প্রকাশিত: ১০ নভেম্বর, ২০২৬ ২২:৫৭
ধর্মপাশা উপজেলায় অবৈধভাবে মাটি পরিবহনের দায়ে চার ট্রলিচালককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় উপজেলার পাইকুরহাটি ইউনিয়নের বেখুইজুড়া এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, অবৈধভাবে মাটি উত্তোলনের বিরুদ্ধে পরিচালিত এই অভিযানে মাটি পরিবহনে ব্যবহৃত ৪টি ট্রলিসহ চার চালককে আটক করা হয়। পরে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’—এর ১৫(১) ধারা অনুযায়ী তাদের প্রত্যেককে ১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
অভিযান পরিচালনা করেন ধর্মপাশা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনি রায়।
জেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে অবৈধভাবে মাটি উত্তোলন ও পরিবহন প্রতিরোধে জেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
উপজেলার খবর থেকে আরো পড়ুন