প্রকাশিত: ১১ নভেম্বর, ২০২৬ ২৩:০৪
দিরাইয়ে বিদ্যুতের শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডে গ্রাম পুলিশ সুসেন দাসের বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে একটি গরু পুড়ে মারা গেছে এবং আরেকটি গরু আহত হয়েছে। এতে পরিবারটির আনুমানিক ৩ থেকে ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার ৮ নম্বর তাড়ল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ডাইয়ারগাঁও গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে ঘরের থাকা ধান,আসবাবপত্র, কাপড়চোপড়সহ প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে যায়। সহায়—সম্বল হারিয়ে পরিবারটি এখন চরম দুর্ভোগে পড়েছে।
বুধবার (১১ নভেম্বর) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন তাড়ল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহমদ। বিকালে দিরাই উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব মইনুদ্দিন চৌধুরী মাসুকও ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন।
একই দিন বিকেলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত সুসেন দাসের হাতে ১০ হাজার টাকার চেক, শুকনো খাবার, শাড়ি, লুঙ্গি ও প্রয়োজনীয় আসবাবপত্র তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজীব সরকার।
এ সময় তাড়ল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহমেদ, সাবেক কাউন্সিলর এবিএম মাসুম প্রদীপসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজীব সরকার বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানো উপজেলা প্রশাসনের মানবিক দায়িত্ব। প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে সাধ্যমতো সহায়তা দেওয়া হয়েছে। বিপদের এ সময়ে পরিবারটি যেন একা বোধ না করে, সে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তাদের প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখার বিষয়েও প্রশাসন আন্তরিক থাকবে।
ক্ষতিগ্রস্ত গ্রাম পুলিশ সুসেন দাস জানান, আগুনে তাঁর ঘরের সবকিছু পুড়ে গেছে। সহায়—সম্বল হারিয়ে তিনি পরিবার নিয়ে এখন খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন।
উপজেলার খবর থেকে আরো পড়ুন