প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২৬ ১৩:২৬
সংগৃহীত ছবি
রাজধানীতে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা ২০২৬। আগামীকাল রবিবার সকাল ৯টায় আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলনকেন্দ্রে এ মেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২১ নভেম্বর) রাজধানীর মতিঝিলে শিল্প মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
তিনি বলেন, ২২ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত চলবে এ মেলা। শতভাগ দেশীয় পণ্যের এই আয়োজনে সারা দেশের চার শতাধিক ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান অংশ নেবে। অংশগ্রহণকারী উদ্যোক্তাদের প্রায় ৬০ শতাংশ নারী।
সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, ২০২৪ সালের অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী, দেশের মোট ব্যবসাপ্রতিষ্ঠানের প্রায় ৯৯ শতাংশ কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের আওতাভুক্ত। এ খাতে কর্মরত জনবল প্রায় ৩ কোটি ৬ লাখ। জিডিপিতে এ খাতের অবদান প্রায় ৩০ শতাংশ। ফলে দেশের অর্থনীতি, কর্মসংস্থান ও দারিদ্র্য বিমোচনে এসএমই খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
তিনি জানান, ২০০৬ সালে প্রতিষ্ঠার পর থেকে এসএমই ফাউন্ডেশনের বিভিন্ন কর্মসূচির সুবিধা পেয়েছেন প্রায় ২৫ লাখ ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা। তাদের ৬০ শতাংশই নারী উদ্যোক্তা।
সম্মেলনে জানানো হয়, দেশীয় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের বাজার সম্প্রসারণ, উদ্যোক্তাদের উৎসাহিত করা এবং নতুন ব্যবসায়িক সংযোগ তৈরির লক্ষ্য নিয়ে এ মেলার আয়োজন করেছে এসএমই ফাউন্ডেশন।
মেলায় আটটি ক্যাটাগরিতে দেওয়া হবে জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার ২০২৬। এর মধ্যে রয়েছেন বর্ষসেরা মাঝারি ও ক্ষুদ্র উদ্যোক্তা, মাইক্রো উদ্যোক্তা, স্টার্টআপ, গ্রিন এসএমই ব্যবসা, প্রযুক্তিনির্ভর সৃজনশীল উদ্যোক্তা এবং বিশেষ উদ্যোক্তা।
মেলায় পাদুকা, চামড়াজাত পণ্য, পাট, হস্তশিল্প, ফ্যাশন, কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ, জুয়েলারি, হালকা প্রকৌশলসহ বিভিন্ন খাতের পণ্য প্রদর্শিত হবে।
পাশাপাশি প্রতিদিন থাকবে এসএমইবিষয়ক কর্মশালা, প্রশিক্ষণ এবং ব্যাংকার-উদ্যোক্তা ঋণ সংযোগ কর্মসূচি। উদ্যোক্তারা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি আলোচনা করে ঋণ সম্পর্কে তথ্য ও পরামর্শ নিতে পারবেন।
মেলায় বিদেশি বা আমদানি করা পণ্য প্রদর্শন ও বিক্রি নিষিদ্ধ। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত বিনা প্রবেশ ফিতে দর্শনার্থীরা মেলা ঘুরে দেখতে পারবেন।
সূত্র: খবরের কাগজ .কম
এমডি
জাতীয় থেকে আরো পড়ুন