‘বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল’ — বলছে পাকিস্তান

প্রকাশিত: ১৫ নভেম্বর, ২০২৬ ১৩:৩৪

সংগৃহীত ছবি 

শনিবারের সেমিফাইনালে হৃদয়বিদারক হারের পরও দলের পাশে থাকতে বাংলাদেশের সমর্থকদের অনুরোধ করেছেন পাকিস্তানের প্রধান কোচ নলবের্তো সোলানো। স্বাগতিকদের ফুটবলের ভবিষ্যৎ নিয়ে তিনি আত্মবিশ্বাসী। জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশকে ১–০ গোলে হারিয়ে প্রথমবার সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে পাকিস্তান। এতে নিজেদের মাঠে শিরোপা জেতার স্বপ্ন শেষ হয়েছে স্বাগতিকদের।

 

 

ঠাসা গ্যালারির পরিবেশে মুগ্ধ ছিলেন সোলানো। ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে পেরুর এই কোচ হতাশ দর্শকদের উদ্দেশে বলেন, ‘কী চমৎকার একটি স্টেডিয়াম। সত্যি বলছি, এমন পরিবেশ আমি অনেক দিন অনুভব করিনি। সমর্থকদের দেখা দারুণ ছিল। আমি জানি, বাংলাদেশের ফুটবল অনেক উন্নতি করেছে। ফুটবল এমনই। নিজেদের দেশকে সমর্থন করে যান। এটা তো কেবল একটি টুর্নামেন্ট। আমি বিশ্বাস করি, আপনাদের দারুণ ভবিষ্যৎ আছে।’

 

 

শুরুতে ফাইনালে ওঠার জন্য নিজের খেলোয়াড়দের অভিনন্দন জানান সোলানো। একই সঙ্গে বাংলাদেশের চ্যালেঞ্জের কথাও মানেন তিনি। তিনি বলেন, ‘আমি আমার খেলোয়াড়দের অভিনন্দন জানাতে চাই। এই ফাইনালে ওঠার জন্য আমরা সত্যিই কঠোর পরিশ্রম করেছি। আমি জানতাম, বাংলাদেশের বিপক্ষে আমাদের খুবই, খুবই কঠিন ম্যাচ হবে। ওরা দুর্দান্ত দল, খুব ভালো দল। ওদের কয়েকজন অভিজ্ঞ খেলোয়াড়ও আছে।’

 

 

তিনি আরও বলেন, ‘পরিকল্পনা খুব ভালো কাজ করেছে। আমরা জানতাম, ওদের জন্য ম্যাচটা হয়তো কঠিন করে তুলতে পারব। পরিকল্পনা খুব ভালোভাবেই কাজ করেছে।’

 

৮৬ মিনিটে আবদুল সামাদ শাহজাদের গোলেই ম্যাচের ফয়সালা হয়। গোলরক্ষক মো. মেহেদী হাসান শ্রাবণের ভুলে এই গোল হয়েছিল বলে প্রশ্ন করা হয় সোলানোকে। জবাবে তিনি বলেন, ‘এটা খেলারই অংশ। আমি তো বললামই, আপনাদের খুব ভালো দল আছে, খুব ভালো ম্যানেজারও আছেন। মাঝে মাঝে এমন হয়ে যায়।’

 

 

বাংলাদেশ অধিনায়ক হামজা দেওয়ান চৌধুরীর প্রভাব সীমিত রাখাই ছিল পাকিস্তানের পরিকল্পনার কেন্দ্রে, জানান সোলানো। তিনি বলেন, ‘আমরা জানতাম ওদের হামজা আছে। দারুণ খেলোয়াড়। দলের মধ্যে সবচেয়ে অভিজ্ঞ। সে বল পায়নি। আমরা সেটাই আটকেছি। এটা দলের পরিকল্পনার অংশ ছিল। তাকে বল নিয়ে ফাঁকা জায়গা দেওয়া যাবে না, কারণ সে খুব অভিজ্ঞ খেলোয়াড়।’
সূত্র: যুগান্তর .কম
এমডি

খেলাধুলা থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার