রনজিতকাণ্ডে আটক তারা মিয়া জেল হাজতে

প্রকাশিত: ১১ নভেম্বর, ২০২৬ ১৯:৩২

সেই রিসোর্টে তালা, আটক ৪

রনজিতকাণ্ডে আটক তারা মিয়াকে সন্ত্রাস বিরোধী আইনে দায়ের হওয়া পুরাতন একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করেছে পুলিশ। বুধবার দুপুরে তাকে সুনামগঞ্জ সদর আদালতে সোপর্দ করা হয়। আদালতের বিচারক অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. জসিম— রনজিতের ঘনিষ্ঠ তারা মিয়াকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।

 


গেল ২৮ জুলাই কার্যক্রম নিষিদ্ধ কৃষক লীগের এক নেতার জামিন নামঞ্জুর হলে আদালত প্রাঙ্গণে জয় বাংলা স্লোগান দেওয়া হয়। এই ঘটনায় সদর থানার উপ—পরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম বাদী হয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের ৪১ জনের নামোল্লেখ করে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করেছিলেন।

 


সুনামগঞ্জ সদর থানার ওসি রতন সেখ জানান, ওই ঘটনার সময় তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তারা মিয়াও আদালত প্রাঙ্গণে ছিলেন। তখন তার নাম পরিচয় পাওয়া যায় নি। ভিডিও ফুটেজ ও ছবি দেখে সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে বুধবার আদালতে সোপর্দ করা হয়। বিজ্ঞ বিচারক তাকে জেল হাজতে পাঠিয়েছেন।

 


এদিকে, এই ঘটনার পর সিলেটের সেই সোহেল স্কয়ার—ইকো রিসোর্টে তালা দেওয়া হয়েছে। দুই রিসোর্ট কর্মীসহ ৪ জনকে আটক করা হয়েছে। তবে এ ব্যাপারে এখনো কোনো মামলা দায়ের হয় নি। বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানিয়েছে গোয়াইনঘাট থানা পুলিশ।

 


বুধবার (১১ নভেম্বর) বিকালে বিষয়টি জানিয়েছেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক।
তিনি জানান, বুধবার ভোর রাত ৩ টার দিকে গোয়াইনঘাটের রাতারগুলে অবস্থিত ‘সোহেল স্কয়ার রিসোর্টটি’ বন্ধ করা হয়েছে। সেখানে তালা দিয়েছে পুলিশ। দুই রিসোর্ট কর্মীসহ ৪ জনকে আটকও করা হয়েছে। 

 


সারাদেশে তোলপাড় সৃষ্টি করা সেই জনসভার বিষয়ে এখনো কোনো মামলা দায়ের হয় নি। পুলিশ বাদী হয়ে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন বলেও জানিয়েছেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।

প্রসঙ্গত, শিক্ষা সফরের কথা বলে একজন আইনজীবী গত ৮ নভেম্বর রাতারগুলের ‘সোহেল স্কয়ার—ইকো রিসোর্ট’ ভাড়া নিয়েছিলেন। সেখানে প্রথমে শিক্ষা সফরের ব্যানারও লাগানো হয়। শেষে হঠাৎ সেখানে উপস্থিত হন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ—১ আসনের সাবেক সাংসদ রনজিত সরকার। তিনি সেখানে ব্যানার লাগিয়ে কয়েক মিনিট বক্তব্য দিয়ে চলে যান।


গত সোমবার (৯ নভেম্বর) বিকেল ৪টা ৪৯ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে ওই অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার ভিডিও প্রকাশ করেন সাবেক সংসদ সদস্য রনজিত সরকার। ভিডিওতে তাকে নেতা—কর্মীদের উদ্দেশে বক্তব্য দিতে দেখা যায়।

 


পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি ছড়িয়ে পড়লে সারাদেশে তোলপাড় সৃষ্টি হয়। ভিডিও দেখে তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তারা মিয়াকে গ্রেপ্তার করে সুনামগঞ্জ সদর থানা পুলিশ। তাকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।
ভিডিও প্রকাশের কয়েক ঘণ্টা পর সোমবার রাত ১২টার দিকে সিলেট মহানগরীর গোপালটিলায় রনজিত সরকারের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার