প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২৬ ২১:০৮
নবম গ্রেডে পদোন্নতি পেলেন শিক্ষক লিয়াকত হাসনাত
শারীরিক প্রতিবন্ধকতা যে স্বপ্নপূরণের পথে বাধা হতে পারে না, তার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন তাহিরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক লিয়াকত হাসনাত। দীর্ঘদিনের অধ্যবসায় ও অদম্য ইচ্ছাশক্তির মাধ্যমে বিএড ডিগ্রি সম্পন্ন করে অবশেষে সিনিয়র শিক্ষক হিসেবে নবম গ্রেডে পদোন্নতি পেয়েছেন তিনি।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ গত ১২ নভেম্বর এ—সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সুপারিশের ভিত্তিতে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে কর্মরত ২৯ জন সহকারী শিক্ষককে সিনিয়র শিক্ষক পদে পদোন্নতি দেওয়া হয়েছে। পদোন্নতিপ্রাপ্তরা নবম গ্রেডের প্রথম শ্রেণির নন—ক্যাডার কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে তাদের নিজ নিজ কর্মস্থলে পদায়ন করা হয়েছে।
২০০১ সালের ব্যাচের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক লিয়াকত হাসনাত দীর্ঘ কর্মজীবনে নানা প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন। শারীরিক প্রতিবন্ধকতার কারণে চলাফেরায় তাঁকে হুইল চেয়ারের সাহায্য নিতে হয়। এর পাশাপাশি বিএড ডিগ্রি সম্পন্ন না হওয়ায় দীর্ঘদিন আটকে ছিল তাঁর কাঙ্ক্ষিত পদোন্নতি। তবে শারীরিক সীমাবদ্ধতা কিংবা বয়সের কাছে হার মানেননি তিনি। দীর্ঘদিনের প্রচেষ্টা, অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের মাধ্যমে সম্প্রতি বিএড ডিগ্রি সম্পন্ন করেন।
নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে লিয়াকত হাসনাত বলেন, জীবনের প্রতিটি অর্জনের পেছনে কিছু সংগ্রাম ও ত্যাগ থাকে। শারীরিক সীমাবদ্ধতার কারণে পথচলাটা আমার জন্য কিছুটা কঠিন ছিল। বিএড ডিগ্রি অর্জন ও কাঙ্ক্ষিত পদোন্নতি পাওয়া ছিল আমার দীর্ঘদিনের স্বপ্ন। নানা প্রতিকূলতার মধ্যেও হাল ছাড়িনি। অবশেষে সেই স্বপ্ন পূরণ হওয়ায় আমি আনন্দিত ও কৃতজ্ঞ।
এদিকে তাঁর এই অর্জনে সহকর্মী, শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে। সবাই তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন।
উপজেলার খবর থেকে আরো পড়ুন