ বিষয়ে দ্রুত পৌর কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেন।
জিএস ডিজিটাল স্টুডিওর রোপন মিয়া জানান, তাঁদের ব্যবসাপ্রতিষ্ঠানের সামনেই ময়লা—আবর্জনার বিশাল স্তূপ। দুর্গন্ধের কারণে ক্রেতারা দোকানে আসতে চান না। এতে ব্যবসা—বাণিজ্য পরিচালনা করাও কঠিন হয়ে পড়েছে। প্রায় ১০ থেকে ১৫ বছর ধরে তাঁরা এ পরিস্থিতির মধ্যে রয়েছেন। বিষয়টি একাধিকবার পৌরসভায় জানানো হলেও কোনো সুফল পাননি বলে অভিযোগ করেন তিনি। দ্রুত ময়লা অপসারণ করে ওয়েজখালি বাজারের পরিবেশ ফিরিয়ে দেওয়ার দাবি জানান এই ব্যবসায়ী।
কাপড় ব্যবসায়ী সিকান্দর আলী জানান, ময়লার স্তূপটি তাঁদের দোকানের একেবারে সামনে। পচা দুর্গন্ধের মধ্যে প্রতিনিয়ত চলাফেরা ও ব্যবসা করতে হচ্ছে। এ কারণে ক্রেতারাও দোকানে আসতে অনীহা প্রকাশ করছেন। আশপাশের কাঁচামালের দোকানিরা এখানে ময়লা ফেলছেন বলে অভিযোগ তাঁর। এতে প্রতিনিয়ত পরিবেশ দূষিত হচ্ছে। দ্রুত ময়লা অপসারণ করে এলাকাটি পরিষ্কার—পরিচ্ছন্ন রাখার জন্য পৌর কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।
এ বিষয়ে সুনামগঞ্জ পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা সন্তোষ কুমার দাস বলেন, শহর পরিষ্কার—পরিচ্ছন্ন রাখতে পৌরসভা কাজ করছে। প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। আগামী শনিবার এবং তার পরের শনিবার শহরের অন্যান্য এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার সিদ্ধান্ত রয়েছে। আশা করছি, তৃতীয় সপ্তাহের শনিবার ওয়েজখালি এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে। ওই সময় ময়লা—আবর্জনার স্তূপগুলোও পরিষ্কার করা হবে।
উপজেলার খবর থেকে আরো পড়ুন