প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২৬ ২০:৩৪
জগন্নাথপুরে বোনের বাড়ি থেকে জাহিদ মিয়া জিম্মাদার (২৮) নামে কার্যক্রম নিষিদ্ধ এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। জাহিদ ছাত্রলীগের জগন্নাথপুর উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক। রবিবার তাকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
জাহিদ উপজেলার সৈয়দপুর—শাহারপাড়া ইউনিয়নের অনুচন্দ গ্রামের মৃত হিরন মিয়া জিম্মাদারের ছেলে। গত শনিবার রাতে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের নারিকেলতলা গ্রামে জাহিদের বোনের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) মতিউর রহমান বলেন, ১৩ নভেম্বর শান্তিগঞ্জ থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা হয়। ওই মামলার সাথে জড়িত সন্দেহে জাহিদকে গ্রেপ্তার করে শান্তিগঞ্জ থানায় পাঠানো হয়েছে।
এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার ওসি অলি উল্লাহ বলেন, আসামিকে রবিবার সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, ২০২৫ সালের ১৫ জুন জাহিদ মিয়া জিম্মাদারকে তার এক ভাগ্নের বিয়ের অনুষ্ঠান থেকে গ্রেপ্তার করা হয়।
উপজেলার খবর থেকে আরো পড়ুন