নতুন কোচ নিয়োগের পর ফের ঋণ নিল ম্যানচেস্টার ইউনাইটেড

প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২৬ ১২:৩০

সংগৃহীত

মাউরিসিও পচেত্তিনোকে নতুন প্রধান কোচ হিসেবে নিশ্চিত করার পর আবারও ঋণ নিল ম্যানচেস্টার ইউনাইটেড। আর্জেন্টাইন কোচকে দায়িত্ব দেওয়ার মাত্র তিন দিন পর আরও এক কোটি পাউন্ড ঋণ নিয়েছে ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ক্লাবটি।

 

ক্লাবের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদনের সঙ্গে যুক্ত শেয়ার বাজারের এক বর্ধিত নথিতে ইউনাইটেড জানিয়েছে, পচেত্তিনোকে নিয়োগ দিতে যুক্তরাষ্ট্র ফুটবল ফেডারেশনকে (ইউএস সকার) ৭৫ লাখ পাউন্ড ক্ষতিপূরণ দিতে হবে তাদের। গত ১৩ নভেম্বর পচেত্তিনোর সঙ্গে আড়াই বছরের চুক্তির ঘোষণা দেয় ওল্ড ট্র্যাফোর্ডের ক্লাবটি। এর তিন দিন পর, অর্থাৎ ১৬ নভেম্বর এই ১ কোটি পাউন্ড ঋণ নেয় তারা।

 

গত ৩০ সেপ্টেম্বর প্রথম প্রান্তিকের হিসাব প্রকাশের পর থেকে নেওয়া তিনটি ঋণের মধ্যে এটি একটি। এর ফলে ক্লাবটির ঘূর্ণায়মান ঋণসীমার (রোলিং ক্রেডিট লিমিট) আওতায় মোট বকেয়া ঋণের পরিমাণ দাঁড়াল ২৪ কোটি পাউন্ডে।

 

যুক্তরাষ্ট্র জাতীয় দলের চুক্তি থেকে পচেত্তিনোকে মুক্ত করতে যে অর্থ ব্যয় হচ্ছে, তা যোগ করলে ২০১৩ সালে স্যার অ্যালেক্স ফার্গুসনের অবসরের পর থেকে কোচ নিয়োগ ও ছাঁটাইয়ে ইউনাইটেডের মোট খরচের অঙ্ক দাঁড়ায় ৯ কোটি ৫০ লাখ পাউন্ডে।

 

তবে পচেত্তিনোর কোচিং স্টাফদের নিয়োগ এবং মাইকেল ক্যারিককে ছাঁটাই করার খরচ যুক্ত হলে এই অঙ্ক ১০ কোটি পাউন্ড ছাড়িয়ে যাওয়ার জোর সম্ভাবনা রয়েছে।

 

৪০ বছরের মধ্যে লিগে সবচেয়ে বাজে শুরুর পর দল অবনমন অঞ্চলে নেমে যাওয়ায় গত সপ্তাহে ক্যারিককে বরখাস্ত করে ইউনাইটেড। গত মৌসুমে ছয় মাস অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে সফল দায়িত্ব পালনের পর গ্রীষ্মেই দুই বছরের স্থায়ী চুক্তিতে সই করেছিলেন সাবেক এই মিডফিল্ডার।

 

২০২১ সালের নভেম্বরে দায়িত্ব নেওয়া রালফ রাংনিকসহ ফার্গুসন-পরবর্তী যুগে ইউনাইটেডের নবম পূর্ণকালীন কোচ হিসেবে দায়িত্ব নিলেন পচেত্তিনো। টানা তিনটি মৌসুমের মাঝপথে কোচ পরিবর্তন করল ইংলিশ জায়ান্টরা।

 

শেয়ার বাজারের ওই নথিতে ক্লাবটি আরও নিশ্চিত করেছে, "নির্দিষ্ট কিছু খেলোয়াড় ও কোচিং স্টাফদের" নিবন্ধন বা চুক্তি নবায়নের জন্য তারা ৫৭ লাখ পাউন্ড ব্যয় করেছে।

 

এছাড়া দলবদলের বকেয়া ফি বাবদ ইউনাইটেডের দেনার পরিমাণ দাঁড়িয়েছে ৪১ কোটি ৭০ লাখ পাউন্ড, যার মধ্যে ১৮ কোটি ১০ লাখ পাউন্ড এক বছর পর পরিশোধ করতে হবে।

 

বৃহস্পতিবার ক্লাবটি জানায়, তাদের ৭৫ কোটি ডলারের মূল ঋণটি গত ৩০ সেপ্টেম্বরের বিনিময় হার অনুযায়ী পাউন্ডে রূপান্তর করলে দাঁড়ায় ৫৭ কোটি ৭৪ লাখ পাউন্ডে।

সূত্র: বাংলাদেশ প্রতিদিন.কম

খেলাধুলা থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার