এবার তুরস্ক যাচ্ছেন রাজীব চৌধুরী

প্রকাশিত: ০৯ নভেম্বর, ২০২৬ ১৫:১৭

বিশ্ব জলবায়ু সম্মেলন

বিশ্ব জলবায়ু সম্মেলনে আজারবাইজান, ব্রাজিলের পর এবার তরুস্কে (কপ-৩১) যাচ্ছেন সিলেটের প্রকাশক, লেখক ও পরিবেশকর্মী রাজীব চৌধুরী। ৯ নভেম্বর থেকে ২০ নভেম্বর তুরস্কের আনতালিয়া এক্সপো সেন্টারে অনুষ্ঠিত হবে এ সম্মেলন। এতে বিশ্বের বিভিন্ন দেশের সরকারি প্রতিনিধি, গবেষক, লেখক, সাংবাদিক, পরিবেশবিদ ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেবেন। 

 


সোমবার (৯ নভেম্বর) রাত ৯টা ২০ মিনিটের ফ্লাইটে রাজীব চৌধুরী তুরস্কের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে। রাজীব চৌধুরী বাংলাদেশ প্যাভিলিয়নসহ গ্রিন ও ব্লু জোনে বিভিন্ন দেশের আয়োজিত কর্মসূচি ও আলোচনায় অংশ নেবেন।

 


জানা গেছে, জলবায়ু সংকট মোকাবিলা, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য অর্থায়ন ও নেট জিরো লক্ষ্যমাত্রা বাস্তবায়ন এবারের আলোচনায় গুরুত্ব পাবে। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদেরও এতে অংশ নেওয়ার কথা রয়েছে। বাংলাদেশ জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ ও অর্থায়নের দাবি তুলে ধরবে।


চৈতন্য প্রকাশনের স্বত্বাধিকারী রাজীব চৌধুরী এই নিয়ে একটানা তৃতীয়বার বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিচ্ছেন। এর আগে ব্রাজিলের বেলেম শহরে কপ-৩০ এবং আজারবাইজানের বাকুতে কপ-২৯ সম্মেলনে অংশ নিয়েছেন। এসব আয়োজনে সিলেট অঞ্চলের পরিবেশগত সংকট ও প্রাকৃতিক বৈচিত্র্য সংরক্ষণের বিষয়টি তুলে ধরেন তিনি। সম্মেলনের অভিজ্ঞতা নিয়ে বাংলাদেশের বিভিন্ন টেলিভিশনের আলোচনা অনুষ্ঠানেও অংশ নিয়েছেন।
এবারের বিশ্ব জলবায়ু সম্মেলনে সিলেটের হাওর, নদী, টিলা, বনাঞ্চল ও জীববৈচিত্র্যের ওপর জলবায়ু পরিবর্তন এবং অপরিকল্পিত উন্নয়নের প্রভাব তুলে ধরে আন্তর্জাতিক পরিবেশবাদী ও নীতিনির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করতে চান তিনি। বিশেষ করে প্রাকৃতিক সম্পদের ক্ষয়, জলাভূমির সংকট এবং স্থানীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকার বিষয়গুলো তার আলোচনায় গুরুত্ব পাবে।

 


সাহিত্যচর্চার পাশাপাশি রাজীব চৌধুরী দীর্ঘদিন ধরে পরিবেশ আন্দোলন ও স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত। তিনি সিলেটে 'ধরিত্রী রক্ষায় আমরা' (ধরা) সংগঠক ও সদস্য। একজন ভ্রমণলেখক হিসেবেও পরিচিত তিনি। বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে জাতীয় দৈনিক ও সাময়িকীতে তাঁর ভ্রমণকাহিনি প্রকাশিত হয়েছে। তার প্রতিষ্ঠিত চৈতন্য প্রকাশন প্রায় এক যুগ ধরে বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের লেখক, সাহিত্যিক ও কবিদের গ্রন্থ প্রকাশ করে আসছে। অমর একুশে বইমেলায় নিয়মিত অংশগ্রহণের পাশাপাশি প্রতিষ্ঠানটি ঢাকা ও সিলেটে সাহিত্য আড্ডা, সৃজনশীল আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে থাকে।

 


তুরস্ক যাত্রার প্রাক্কালে রাজীব চৌধুরী জানান, জলবায়ু সম্মেলনে এই তৃতীয়যাত্রায় কপ-২৯ থেকে কপ ৩১-এর অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশের তরুণদের নিয়ে পরিবেশ সুরক্ষায় স্বেচ্ছাসেবী উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে পরিবেশ ও জীববৈচিত্র্যবিষয়ক বই প্রকাশ, পাঠচক্র, ভ্রাম্যমাণ পাঠাগার, জলবায়ু সাহিত্যচর্চা এবং সিলেটের প্রাকৃতিক ঐতিহ্য নিয়ে আলোকচিত্র ও গবেষণাধর্মী প্রকাশনা অন্যতম। এসব উদ্যোগের লক্ষ্য তরুণ প্রজন্মের মধ্যে পরিবেশ সচেতনতা ও সামাজিক দায়বদ্ধতা গড়ে তোলা।

 


ঘোষণা: বিশ্ব জলবায়ু সম্মেলন থেকে সুনামগঞ্জের খবরে লিখেছেন রাজীব চৌধুরী। এবারও তুরস্ক থেকে নিয়মিত লিখবেন। জলবায়ু সম্মেলন ও ভ্রমণবিষয়ক লেখা পড়তে চোখ রাখুন।

সিলেট থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার