পাইকারি সবজি বাজার নেই, ভো‘গান্তিতে কৃষক-ব্যবসায়ীরা

প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২৬ ২১:১৪

সুনামগঞ্জ পৌর শহরের বাজার সম্প্রসারণের দাবি

সুনামগঞ্জ উৎপাদিত শাকসবজি বিপণনের জন্য পর্যাপ্ত ও উপযোগী পাইকারি বাজার না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন জেলার কৃষক, ব্যবসায়ী ও পাইকাররা। শহরের বর্তমান পাইকারি সবজি বাজারে জায়গার সংকট, অপরিকল্পিত ব্যবস্থাপনা ও প্রয়োজনীয় অবকাঠামোর অভাবে ব্যাহত হচ্ছে স্বাভাবিক কেনাবেচা। অনেকটা ঠাসাঠাসি করে, এমনকি রাস্তার ওপর বসেও পণ্য বিক্রি করতে হচ্ছে ব্যবসায়ীদের। এতে একদিকে কৃষকরা উৎপাদিত সবজির ন্যায্যমূল্য পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন, অন্যদিকে আগ্রহ হারাচ্ছেন বাইরের জেলার পাইকাররাও।

 


সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, একসময় শহরের জেল রোড এলাকায় সুরমা নদীর পাড়ে পাইকারি সবজির বাজার বসত। পরবর্তী সময়ে ওই পাড় ভরাট করে মার্কেট নির্মাণ করায় আগের বাজারের স্বাভাবিক পরিবেশ ও পরিসর আর নেই। বর্তমানে যে স্থানে পাইকারি সবজির কেনাবেচা চলছে, সেটি মূলত অস্থায়ী বাজার হিসেবে ব্যবহৃত হচ্ছে। ফলে জেলার বিভিন্ন উপজেলা ও হাওরাঞ্চল থেকে আসা কৃষকদের উৎপাদিত বিপুল পরিমাণ সবজি নিয়ে বাজারে বসার পর্যাপ্ত জায়গা পাওয়া যায় না।
বাজার ঘুরে দেখা যায়, সীমিত জায়গায় গাদাগাদি করে বসেছেন সবজি বিক্রেতারা। কোথাও কোথাও রাস্তার ওপরও পণ্য সাজিয়ে বিক্রি করতে হচ্ছে। এতে ক্রেতা ও পাইকারদের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। পাশাপাশি পণ্য ওঠানামা ও পরিবহনে বাড়তি দুর্ভোগ পোহাতে হচ্ছে ব্যবসায়ীদের। বিশেষ করে শীতকালীন সবজির মৌসুমে বাজারে পণ্যের সরবরাহ বাড়ায় এই সংকট আরও তীব্র হয়ে ওঠেছে।

 

 


বাজারের পুরোনো ব্যবসায়ী বিল্লাল হোসেন বলেন, প্রকৃত অর্থে এখানে কোনো স্থায়ী ও উপযোগী সবজি বাজার নেই। বর্তমানে যে বাজারটি দেখছেন, এটি অস্থায়ীভাবে চলছে। একসময় এই জায়গাতেই সবজির বাজার ছিল। পরবর্তী সময়ে গত সরকারের আমলে সাবেক মেয়র নাদের বখত এর সময়কালে এখানে মার্কেট নির্মাণ করা হয় এবং মার্কেট নির্মাণ করায় বাজারটি কার্যত সংকুচিত হয়ে গেছে। এখন এলাকার কৃষক ও ব্যবসায়ীরা তাদের উৎপাদিত সবজি নিয়ে এসে স্বাচ্ছন্দ্যে বিক্রি করতে পারেন না। আমরা একটি ভালো ও বৃহৎ পরিসরের সবজি বাজার চাই, যেখানে কৃষকরা তাদের পণ্য নিয়ে এসে সহজেই বিক্রি করতে পারবেন।

 


সবজি বিক্রেতা জালাল উদ্দীন বলেন, ব্যবসা করতে গিয়ে প্রতিনিয়ত সমস্যায় পড়তে হচ্ছে। জায়গা কম থাকায় যত্রতত্র মালামাল নিয়ে বসতে হয়। ঠাসাঠাসি করে বসার কারণে ক্রেতা ও পাইকাররাও স্বাচ্ছন্দ্যে আসতে পারেন না। এতে আমাদের ব্যবসা পরিচালনা কঠিন হয়ে পড়েছে।

 


সদর উপজেলার সুরমা ইউনিয়নের সৈয়দপুর গ্রামের কৃষক আব্দুস সাত্তার প্রচুর পরিমাণ মূলাসহ বিভিন্ন ধরনের শাকসবজি নিয়ে বাজারে এসেছেন বিক্রির জন্য। তিনি বলেন, আমাদের উৎপাদিত সবজি নিয়ে বাজারে এসে বিক্রি করতে অনেক অসুবিধা হয়। পর্যাপ্ত জায়গা নেই, মালামাল নিয়ে বসারও ব্যবস্থা নেই। আবার চাহিদামতো পাইকারও পাওয়া যায় না। একারণে অনেক সময় সবজি বিক্রি করতে ভোগান্তিতে পড়তে হয়।

 


পাইকারি সবজি বিক্রেতা আব্দুল মান্নান বলেন, এই বাজারে ব্যবসা করে আমরা স্বস্তি পাচ্ছি না। জায়গার অভাবে পাইকারদের যেমন সমস্যা হচ্ছে, তেমনি কৃষকরাও তাদের উৎপাদিত পণ্য বিক্রি করতে ভোগান্তিতে পড়ছেন। বাজারটি আধুনিক ও ব্যবসার উপযোগী করে নির্মাণ করা প্রয়োজন।
কাঁচাবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জহির মিয়া বলেন, সুনামগঞ্জে বড় পরিসরের কোনো পাইকারি সবজি বাজার নেই। এ কারণে বাইরের জেলার পাইকাররা এখানে আসতে আগ্রহী হন না। রাস্তার ওপর বসে কেনাবেচা করতে হয়। জরুরি ভিত্তিতে একটি পরিকল্পিত ও উপযোগী পাইকারি সবজি বাজার প্রয়োজন। বৃহৎ পরিসরে এমন একটি বাজার নির্মাণ করা হলে কৃষক, ব্যবসায়ী ও পাইকার—সবাই উপকৃত হবেন।

 


ব্যবসায়ী ও কৃষকদের মতে, সুনামগঞ্জের কৃষি অর্থনীতিকে আরও গতিশীল করতে উৎপাদনের পাশাপাশি কৃষিপণ্য বাজারজাতকরণের সুযোগ—সুবিধা নিশ্চিত করা জরুরি। এ জন্য শহরে বৃহৎ পরিসরের একটি পরিকল্পিত পাইকারি সবজি বাজার গড়ে তোলা প্রয়োজন। সেখানে কৃষকদের পণ্য নিয়ে বসার পর্যাপ্ত জায়গা, পণ্য ওঠানামার সুবিধা, যানবাহন চলাচল ও পার্কিংয়ের ব্যবস্থা, নিরাপদ সংরক্ষণাগার, পানি নিষ্কাশন এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে হবে। এ ধরনের বাজার প্রতিষ্ঠিত হলে জেলার বিভিন্ন উপজেলা ও হাওরাঞ্চলের কৃষকরা সরাসরি তাদের উৎপাদিত সবজি বিক্রির সুযোগ পাবেন। একইসঙ্গে বাইরের জেলা থেকে পাইকারদের আগমন বাড়বে, বাজারে প্রতিযোগিতা তৈরি হবে এবং কৃষকরা তাঁদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পাওয়ার সম্ভাবনা তৈরি হবে।

 


পৌরসভার প্রকৌশলী আশরাফুল ইসলাম কয়েস’র সাথে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, আমি প্রশাসকের অনুমতি ছাড়া এ বিষয়ে কথা বলতে পারব না।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার