প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২৬ ১১:৪৭
সংগৃহীত ছবি
সিলেট নগরীর দাড়িয়াপাড়া এলাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসার গলির প্রবেশপথের একটি গেটে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তবে প্রতিমন্ত্রীর বাসায় পেট্রোল বোমা নিক্ষেপের খবর সঠিক নয় বলে জানিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।
শুক্রবার (২০ নভেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিমন্ত্রীর বাসায় পেট্রোল বোমা নিক্ষেপের খবর ছড়িয়ে পড়ে। পরে পুলিশ জানায়, ঘটনাটি বাসার ভেতরে ঘটেনি। পেট্রোল বোমা নিক্ষেপেরও কোনো ঘটনা ঘটেনি।
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি ও মিডিয়া) আফজাল হোসেন জানান, রাত ৩টা থেকে ৪টার মধ্যে দাড়িয়াপাড়ায় প্রতিমন্ত্রীর বাসার গলির প্রবেশমুখে একটি গেটে আগুন দেওয়া হয়। ওই গেটের ভেতরে একাধিক বাসা রয়েছে, যার একটি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসা।
তিনি বলেন, গেটটিতে ন্যাকড়াজাতীয় কাপড়ে কেরোসিন বা পেট্রোলজাতীয় পদার্থ ঢেলে আগুন দেওয়া হয়েছে। এটি বাসার ভেতরের ঘটনা নয়, পেট্রোল বোমা নিক্ষেপও করা হয়নি।
পুলিশ কর্মকর্তা আরও জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটিকে পেট্রোল বোমা নিক্ষেপ বলে প্রচার করা হচ্ছে, যা সঠিক নয়। এভাবে গুজব ছড়িয়ে ঘটনাটিকে ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা করা হচ্ছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে জানিয়ে আফজাল হোসেন বলেন, নাশকতার চেষ্টা করা হলে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র:কালবেলা .কম
এসএ
সিলেট থেকে আরো পড়ুন