প্রকাশিত: ১০ নভেম্বর, ২০২৬ ২২:৫২
মরমি ও বৈষ্ণব সংগীতের সাধক কবি রাধারমণ দত্তকে স্মরণ করে সুনামগঞ্জে অনুষ্ঠিত হয়েছে ‘রাধারমণ দত্ত স্মরণোৎসব’। স্মরণোৎসবে তাঁর জীবন, কর্ম, সংগীতসাধনা ও বাংলা লোকসংগীতে অবদান নিয়ে আলোচনা করেন বক্তারা। একই সঙ্গে রাধারমণের রচিত গান ও নৃত্য পরিবেশন করেন জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা।
মঙ্গলবার বিকাল ৫টায় জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে এই স্মরণোৎসব হয়। বাংলাদেশ ধামাইল উন্নয়ন পরিষদ ও জেলা শিল্পকলা একাডেমি যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
.jpg)
জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী পাবেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা জাসাসের সভাপতি ও পৌর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ শেরগুল আহমেদ। জেলা শিল্পকলা একাডেমির আবৃত্তি শিক্ষক পল্লব ভট্টাচার্যে্যর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ধামাইল উন্নয়ন পরিষদের সহসভাপতি দ্রুপদ চৌধুরী, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি অ্যাডভোকেট আনিসুজ্জামান শামীম, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক খলিল রহমান ও সাংবাদিক লতিফুর রহমান রাজু।
.jpg)
আলোচনায় বক্তারা বলেন, রাধারমণ দত্তের রচিত ধামাইল, মরমি ও ভক্তিমূলক গান বাংলা লোকসংগীতের অমূল্য সম্পদ। তাঁর অসংখ্য গান এখনো মানুষের মুখে মুখে প্রচলিত থাকলেও সেগুলোর পূর্ণাঙ্গ সংকলন ও স্বরলিপি সংরক্ষণের উদ্যোগ পর্যাপ্ত নয়। গানের মূল সুর ও বাণী অক্ষুন্ন রাখতে স্বরলিপি তৈরির পাশাপাশি তাঁর গান সংগ্রহ ও সংরক্ষণের দাবি জানান বক্তারা।
বক্তারা আরও বলেন, রাধারমণের সৃষ্টিকর্ম ও সংগীতসাধনা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে গবেষণা ও চর্চা বাড়াতে হবে। জগন্নাথপুরের কেশবপুরে তাঁর জন্মভূমিতে সাংস্কৃতিক কমপ্লেক্স নির্মাণ এবং সমাধিস্থল সংরক্ষণে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন। একই সঙ্গে ধামাইল সংগীতের প্রসার, সাধক কবির সৃষ্টি সংরক্ষণ এবং সংগীতচর্চা এগিয়ে নিতে সরকারি—বেসরকারি প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠনগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান তাঁরা।
আলোচনা পর্ব শেষে রাধারমণ দত্তের রচিত ধামাইল ও লোকসংগীত পরিবেশন করেন জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা। পাশাপাশি পরিবেশিত হয় নৃত্য।
অনুষ্ঠানে অংশগ্রহণ করে নৃত্যাঙ্গন সুনামগঞ্জ, পিয়াইন ধামাইল দল (দিরাই), কৃষ্ণকলি ধামাইল দল (ছাতক), রাই বিনোদিনী ধামাইল দল (শান্তিগঞ্জ), লোকসংগীত একাডেমি (দিরাই), কনকচাঁপা ধামাইল দল (শান্তিগঞ্জ), বাতিঘর সংস্কৃতি চর্চা কেন্দ্র, ধ্রুবতারা শিল্পীগোষ্ঠী, কলি ধামাইল দল, গানের পাঠশালা, প্রিয়াছন্দ সংস্কৃতি চর্চা কেন্দ্র, সোহিনী সংগীত বিদ্যালয়, বাণী সংগীত বিদ্যালয়, আন্তর্জাতিক রাধারমণ পরিষদ জেলা, মনোরঞ্জন সংস্কৃতি চর্চা কেন্দ্র, শতদল ধামাইল দল, সুন্দরম শিল্পীগোষ্ঠী, লোকদল শিল্পীগোষ্ঠী ও লোকজ সংগীত বিদ্যালয়, জেলা বাউল সমিতি, বাংলাদেশ ধামাইল উন্নয়ন পরিষদ এবং জেলা শিল্পকলা একাডেমি।
অনুষ্ঠানে যন্ত্রসংগীতে ছিলেন সন্তোষ কুমার চন্দ, অমিত বর্মন, জায়েদ মাহমুদ ও জাকির হোসেন।
উপজেলার খবর থেকে আরো পড়ুন