নিউইয়র্কে নতুন অভিবাসীদের কম্পিউটার ও চাকরির প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশি কমিউনিটি

প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২৬ ১০:৪৩

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রঙ্কসে নতুন অভিবাসীদের কম্পিউটার ও ডিজিটাল দক্ষতা বাড়াতে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ কর্মসূচির মাধ্যমে নতুন অভিবাসীদের চাকরি খোঁজা, অনলাইনে আবেদন এবং সরকারি-বেসরকারি বিভিন্ন সেবা গ্রহণে প্রযুক্তির ব্যবহার শেখানোর পরিকল্পনা করা হয়েছে।

 

 

মঙ্গলবার (১৭ নভেম্বর) ব্রঙ্কসের গোল্ডেন প্যালেসে বাংলাদেশি কমিউনিটির সদস্যদের অংশগ্রহণে একটি আলোচনা ও সাংস্কৃতিক সমাবেশ অনুষ্ঠিত হয়। ১৯ নভেম্বর প্রকাশিত প্রতিবেদনে এ আয়োজনের বিস্তারিত তুলে ধরা হয়েছে। অনুষ্ঠানটির আয়োজন করে দেশি ট্রিবিউন, প্রথম আলো উত্তর আমেরিকা এবং প্রথম আলো ফাউন্ডেশন ইউএসএ।

 

 

আলোচনায় নতুন অভিবাসীদের জন্য প্রস্তাবিত ডিজিটাল শিক্ষা কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন নারী কমিউনিটি সংগঠক ফারমিস আখতার ও জেসমিন চৌধুরী। প্রস্তাবিত প্রশিক্ষণে কম্পিউটার ও ল্যাপটপ ব্যবহারের প্রাথমিক শিক্ষা, ইন্টারনেট ও ই-মেইল ব্যবহার, অনলাইনে চাকরি খোঁজা, চাকরির আবেদন এবং জীবনবৃত্তান্ত তৈরির মতো বিষয় অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।

 

 

এ ছাড়া অনলাইনে বাসা ভাড়ার আবেদন, স্বাস্থ্যসেবা গ্রহণ, সরকারি সুবিধার জন্য প্রয়োজনীয় আবেদন এবং বিভিন্ন অনলাইন ফরম পূরণের বিষয়েও প্রশিক্ষণ দেওয়ার কথা আলোচনায় উঠে আসে। প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি অনলাইন প্রতারণা শনাক্ত করা, ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিশ্চিত করা এবং ইন্টারনেটে নিরাপদে কাজ করার বিষয়ও প্রশিক্ষণের গুরুত্বপূর্ণ অংশ হতে পারে।

 

 

আলোচনায় উঠে আসে, যুক্তরাষ্ট্রে নতুন আসা অনেক অভিবাসী ভাষাগত সমস্যার পাশাপাশি প্রযুক্তি ব্যবহারের জটিলতায় পড়েন। ফলে চাকরির আবেদন, চিকিৎসাসেবা গ্রহণ, সরকারি সুবিধার তথ্য খোঁজা কিংবা বিভিন্ন অনলাইন ফরম পূরণ করতে গিয়ে তাদের অন্যের সহযোগিতা নিতে হয়। এ ধরনের প্রশিক্ষণ চালু করা গেলে নতুন অভিবাসীরা নিজেরাই প্রয়োজনীয় কাজ সম্পন্ন করতে পারবেন এবং কর্মসংস্থানের সুযোগ খুঁজে পেতে আরও আত্মবিশ্বাসী হবেন।

 

 

আলোচনায় কম্পিউটার শিক্ষার পাশাপাশি ইংরেজি শেখা, কর্মসংস্থানের প্রস্তুতি, অভিবাসনসংক্রান্ত তথ্য, আইনি সহায়তা এবং স্থানীয় সরকারি সেবা সম্পর্কে ধারণা দেওয়ার বিষয়ও উঠে আসে। বিশেষ করে নতুন বাংলাদেশি অভিবাসী, নারী এবং প্রযুক্তি ব্যবহারে পিছিয়ে থাকা ব্যক্তিদের জন্য এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সূত্র:আরটিভি নিউজ.কম
এসএ

আন্তর্জাতিক থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার