প্রকাশিত: ১৫ নভেম্বর, ২০২৬ ১৮:৩৯
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে আজ বঙ্গভবনে বিইউপি উপাচার্য মেজর জেনারেল মো. মাহবুব-উল-আলম সৌজন্য সাক্ষাৎ করেন।সংগৃহীত ছবি
দেশীয় ও আন্তর্জাতিক চাকরির বাজারের চাহিদা অনুযায়ী দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে শিক্ষার মান ও দক্ষতা আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেছেন, শিক্ষার্থীদের ডিজিটাল প্রযুক্তি ও কমিউনিকেশনসহ প্রয়োজনীয় দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্ব দিয়ে বিশ্ববিদ্যালয়গুলোকে শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে হবে।
আজ বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) উপাচার্য (ভিসি) মেজর জেনারেল মো. মাহবুব-উল-আলম বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ কথা বলেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম বাসসকে এ তথ্য জানান।
সাক্ষাৎকালে উপাচার্য রাষ্ট্রপতিকে বিশ্ববিদ্যালয়ের সার্বিক একাডেমিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।
তিনি জানান, বর্তমানে বিশ্ববিদ্যালয়টি সাইবার সিকিউরিটি, ন্যানো টেকনোলজি, ডেটা সায়েন্সসহ চাকরির বাজারের চাহিদা অনুযায়ী বিভিন্ন বিষয়ে পাঠদান করছে।
তিনি আরও জানান, দেশীয় ও আন্তর্জাতিক চাকরির বাজারের চাহিদা অনুযায়ী শিক্ষার্থীদের কমিউনিকেশন স্কিলসহ প্রয়োজনীয় দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্ব দিয়ে শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
এ সময় বিইউপির উপাচার্য আসন্ন সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করেন এবং অনুষ্ঠানে উপস্থিত থাকার আশ্বাস দেন।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব, প্রেস সচিব এবং বঙ্গভবনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সূত্র:বাসস.কম
জাতীয় থেকে আরো পড়ুন