জগন্নাথপুরে কিশোরী ধর্ষণ মামলার আসামি কাউছার গ্রেপ্তার

প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২৬ ২০:১৮

জগন্নাথপুরে এক কিশোরীকে ধর্ষণের মামলার প্রধান পলাতক আসামি কাউছার ইসলামকে (২২) গ্রেপ্তার করেছে এসআরবি—৯। গত শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৮টার দিকে দিরাই উপজেলার চন্ডিপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত কাউছার ইসলাম জগন্নাথপুর থানার আহমদাবাদ গ্রামের হারিছ উল্লাহর ছেলে।

 


এসআরবি—৯ সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরী জগন্নাথপুর উপজেলার বুরাইয়া এলাকার বাসিন্দা। তার বাবা একজন দিনমজুর এবং মা জীবিকার তাগিদে প্রবাসে থাকেন। ভুক্তভোগীর আপন চাচাতো ভাই কাউছার ইসলাম দীর্ঘদিন ধরে তাকে বিভিন্নভাবে উত্ত্যক্ত ও কুপ্রস্তাব দিয়ে আসছিল। এ বিষয়ে কিশোরীর বাবা কাউছারের পরিবারকে একাধিকবার জানিয়েও কোনো প্রতিকার পাননি। একপর্যায়ে তিনি কাউছারকে তাদের বাড়িতে আসতে নিষেধ করলে সে ক্ষিপ্ত হয়ে ওঠে।

 


মামলার এজাহার ও স্থানীয় সূত্রে আরও জানা যায়, গত ১৬ জুলাই কিশোরীর বাবা তার এক সন্তানকে নিয়ে সিলেটের বিশ্বনাথ থানার রায়কেশী গ্রামে শ্বশুরবাড়িতে বেড়াতে যান। ওই দিন রাত ১০টার দিকে পরিবারের অন্য সদস্যরা ঘুমিয়ে পড়লে কাউছার ভুক্তভোগীর বাড়িতে গিয়ে তার ভাইয়ের নাম ধরে ডাকে। কিশোরী সরল বিশ্বাসে দরজা খুলে দিলে কাউছার ঘরে ঢুকে মুখ চেপে ধরে এবং গলা টিপে হত্যার ভয় দেখিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করে।

 


এ সময় কিশোরীর কান্নার শব্দ শুনে তার ভাই ঘরে এলে ভুক্তভোগী তাকে বিষয়টি জানায় এবং স্থানীয়দের সহায়তায় কাউছারকে আটক করা হয়। পরবর্তীতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বিষয়টি মীমাংসার আশ্বাস দিয়ে আসামিপক্ষ কালক্ষেপণ করতে থাকে এবং কোনো সমাধান না করায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে গত ৩০ সেপ্টেম্বর জগন্নাথপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা (নং—২০) দায়ের করেন।

 


মামলার পর থেকেই আসামিকে গ্রেপ্তারে ছায়া তদন্ত ও গোয়েন্দা তৎপরতা শুরু করে এসআরবি—৯, সিপিসি—৩, সুনামগঞ্জ। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় দিরাইয়ের চন্ডিপুর বাজার থেকে পলাতক আসামি কাউছারকে গ্রেপ্তার করা হয়।
সিলেট এসআরবি—৯ এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃত আসামিকে জগন্নাথপুর থানায় হস্তান্তর করা হয়েছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার