কাঁচাবাজার/ জায়গা সং‘কট নিরসনে শুরু হবে ২৫ লাখ টাকার কাজ

প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২৬ ২১:১৭

সুনামগঞ্জ পৌরসভার কাঁচাবাজারে জায়গার সংকটে দুর্ভোগে পড়েছেন ব্যবসায়ী ও ক্রেতারা। পর্যাপ্ত জায়গা না থাকায় অনেক ব্যবসায়ী বসতে পারছেন না। বাজারে আগে নির্মিত দুইতলা মার্কেটের জায়গার যথাযথ ব্যবহার না হওয়া এবং নতুন করে বাজার সম্প্রসারণের প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা রয়েছে। এ অবস্থায় কাঁচাবাজারের সংকট নিরসনে ২৫ লাখ টাকার একটি কাজের দরপত্র আহ্বান করেছে পৌরসভা। পাশাপাশি বিদ্যমান মার্কেটের ওপরের দিকে সম্প্রসারণ এবং জেলা প্রশাসনের জমিতে বহুতল মার্কেট নির্মাণের পরিকল্পনা নিয়ে দৈনিক সুনামগঞ্জের খবরের সংবাদ সংযোগ ‘খবরনামা’য় কথা বলেছেন পৌরসভার সহকারী প্রকৌশলী আশরাফুল ইসলাম। সঞ্চালনা করেন সহকারী সম্পাদক জাহাঙ্গীর আলম।

 


দৈনিক সুনামগঞ্জের খবর: কাঁচাবাজারে জায়গার সংকট কতটা প্রকট? ব্যবসায়ীদের বসার জায়গা না হওয়ার কারণ কী?
আশরাফুল ইসলাম কয়েস: পৌরসভার একটি দুইতলা বিশিষ্ট কাঁচাবাজার রয়েছে। নিচতলায় মাছ ও সবজি বিক্রির ব্যবস্থা এবং ওপরের তলায় দোকান বরাদ্দ দেওয়া হচ্ছে। কিন্তু নিচতলার জায়গার যথাযথ ব্যবহার হচ্ছে না। সেখানে মাছের পাশাপাশি অল্প কিছু জায়গায় সবজি বিক্রি হয়। কিছু জায়গা অব্যবহৃত রয়েছে, আবার বিভিন্ন ব্যক্তি হোটেল ও রেস্টুরেন্ট দিয়ে বসেছেন। নিচতলার জায়গাটি পরিকল্পিতভাবে মাছ ও সবজি বিক্রির জন্য ব্যবহার করা গেলে রাস্তার ওপর যেসব দোকান বসে, সেই চাপ কিছুটা কমানো সম্ভব হবে।

 


দৈনিক সুনামগঞ্জের খবর: আগে নির্মিত মার্কেটটি কতটা পরিকল্পিত ছিল? নির্মাণকাজের মান নিয়ে অনিয়মের অভিযোগ কতটা সত্য?
আশরাফুল ইসলাম কয়েস: প্রকল্পটি বিশ্বব্যাংকের অর্থায়নে বিএমডিএফ প্রকল্পের আওতায় বাস্তবায়িত হয়েছিল। প্রকল্পটির পরামর্শক হিসেবে বিদেশি বিশেষজ্ঞরা দায়িত্ব পালন করেছেন। শহরের বিভিন্ন শ্রেণি—পেশার মানুষ, সংশ্লিষ্ট অংশীজন ও ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করেই মার্কেটটির নকশা করা হয়েছিল। তখন মেয়র আয়ুব বখত জগলুল দায়িত্বে ছিলেন। নির্মাণকাজের মানের বিষয়ে আমি দায়িত্বে আসার আগে কাজটি হয়েছে। তবে যতটুকু জানি, বিশ্বব্যাংকের প্রকল্পে ইচ্ছামতো কাজ করার সুযোগ নেই। পৌরসভার পাশাপাশি এলজিইডি ও প্রকল্পসংশ্লিষ্ট বিশেষজ্ঞরা কাজ তদারকি করেন। বিভিন্ন পরীক্ষা—নিরীক্ষার পর বিল দেওয়া হয়। তাই প্রকল্পটির মান নিয়ে যে অভিযোগ রয়েছে, সে বিষয়ে আমার জানা তথ্য অনুযায়ী, যথাযথ তদারকির মধ্য দিয়েই কাজটি বাস্তবায়িত হয়েছে।

 


দৈনিক সুনামগঞ্জের খবর: বর্তমান বাজারের জায়গা সংকট নিরসনে পৌরসভার সুনির্দিষ্ট পরিকল্পনা কী?
আশরাফুল ইসলাম কয়েস: জেলা প্রশাসকের কার্যালয়ের পশ্চিম পাশের দেয়ালসংলগ্ন একটি মার্কেট ছিল। সেটি ভেঙে ফেলার পর সেখানকার ব্যবসায়ীদের সামাল দিতে পৌরসভাকে সমস্যায় পড়তে হচ্ছে। এ ছাড়া বর্তমান মার্কেটের নিচতলার জায়গাও যথাযথভাবে ব্যবহার করা যাচ্ছে না। আমরা মনে করি, ব্যবসায়ী, পৌরসভা ও সংশ্লিষ্ট সবাই মিলে জায়গাগুলোর সুষ্ঠু বণ্টন ও ব্যবহার নিশ্চিত করতে পারলে সংকট কিছুটা কমবে। এছাড়া সুনামগঞ্জ—৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের নেতৃত্বে কাঁচাবাজারের সংকট নিরসনে আলোচনা হয়েছে। তাঁর নির্দেশনায় ২৫ লাখ টাকার একটি দরপত্র আহ্বান করা হয়েছে। বাজারের যানজট, জায়গার সংকট এবং বিদ্যমান ভবনকে আরও আধুনিক করে ব্যবসায়ীদের বসার ব্যবস্থা করার বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। ঠিকাদারও নির্বাচিত হয়েছেন। সংসদ সদস্য ঢাকায় থেকে ফিরলে কাজটির উদ্বোধন করা হবে। কাজটি বাস্তবায়িত হলে সংকট কিছুটা কমবে বলে আশা করছি।

 

দৈনিক সুনামগঞ্জের খবর: নতুন কাজের মাধ্যমে কি বহুতল ভবন নির্মাণ করা হবে, নাকি বর্তমান মার্কেটের সম্প্রসারণ করা হবে?
আশরাফুল ইসলাম কয়েস: বর্তমান মার্কেটটির ভিত্তি বহুতল ভবন নির্মাণের উপযোগী করে করা হয়েছে। বিশ্বব্যাংকের অর্থায়নে আমরা দুইতলা পর্যন্ত নির্মাণ করতে পেরেছিলাম। প্রয়োজন হলে বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে ভবনটি ওপরের দিকে সম্প্রসারণের সুযোগ রয়েছে। এতে বাজারের জায়গার সংকট কিছুটা কমানো সম্ভব হতে পারে।

 


দৈনিক সুনামগঞ্জের খবর: বাজার সম্প্রসারণে নতুন জায়গা বরাদ্দ কিংবা বহুতল মার্কেট নির্মাণের কোনো পরিকল্পনা আছে কি?
আশরাফুল ইসলাম কয়েস: বাজার সম্প্রসারণের জন্য পৌরসভার হাতে নতুন কোনো জায়গা বরাদ্দ নেই। তবে পৌরসভার কিছু গুরুত্বপূর্ণ জায়গায় মার্কেট নির্মাণের পরিকল্পনা রয়েছে। সেগুলো বাস্তবায়িত হলে বাজারের ওপর কিছুটা চাপ কমতে পারে। তবে মাছ, সবজি ও অন্যান্য পণ্যের ব্যবসায়ীদের জন্য মূল কাঁচাবাজারের জায়গার সংকট আলাদাভাবে সমাধান করতে হবে। আগে যেখানে খোলামাঠে কাঁচাবাজার বসত, সেখানে এখন বিভিন্ন দোকানপাট তৈরি হয়েছে। এসব দোকান অস্থায়ীভাবে করা হয়েছে এবং সেগুলো ওপরের দিকে সম্প্রসারণের সুযোগ নেই। আমার মনে হয়, বাজারের এই সংকট থেকে স্থায়ীভাবে উত্তরণের জন্য জায়গাটি নতুনভাবে পরিকল্পনা করে বহুতল মার্কেট নির্মাণের বিষয়টি বিবেচনা করতে হবে।

 


দৈনিক সুনামগঞ্জের খবর: নতুন স্থাপনা নির্মাণ হলে ব্যবসায়ীদের পুনর্বাসন ও জায়গা বরাদ্দ কীভাবে নিশ্চিত করা হবে?
আশরাফুল ইসলাম কয়েস: পৌরসভার বাজার বরাদ্দের একটি নীতিমালা রয়েছে। সেই নীতিমালা অনুযায়ী পরিষদের সদস্য ও সংশ্লিষ্টদের পরামর্শ নিয়ে দোকান বরাদ্দ দেওয়া হবে। তবে অগ্রাধিকার দেওয়া হবে কাঁচাবাজারের প্রকৃত ও পুরোনো ব্যবসায়ীদের। তাঁদের বিষয়টি বিবেচনায় রেখেই বরাদ্দের ব্যবস্থা করা হবে। আরেকটি বিষয় হলো, যোগাযোগব্যবস্থার উন্নতির কারণে এখন শহরের বাইরে থেকেও অনেক মানুষ সবজি, মাছ ও মাংস নিয়ে বাজারে আসেন। কিন্তু বাইরে থেকে আসা প্রত্যেক ব্যবসায়ীকে স্থায়ী জায়গা দেওয়া পৌরসভার পক্ষে কঠিন। শহরের বাসিন্দাদের প্রয়োজন অনুযায়ী দোকান বরাদ্দের ব্যবস্থা করা সম্ভব হলেও সবার জন্য স্থায়ী জায়গা নিশ্চিত করা সহজ নয়।

 


দৈনিক সুনামগঞ্জের খবর: কাঁচাবাজারের দীর্ঘদিনের সমস্যা সমাধানে কত দিনের মধ্যে দৃশ্যমান উদ্যোগ নিতে পারবেন?
আশরাফুল ইসলাম কয়েস: বর্তমান দুইতলা মার্কেটটি সম্প্রসারণের ক্ষেত্রে একটি সুবিধা হলো, এর ভিত্তি বহুতল ভবনের উপযোগী। আগে বিশ্বব্যাংকের অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছিল। পৌরসভার প্রশাসক ঋণের টাকা সরকারকে পরিশোধ করেছেন। ফলে এখন নিজস্ব উদ্যোগে ভবনটি সম্প্রসারণের ক্ষেত্রে ঋণসংক্রান্ত কোনো আইনগত বাধা নেই বলে আমরা মনে করছি। বিদ্যমান ভবনকে ওপরের দিকে সম্প্রসারণ করা গেলে খরচ তুলনামূলক কম হবে এবং দ্রুত কাজ বাস্তবায়ন করা সম্ভব হতে পারে। এছাড়া মার্কেটের পূর্ব দিকে যে দোকানগুলো রয়েছে, সেগুলো ভেঙে নতুন করে মার্কেট নির্মাণের পরিকল্পনাও করা যেতে পারে। তবে ওই জায়গা জেলা প্রশাসনের খতিয়ানভুক্ত। জেলা প্রশাসক পৌরসভাকে জায়গাটি বরাদ্দ দিলে রাজস্ব খাতের অর্থায়নে দ্রুত আধুনিক মার্কেট নির্মাণের উদ্যোগ নেওয়া সম্ভব। সবার মতামতের ভিত্তিতে কার্যকর নকশা তৈরি করতে আমাদের খুব বেশি সময় লাগবে না। এ জন্য পৌরসভার তহবিলেও পর্যাপ্ত অর্থ রয়েছে।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার