দেশে নাশকতা ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চলছে: রুহুল কবির রিজভী

প্রকাশিত: ১৫ নভেম্বর, ২০২৬ ১৮:৪৩

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, পতিত আওয়ামী লীগ পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন ও উসকানি দিয়ে দেশের ভেতরে নাশকতা ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিহত করতে প্রশাসনকে সহযোগিতা করবেন বিএনপির নেতা—কর্মীরা।

 


রবিবার রাজধানীর জিয়া উদ্যানে সদ্য গঠিত ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

 


রুহুল কবির রিজভী বলেন, আওয়ামী লীগের পতন হলেও তাদের ফ্যাসিবাদী শক্তি এখনো থেমে নেই। তারা দেশের ভেতরে ও বাইরে থেকে গোপনে নাশকতা চালাচ্ছে। বিভিন্ন স্থানে গাড়িতে আগুন দেওয়া, বোমাবাজি এবং সড়ক, মহাসড়ক ও রেলপথে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে।

 


বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দিয়ে শেখ হাসিনার অনুসারীরা গার্মেন্টস খাতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। এমনকি তাদের মালিকানাধীন গার্মেন্টস কারখানাগুলোতে শ্রমিকদের প্রবেশে বাধা দিয়ে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে।

 


দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে নিজেদের স্বার্থ হাসিলের অপচেষ্টা কখনো সফল হবে না উল্লেখ করে রুহুল কবির রিজভী বলেন, নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিরা প্রতিদিনই গ্রেপ্তার হচ্ছে।

 


ফ্যাসিস্ট শেখ হাসিনার দণ্ডের প্রসঙ্গে তিনি বলেন, পতিত শেখ হাসিনার দণ্ড হয়েছে। তিনি দেশে ফিরে এলে তার দণ্ড বহাল থাকবে এবং কার্যকর করা হবে।
এ সময় রুহুল কবির রিজভী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আশা করেন— ঢাকা মহানগর উত্তর বিএনপি সাংগঠনিকভাবে আরও শক্তিশালী ও গতিশীল হবে।
শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমানউল্লাহ আমান, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন এবং সদস্যসচিব ও সংসদ সদস্য এস এম জাহাঙ্গীরসহ কয়েক হাজার নেতা—কর্মী উপস্থিত ছিলেন।
সূত্র : বাসস

জাতীয় থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার