সিলেট বিআরটিএ কার্যালয়ে ঘু‘ষ বাণিজ্যের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক

প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২৬ ১৯:৩৭

সিলেট বিআরটিএ কার্যালয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযান।

সিলেটের বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে গাড়ির ফিটনেস নবায়নকে কেন্দ্র করে ঘুষ লেনদেন ও সেবাপ্রার্থীদের হয়রানির অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে দুদকের সিলেট সমন্বিত জেলা কার্যালয়ের একটি দল অভিযান চালিয়ে এসব অনিয়মের প্রাথমিক প্রমাণ পায়।

দুদক সূত্রে জানা গেছে, বিআরটিএ কার্যালয়ের কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ফিটনেস নবায়নে সেবাপ্রার্থীদের হয়রানি এবং দালালদের মাধ্যমে ঘুষের বিনিময়ে সেবা দেওয়ার অভিযোগ ছিল। এসব অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে গত ১৭ নভেম্বর জমা পড়া ৭১টি ফিটনেস নবায়নের আবেদন পর্যালোচনা করে দুদক। এর মধ্যে একটি গাড়ির ইঞ্জিন নম্বরসহ প্রয়োজনীয় তথ্য সঠিক থাকা সত্ত্বেও দায়িত্বপ্রাপ্ত বিআরটিএ কর্মকর্তা ইঞ্জিন নম্বরের ওপর নীল কালির বিশেষ গোল চিহ্ন দিয়ে সেটিকে ভুল হিসেবে উল্লেখ করেন।

দুদকের বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী সময়ে একজন দালাল সংশ্লিষ্ট সেবাপ্রার্থীর কাছে টাকা দাবি করেন। তাকে ৩ হাজার ৭০০ টাকা দেওয়ার পর গাড়িটির ফিটনেস নবায়ন সম্পন্ন হয়। ঘটনাটি বিআরটিএ কার্যালয়ে দালালচক্রের মাধ্যমে ঘুষ লেনদেনের অভিযোগকে সামনে এনেছে।

অভিযান শেষে দুদক সংশ্লিষ্ট কার্যালয়ের কাছে প্রয়োজনীয় কিছু রেকর্ডপত্র চেয়েছে। এসব নথি সংগ্রহ ও পর্যালোচনার পর বিস্তারিত প্রতিবেদন কমিশনে জমা দেওয়া হবে।

এ বিষয়ে দুদকের সিলেট সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক সুবেল আহমদ বলেন, অভিযানে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। প্রয়োজনীয় রেকর্ডপত্র সংগ্রহের পর সেগুলো পর্যালোচনা করে বিস্তারিত প্রতিবেদন কমিশনে দাখিল করা হবে।

সিলেট থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার