প্রকাশিত: ১০ নভেম্বর, ২০২৬ ২২:৪৯
১৯৮৭ সালের ১০ নভেম্বর স্বৈরাচারবিরোধী আন্দোলনে ঢাকার রাজপথে পুলিশের গুলিতে শহীদ হন নূর হোসেন। তাঁর আত্মত্যাগের মধ্য দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন আরও বেগবান হয়। সেই আন্দোলনে সরাসরি অংশ নেওয়া সুনামগঞ্জের সাবেক দুই ছাত্রনেতা স্মৃতিচারণ করেছেন সেদিনের রাজপথের অভিজ্ঞতা, ছাত্রসংগঠনগুলোর ভূমিকা এবং গণতন্ত্র প্রতিষ্ঠার প্রত্যাশা নিয়ে দৈনিক সুনামগঞ্জের খবরের বিশেষ আয়োজন ‘খবরনামা’য় কথা বলেছেন জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক আহ্বায়ক নাদীর আহমদ ও সাবেক সভাপতি রেজাউল হক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দৈনিক সুনামগঞ্জের খবরের সহকারী সম্পাদক জাহাঙ্গীর আলম।
দৈনিক সুনামগঞ্জের খবর: ১৯৮৭ সালের ১০ নভেম্বর ঢাকার রাজপথে আপনাদের উপস্থিতি কীভাবে হয়েছিল? আন্দোলনে যুক্ত হওয়ার প্রেক্ষাপট জানতে চাই।
নাদীর আহমদ: ১৯৮৭ সালের ২৪ অক্টোবর তৎকালীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রথমবারের মতো সুনামগঞ্জ সফর করেন। সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জনসভা থেকে ১০ নভেম্বর ঢাকা অবরোধ কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়। এরশাদের পতন ও সামরিক শাসনের অবসানের দাবিতে ওই কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। সেই আহ্বানে সাড়া দিয়ে প্রতিকূল পরিস্থিতির মধ্যেও আমি ও আমার সহযোদ্ধা রেজাউল হক লঞ্চ, বাস ও ট্রেনে ঢাকায় পৌঁছাই।
ঢাকায় গিয়ে আমরা আমাদের তৎকালীন নেতা মরহুম ওয়াকিবুর রহমান গিলমানের নেতৃত্বে মির্জা আব্বাসের বাসা থেকে শাপলা চত্বরে যাই। সেখানে বেগম খালেদা জিয়ার বক্তব্যের পর মিছিল শুরু হলে আমরাও অংশ নিই। মিছিলটি মতিঝিলের একটি ভবনের সামনে পৌঁছালে বোমা বিস্ফোরণ এবং পুলিশ ও বিডিআরের গুলিবর্ষণ শুরু হয়। এতে মিছিলের লোকজন ছত্রভঙ্গ হয়ে পড়েন।
দৈনিক সুনামগঞ্জের খবর: নূর হোসেনের আত্মত্যাগের দিনটি আপনারা কীভাবে দেখেছিলেন? সেদিনের কোনো বিশেষ স্মৃতি কি এখনো মনে দাগ কাটে?
রেজাউল হক: ১০ নভেম্বরের সেই দিনের স্মৃতি মনে হলে এখনো আবেগাপ্লম্নত হয়ে পড়ি। ৯ নভেম্বর আমরা ঢাকার শহীদ মিনারের পাশে নূর হোসেনকে দেখেছিলাম। তাঁর বুকে ও পিঠে লেখা ছিলÑ‘গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক’। সেই দৃশ্য আমাদের মনে গভীরভাবে দাগ কেটেছিল।
দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য তাঁর আত্মত্যাগ ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেদিন ঢাকায় শুধু বিএনপি নয়, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও নিজ নিজ কর্মসূচি নিয়ে আন্দোলনে অংশ নিয়েছিলেন।
দৈনিক সুনামগঞ্জের খবর: সেদিনের মিছিল ও পুলিশের দমন—পীড়নের পরিস্থিতি কেমন ছিল? প্রত্যক্ষ অভিজ্ঞতা থেকে কিছু বলুন।
নাদীর আহমদ: মিছিলের মধ্যে আমি ও রেজাউল একে অপরের হাত ধরে ছিলাম। বোমা বিস্ফোরণ ও গুলিবর্ষণ শুরু হলে আমরা জনতার স্রোতে একটি গ্যারেজে আশ্রয় নিই। এর আগে আমাদের সামনেই অনেক মানুষকে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়তে দেখেছি। কেউ হাতে, কেউ পায়ে, আবার কেউ শরীরের বিভিন্ন স্থানে গুলিবিদ্ধ হয়েছিলেন।
পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে কোন দিকে গেলে নিরাপদ থাকা যাবে, তা বোঝার উপায় ছিল না। সেদিন আমরাও গুলিবিদ্ধ হতে পারতাম। নূর হোসেনের আত্মত্যাগ ও গণতন্ত্রের প্রতি তাঁর অঙ্গীকারের কথা মনে হলে আজও শিহরিত হই।
পরদিন বেগম খালেদা জিয়াকে পুলিশের গাড়িতে করে নিয়ে যাওয়ার দৃশ্যও আমাদের মনে আছে। তাঁকে নিয়ে যাওয়ার সময় নেতাকর্মীরা আবেগাপ্লম্নত হয়ে পড়েন। সাগরিকা হোটেলের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষ ও ধাওয়া—পাল্টাধাওয়ার ঘটনাও ঘটে। সেদিনের ঘটনাগুলো এখনো স্পষ্ট মনে আছে।
দৈনিক সুনামগঞ্জের খবর: স্বৈরাচারবিরোধী আন্দোলনে ছাত্রদলসহ ছাত্রসংগঠনগুলোর ভূমিকা কেমন ছিল? আন্দোলন সংগঠিত করতে কী ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছে?
রেজাউল হক: এরশাদবিরোধী আন্দোলনে ছাত্রসংগঠনগুলো মুখ্য ভূমিকা পালন করেছে। দীর্ঘ আট—নয় বছর ধরে চলা আন্দোলনে ছাত্রদল, ছাত্রলীগসহ বিভিন্ন ছাত্রসংগঠন সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের ব্যানারে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছে। ১০ নভেম্বরের অবরোধ ছিল সেই আন্দোলনের একটি ঐতিহাসিক কর্মসূচি।
তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী ছাত্রদল শক্তিশালী অবস্থানে ছিল। ছাত্রসংগঠনগুলোর ঐক্য ও ধারাবাহিক আন্দোলনের মধ্য দিয়ে শেষ পর্যন্ত ১৯৯০ সালের ৬ ডিসেম্বর এরশাদ সরকারের পতন ঘটে। সেই আন্দোলনে ছাত্রসমাজের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।
দৈনিক সুনামগঞ্জের খবর: তখনকার আন্দোলনে ছাত্রদলসহ ছাত্রসংগঠনগুলোর ঐক্য ও ভূমিকা কীভাবে আন্দোলনকে এগিয়ে নিয়েছিল?
নাদীর আহমদ: এরশাদবিরোধী আন্দোলনের সূচনা হয়েছিল ছাত্রসমাজের মধ্য দিয়ে। ১৯৮৩ সালের মধ্য ফেব্রুয়ারিতে মজিদ খানের শিক্ষানীতির বিরুদ্ধে ছাত্রসমাজ আন্দোলনে নামে। সেই আন্দোলনে জাফর, জয়নাল, দীপাল ও শাহাদাত শহীদ হন। পরে ছাত্রদলের অনেক নেতাকর্মীও আন্দোলনে নির্যাতনের শিকার হন।
সামরিক শাসনের বিরুদ্ধে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ছাত্রসমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে ছাত্রদলের পূর্ণ প্যানেল বিজয়ের পর আন্দোলন আরও সংগঠিত হয়। পরবর্তী সময়ে শহীদ নূর হোসেন ও শহীদ ডা. মিলনের হত্যাকাণ্ড আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যায়।
বিশেষ করে শহীদ জেহাদের মৃত্যুর পর ২২টি ছাত্রসংগঠন তাঁর লাশের পাশে দাঁড়িয়ে ঐক্যবদ্ধ আন্দোলনের শপথ নেয়। এর ফলে ছাত্রসমাজের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল ও সাধারণ মানুষও আন্দোলনে সম্পৃক্ত হন। একপর্যায়ে এরশাদ পদত্যাগ করতে বাধ্য হন।
দৈনিক সুনামগঞ্জের খবর: তিন দশকের বেশি সময় পেরিয়ে গেছে। নূর হোসেন যে গণতন্ত্রের স্বপ্ন দেখেছিলেন, তা কতটা বাস্তবায়িত হয়েছে বলে মনে করেন?
রেজাউল হক: নূর হোসেনের পাশাপাশি সেদিন আরও অনেকে শহীদ হয়েছেন। তাঁদের মধ্যে নুরুল হুদা বাবুল, কৃষক নেতা আমিনসহ অনেকে ছিলেন। তাঁদের আত্মত্যাগের পেছনে উদ্দেশ্য ছিল দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা, মানুষের শান্তি—শৃঙ্খলা ও মানবাধিকার নিশ্চিত করা এবং স্বাধীন বিচারব্যবস্থা প্রতিষ্ঠা।
কিন্তু এত বছর পরও আমরা সেই প্রত্যাশা পুরোপুরি অর্জন করতে পারিনি। মানুষের গণতান্ত্রিক অধিকার, শিক্ষার উন্নয়ন, বিচারব্যবস্থা ও মানবাধিকারের ক্ষেত্রে অনেক কিছুই বাকি রয়েছে। আমরা আশা করি, ভবিষ্যতে মানুষের কাঙ্ক্ষিত অধিকার প্রতিষ্ঠিত হবে।
দৈনিক সুনামগঞ্জের খবর: নূর হোসেনের মিছিলে আপনারাও ছিলেন। সেদিনের অভিজ্ঞতার পর প্রায় চার দশক পেরিয়ে গণতন্ত্রের অগ্রগতি সম্পর্কে আপনার মূল্যায়ন কী?
নাদীর আহমদ: ৩৯ বছর পেরিয়ে গেলেও ছাত্রসমাজের কাঙ্ক্ষিত গণতন্ত্রের স্বাদ এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি। বারবার গণতন্ত্র বাধাগ্রস্ত হয়েছে। কখনো অগ্রগতি হয়েছে, আবার কখনো পিছিয়ে গেছে।
১৯৯১ সালে বিএনপি সরকার গঠনের পর ছাত্রসমাজের ১০ দফা কর্মসূচির কয়েকটি দাবি বাস্তবায়িত হয়েছিল। এর মধ্যে প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করার বিষয়টি উল্লেখযোগ্য। শিক্ষায় বরাদ্দ বাড়ানোসহ আরও কিছু দাবি ছিল। তবে অনেক প্রত্যাশা এখনো পূরণ হয়নি। এ ক্ষেত্রে শুধু একটি রাজনৈতিক দল নয়, আন্দোলনের সঙ্গে যুক্ত সব পক্ষেরই দায়িত্ব রয়েছে।
আজও গণতন্ত্র ও মানুষের অধিকার নিয়ে কথা বলতে হচ্ছে। আমরা আশা করি, ভবিষ্যতে রাজনৈতিক নেতৃত্ব জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে এবং মানুষের মধ্যে নেতৃত্ব ও সরকারের প্রতি আস্থার পরিবেশ তৈরি হবে।
দৈনিক সুনামগঞ্জের খবর: বর্তমান প্রজন্মের তরুণদের কাছে নূর হোসেনের আত্মত্যাগ ও ১০ নভেম্বরের আন্দোলনের কী বার্তা থাকা উচিত?
রেজাউল হক: নূর হোসেনের সাহস, আত্মত্যাগ ও গণতন্ত্রের প্রতি অঙ্গীকার থেকে ভবিষ্যৎ প্রজন্মের তরুণদের শিক্ষা নিতে হবে। দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী গণতন্ত্র প্রতিষ্ঠায় তরুণদের ভূমিকা রাখতে হবে। অন্যায় ও স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে সাহসের সঙ্গে দাঁড়ানোর শিক্ষা নূর হোসেনের আত্মত্যাগ আমাদের দিয়ে গেছে।
এরশাদবিরোধী আন্দোলনের সময় সুনামগঞ্জেও সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হয়েছিল। আমি ও নাদীর আহমদ সেই আন্দোলনে যুক্ত ছিলাম। তখন রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মীরা একসঙ্গে আন্দোলন করেছেন। সেই ঐক্য ও সাহসের স্মৃতি ধরে রেখে গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে।
উপজেলার খবর থেকে আরো পড়ুন