প্রকাশিত: ১০ নভেম্বর, ২০২৬ ২৩:০৫
ভাটি অঞ্চলের হাওর—বাঁওড় চষে বেড়ানোর জন্য খ্যাতি ছিল তাঁর। ১৯৭১ সালে সুনামগঞ্জের হাওরাঞ্চলে গেরিলা যুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন তিনি। অস্ত্র হাতে লড়ে দিরাই, শাল্লা, তাহিরপুর, জগন্নাথপুর ও নেত্রকোনার খালিয়াজুড়ির হাওর অঞ্চলকে স্বাধীন করতে বিশেষ অবদান রেখেছিলেন। তিনি বীর মুক্তিযোদ্ধা—সাংবাদিক সালেহ চৌধুরী। আজ তাঁর জন্মবার্ষিকী। ১৯৩৬ সালের ১১ নভেম্বর দিরাই উপজেলার গচিয়া গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে তাঁর জন্ম।
তিনি একাধারে ছিলেন বীর মুক্তিযোদ্ধা, বরেণ্য সাংবাদিক, কলাম লেখক, চিত্রশিল্পী, সংগঠক, সমাজসেবক ও পরোপকারী। কবিতা লিখেছেন, শিশুদের জন্য ছড়া লিখেছেন, ছবি এঁকেছেন, পত্রপত্রিকার জন্য কার্টুন এঁকেছেন এবং লিখেছেন মুক্তিযুদ্ধের স্মৃতিচারণামূলক গ্রন্থ। সরাসরি যুদ্ধে যোগ দেওয়া সাংবাদিকের সংখ্যা হাতে গোনা। সালেহ চৌধুরী তাঁদেরই একজন, যিনি কলম ছেড়ে অস্ত্র ধরেছিলেন।
নিজ গ্রামের পাশাপাশি মৌলভীবাজার, সিলেট ও লাহোরে পড়াশোনা করেন তিনি। বিএ পাসের পর চিত্রকলার দিকে আকৃষ্ট হন। লাহোরের পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগে পড়ে ১৯৬৩ সালে এমএ পাস করে ঢাকায় ফেরেন। তিনি দৈনিক বাংলা, সান্ধ্য দৈনিক আওয়াজ, দৈনিক পাকিস্তানসহ বিভিন্ন পত্রিকায় কাজ করেছেন, কলামও লিখতেন। সম্পাদনা করেছেন সাপ্তাহিক ‘ইশারা’। কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি এবং দাবা ফেডারেশনের সাবেক কর্মকর্তা হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
কবি শামসুর রাহমানের ঘনিষ্ঠজন ছিলেন তিনি। লেখক হুমায়ূন আহমেদের সঙ্গেও তাঁর সখ্য ছিল, যিনি শ্রদ্ধাভরে তাঁকে ‘নানাজী’ বলে ডাকতেন। দাবার সঙ্গে ছিল তাঁর আজীবন সখ্য। শুধু খেলতেনই না, দাবারুও গড়তেন। গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদের খ্যাতির পেছনে ছিলেন তিনি, এই খেলোয়াড়কে নিয়ে একটি বইও লিখেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের সামনের দৃঢ় প্রত্যয়, অঙ্গীকার ও প্রতিরোধের প্রতীক ভাস্কর্যটির নাম ‘অপরাজেয় বাংলা’ দিয়েছিলেন সালেহ চৌধুরী। এর স্থপতি ছিলেন বৃহত্তর সিলেটের আরেক কৃতী সন্তান সৈয়দ আবদুল্লাহ খালিদ।
১৯৫২ সালে মৌলভীবাজার কাশীনাথ আলাউদ্দিন উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র থাকাকালে ভাষা আন্দোলনের সময় বন্ধুদের সঙ্গে পোস্টার লিখেছিলেন তিনি এবং মৌলভীবাজার পৌর পার্কের ছাত্র সমাবেশে যোগ দিয়েছিলেন। ছাত্রজীবনে সমাজতন্ত্রে বিশ্বাসী হলেও পরবর্তী জীবনে সক্রিয় রাজনীতি করেননি। শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বাধীন একাত্তরের ঘাতক—দালাল নির্মূল কমিটিতে সক্রিয় ছিলেন তিনি। ১৯৯২ সালে সোহরাওয়ার্দী উদ্যানে যুদ্ধাপরাধীদের প্রতীকী বিচারের গণআদালতের অন্যতম সাক্ষী ছিলেন। পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায়ও সাক্ষ্য দিয়েছেন।
জন্মভূমি সুনামগঞ্জকে ভালোবাসতেন তিনি। অজুহাত পেলেই ঢাকা থেকে ছুটে আসতেন। বিজয়ের পর মুক্ত সুনামগঞ্জে শহীদদের স্মৃতির উদ্দেশে মিনার নির্মাণে যুক্ত ছিলেন এবং এর নকশাও করে দিয়েছিলেন। তিনি জেলার কেন্দ্রীয় শহীদ মিনারসহ অনেকগুলো শহীদ মিনারের স্থপতি ছিলেন। ‘যাঁদের রক্তে মুক্ত এ দেশ’—এই বাণী ধারণ করে সেই শহীদ মিনার আজও সুনামগঞ্জের প্রাণকেন্দ্রে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে।
বিজয়ের দিনের স্মৃতিচারণায় সালেহ চৌধুরী বলেছিলেন, পাথারিয়া বাজার থেকে আমার বাড়ি দু মাইল। ফাঁড়িপথে। সেবার আমন সম্ভবত ভালোই ফলেছিল। নাড়া—ঢাকা মাঠ দিয়ে হাঁটছিলাম। ঘড়িতে তখন চারটা বাজে। হঠাৎ মনে পড়ল, গত রাতে শুনেছিলাম চারটার দিকে হানাদাররা আত্মসমর্পণ করতে পারে। হঠাৎ এক অদম্য আবেগ আমাকে পেয়ে বসল। এখনই হানাদাররা আত্মসমর্পণ করবে? আমরা বিজয়ী? আমার বুক ফেটে কান্না আসতে চাইছিল। নিজেকে সামলাতে পারছিলাম না। মনে হচ্ছিল, চোখ থেকে পানির ধারা নেমে আসবে। সঙ্গে থাকা ছেলেদের এ দুর্বলতা দেখাব না। ওদের কোনোরকমে বললাম, সবাই বসে পড়ো। একটু জিরিয়ে নিই। আমি নাড়ার উপর শুয়ে পড়লাম। বাঁধভাঙা ধারায় নেমে এল চোখের পানি। এক ঘণ্টা হয়তো তার কিছু কম কিংবা বেশী, সময় লাগলো নিজেকে সামলে নিতে। সন্ধ্যার একটু পর পৌঁছালাম গচিয়া। খেয়া নৌকায় খাল পেরোতে গিয়ে দেখি ছোট চাচা গোলাম মোহিত চৌধুরী—কাগজের একটা বিবর্ণ মালা হাতে নৌকায় উঠে এসেছেন। আমাকে বুকে জড়িয়ে ধরে প্রায় ডুকরে উঠলেন— আমরা এখন স্বাধীন। পাকিস্তানিরা ঢাকায় আত্মসমর্পণ করেছে। গ্রামের ছেলে—বুড়ো মিছিল করে ‘জয় বাংলা’ শ্লোগান দিতে দিতে চলল নজরুল ভাইসাবদের বাড়িতে। আমাদের নিজেদের বাড়ি তো তখন ছাইয়ের গাদা।
২০১৭ সালের ১ সেপ্টেম্বর শুক্রবার রাতে ৮১ বছর বয়সে পৃথিবী থেকে চিরবিদায় নেন তিনি। ৩ সেপ্টেম্বর রবিবার বিকালে নিজের ইচ্ছায় দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের গচিয়া গ্রামের পারিবারিক গোরস্তানে মা—বাবার কবরের পাশে তাঁকে দাফন করা হয়। মৃত্যুকালে স্ত্রী শাহেরা চৌধুরী, তিন ছেলে ও বহু গুণগ্রাহী রেখে যান তিনি।
২০১৭ সালের ৫ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যায় শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে মুক্তিযোদ্ধা সংসদ সুনামগঞ্জ জেলা ইউনিট কমান্ডের আয়োজনে নাগরিক শোকসভা হয়। বক্তারা বলেন, সালেহ চৌধুরী একাধারে মুক্তিযোদ্ধা, সংগঠক, চিত্রশিল্পী, ভাস্কর, সাংবাদিক ও কলাম লেখক ছিলেন। এক ব্যক্তির মধ্যে এত গুণের সমাহার সচরাচর দেখা যায় না। তাঁর সবচেয়ে বড় গুণ ছিল, তিনি ভালো মনের মানুষ ছিলেন। তাঁর অহংকার ছিল না, আত্মপ্রচারও করতেন না।
উপজেলার খবর থেকে আরো পড়ুন