প্রকাশিত: ১১ নভেম্বর, ২০২৬ ২২:৫৭
শিক্ষার্থীদের মেধা বিকাশ, শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টি এবং উচ্চশিক্ষায় অনুপ্রাণিত করার লক্ষ্যে বিশ্বম্ভরপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘নবম পুসাব মেধাবৃত্তি পরীক্ষা—২০২৬’। আগামী ২৬ ডিসেম্বর (শনিবার) সকাল ১০টায় উপজেলার তিনটি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য আগামী ১৫ নভেম্বর থেকে অনলাইন ও অফলাইনে আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। আবেদনের শেষ তারিখ ১০ ডিসেম্বর।
পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বিশ্বম্ভরপুরের (পুসাব) উদ্যোগে আয়োজিত এ পরীক্ষার কেন্দ্র নির্ধারণ করা হয়েছে বিশ্বম্ভরপুর বালিকা উচ্চ বিদ্যালয়, মুরারী চাঁদ উচ্চ বিদ্যালয় এবং রতারগাঁও উচ্চ বিদ্যালয় ও কলেজ।
আয়োজক সূত্রে জানা গেছে, বিশ্বম্ভরপুর উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার অষ্টম, নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। এ ছাড়া উপজেলার বাইরে অধ্যয়নরত বিশ্বম্ভরপুরের স্থায়ী বাসিন্দা শিক্ষার্থীদেরও পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ রাখা হয়েছে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা।
শিক্ষার্থীরা পুসাবের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবে। পাশাপাশি নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমেও অফলাইনে আবেদন করার সুযোগ রয়েছে।
এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিতব্য এ পরীক্ষায় মোট ১০০ নম্বরের প্রশ্ন থাকবে। এর মধ্যে বাংলা (প্রথম ও দ্বিতীয় পত্র) ২৫, গণিত ২৫, ইংরেজি (প্রথম ও দ্বিতীয় পত্র) ২৫ এবং সাধারণ বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) ও সাধারণ জ্ঞান বিষয়ে ২৫ নম্বর বরাদ্দ থাকবে। পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে ১ ঘণ্টা ৩০ মিনিট। ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা হবে না।
উল্লেখ্য, ২০১৪ সালে বিশ্বম্ভরপুর উপজেলার সরকারি দিগেন্দ্র বর্মন কলেজ প্রাঙ্গণে প্রতিষ্ঠিত হয় পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বিশ্বম্ভরপুর (পুসাব)। উপজেলার বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের ভিত্তিতে সংগঠনটি গড়ে ওঠে। প্রতিষ্ঠার পর থেকেই শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের সহায়তা এবং এলাকার সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছে সংগঠনটি। বর্তমানে সংগঠনটির সদস্যসংখ্যা তিন শতাধিক।
পুসাবের সভাপতি আবুল হাসনাত বলেন, আমাদের মূল লক্ষ্য শুধু একটি মেধাবৃত্তি পরীক্ষা আয়োজন করা নয়; বরং বিশ্বম্ভরপুরের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষার প্রতি আগ্রহ, আত্মবিশ্বাস ও উচ্চশিক্ষার স্বপ্ন জাগিয়ে তোলা। প্রত্যন্ত অঞ্চলের মেধাবী শিক্ষার্থীরাও যেন নিজেদের যোগ্যতা প্রকাশের সুযোগ পায়, সে লক্ষ্যেই আমাদের এ আয়োজন। এ উদ্যোগ সফল করতে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করছি।
সংগঠনটির সাধারণ সম্পাদক মো. রিবউল আউয়াল নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করে শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। পরীক্ষাসংক্রান্ত বিস্তারিত তথ্য পুসাবের অফিসিয়াল ওয়েবসাইট ও ফেসবুক পেজে পাওয়া যাবে।
আবেদন ও বিস্তারিত তথ্য:
https://www.pusab.net/scholarship-exam
ওয়েবসাইট:www.pusab.net
উপজেলার খবর থেকে আরো পড়ুন