প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২৬ ১৬:১২
সংগৃহীত ছবি
ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে ঝরছে বৃষ্টি, কমেছে তাপমাত্রা। আগামী কয়েক দিনও থাকতে পারে ঠান্ডার অনুভূতি। তবে আবহাওয়াবিদরা বলছেন, এই বৃষ্টিকে শীতের স্থায়ী আগমন ভাবার সুযোগ নেই। ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে তাপমাত্রা কমতে শুরু করতে পারে। এ মৌসুমে দেশে আট থেকে ১০টি শৈত্যপ্রবাহের সম্ভাবনাও রয়েছে।
নভেম্বরের শেষ ভাগে হঠাৎ বৃষ্টিতে বদলে গেছে আবহাওয়ার চেনা চিত্র। কয়েক দিন আগেও দিনের বেলায় ছিল রোদের তেজ, রাতে হালকা ঠান্ডা। এখন বৃষ্টির পর বাতাসে যোগ হয়েছে শীতের আমেজ। কোথাও কোথাও দিনের তাপমাত্রাও কমেছে। ফলে অনেকের মনেই প্রশ্ন—নভেম্বরের এই বৃষ্টিই কি শীত নামিয়ে দেবে? নাকি বৃষ্টি থামলে আবারও ফিরবে উষ্ণ আবহাওয়া?
আবহাওয়াবিদদের মতে, চলমান বৃষ্টির কারণে সাময়িকভাবে ঠান্ডা অনুভূত হচ্ছে। বৃষ্টি থামার পরও আগামী কয়েক দিন কোথাও কোথাও এই অনুভূতি থাকতে পারে। তবে একে শীতের স্থায়ী আগমন বলা যাচ্ছে না। প্রকৃত শীতের প্রভাব বাড়তে আরও কিছুটা সময় লাগতে পারে। তাদের ধারণা, ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে তাপমাত্রা কমতে শুরু করবে। প্রথমে উত্তরাঞ্চলে শীতের অনুভূতি বাড়বে, পরে ধীরে ধীরে ঢাকা ও দক্ষিণাঞ্চলেও তা ছড়িয়ে পড়তে পারে।
ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বৃষ্টি
বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় আকভান টানা কয়েক দিন সাগরে অবস্থানের ফলে শক্তি সঞ্চয় করে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছিল। শুক্রবার সকালে ভারতের উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করে ঘূর্ণিঝড়টি। উপকূল অতিক্রমের আগে বৃষ্টির সঙ্গে সঙ্গে দুর্বল হয়ে পড়ে এটি। তখন বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার, যা দমকা হাওয়ায় ৯০ কিলোমিটার পর্যন্ত উঠেছিল।
স্থলভাগে প্রবেশের পর ঘূর্ণিঝড়টি আরও শক্তি হারাতে থাকে। ভারতের আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এটি দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার পথে রয়েছে। ঘূর্ণিঝড়টির প্রভাবে পশ্চিমবঙ্গের বেশির ভাগ এলাকায় বৃহস্পতিবার ও শুক্রবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। নদিয়া, মেদিনীপুর ও হাওড়াসহ কয়েকটি জেলায় ভারী বৃষ্টিও হয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে।
আবহাওয়াবিদ বজলুর রশিদ জানিয়েছেন, ঘূর্ণিঝড়টি উড়িষ্যার ওপর অবস্থান করায় শনিবারও বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে রোববার থেকে আবহাওয়া পরিষ্কার হয়ে যেতে পারে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের সব বিভাগেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রোববার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও ঢাকা বিভাগের কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
বৃষ্টিতে ঠান্ডা বাড়লেও এখনই শীত নয়
নভেম্বরের বৃষ্টিতে তাপমাত্রা কমে আসায় শীতের অনুভূতি তৈরি হলেও আবহাওয়াবিদরা এটিকে সাময়িক পরিবর্তন হিসেবেই দেখছেন। তাদের মতে, বৃষ্টির কারণে বাতাস ও পরিবেশের তাপমাত্রায় পরিবর্তন আসে। আকাশ মেঘাচ্ছন্ন থাকলে এবং বৃষ্টির পর বাতাস প্রবাহিত হলে ঠান্ডা বেশি অনুভূত হতে পারে। তবে বৃষ্টি থেমে আকাশ পরিষ্কার হলে দিনের বেলায় আবারও তাপমাত্রা বাড়তে পারে।
আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম শনিবার দুপুরে সমকালকে বলেন, বর্তমানে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে স্বাভাবিক প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে। এ কারণে তাপমাত্রা ও আবহাওয়ার অনুভূতিতে এমন পরিবর্তন দেখা যাচ্ছে। তবে এ সময়ের পরিবর্তনকে শীতের স্থায়ী আগমন বলা যাবে না।
এ ছাড়া নভেম্বর মাসে স্বাভাবিকের তুলনায় বৃষ্টিপাত বেশি হয়েছে, নাকি কম তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। মাসের বাকি সময়ের বৃষ্টিপাতের হিসাব পাওয়ার পর এ বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া যাবে। তাই চলমান বৃষ্টিকে কেন্দ্র করে শীতের আগমন নিয়ে এখনই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না।
ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে বাড়বে শীতের আমেজ
আবহাওয়াবিদদের ধারণা, ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে তাপমাত্রা কমতে শুরু করতে পারে। এর প্রভাব প্রথমে বেশি অনুভূত হবে দেশের উত্তরাঞ্চলে। বিশেষ করে উত্তরাঞ্চলের জেলাগুলোতে রাত ও ভোরের তাপমাত্রা কমে শীতের অনুভূতি বাড়তে পারে। পরে ধীরে ধীরে দেশের মধ্যাঞ্চল, ঢাকা ও দক্ষিণাঞ্চলেও শীতের প্রভাব বাড়বে।
সাধারণত উত্তরাঞ্চলে শীতের প্রভাব আগে দেখা দেয়। উত্তরের হিমেল বাতাস, রাতের তাপমাত্রা কমে যাওয়া এবং কুয়াশার কারণে এসব এলাকায় শীতের অনুভূতি তুলনামূলক বেশি থাকে। অন্যদিকে ঢাকা ও দক্ষিণাঞ্চলে শীতের প্রভাব বাড়তে কিছুটা সময় লাগতে পারে।
শৈত্যপ্রবাহের আশঙ্কা আট থেকে ১০টি
শীতের শুরুটা তুলনামূলক স্বাভাবিক থাকলেও পরবর্তী সময়ে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত তিন মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ে দেশে আট থেকে ১০টি মৃদু থেকে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে দুই থেকে তিনটি মাঝারি এবং একটি তীব্র শৈত্যপ্রবাহে রূপ নিতে পারে।
অর্থাৎ নভেম্বরের বৃষ্টির কারণে এখন যে ঠান্ডা অনুভূত হচ্ছে, সেটিই শীতের শেষ বা পুরো মৌসুমের চিত্র নয়। বরং ডিসেম্বর ও জানুয়ারিতে তাপমাত্রা আরও কমে শীতের প্রকোপ বাড়তে পারে। বিশেষ করে উত্তরাঞ্চল ও দেশের পশ্চিমাঞ্চলে শৈত্যপ্রবাহের প্রভাব বেশি অনুভূত হওয়ার আশঙ্কা রয়েছে।
বৃষ্টির পর কি শীত অপেক্ষা করছে?
আবহাওয়ার বর্তমান পরিস্থিতি বলছে, নভেম্বরের এই বৃষ্টি সাময়িকভাবে ঠান্ডার অনুভূতি বাড়ালেও শীতের স্থায়ী আগমনের জন্য অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কেটে গেলে রোববার থেকে আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর তাপমাত্রার ওঠানামা চলতে পারে। তবে ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে তাপমাত্রা কমার প্রবণতা বাড়লে শীতের আমেজও স্পষ্ট হবে। তাই নভেম্বরের বৃষ্টিকে আগাম বার্তা বলা গেলেও একে শীতের পূর্ণ আগমন বলা যাচ্ছে না।
সূত্র: সমকাল.কম
জাতীয় থেকে আরো পড়ুন