প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২৬ ২২:৪৮
সুনামগঞ্জ সদর এলাকায় অভিযান চালিয়ে ১১৮ বোতল বিদেশি মদ ও একটি সিএনজিসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে এসআরবি—৯, সিপিসি—৩। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. দ্বীন ইসলাম (৩৬)। তিনি বিশ্বম্ভরপুর থানার কাপনা গ্রামের মৃত. অদুদ মিয়ার ছেলে।
সোমবার (২৩ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সিলেট এসআরবি—৯—এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত রবিবার (২২ নভেম্বর) রাত পৌনে ১০টার দিকে সুনামগঞ্জ সদর থানার নতুন বাসস্ট্যান্ড এলাকায় অবস্থানকালে এসআরবি—৯—এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, রাধানগর পয়েন্ট থেকে একটি সিএনজিতে করে মাদকদ্রব্য নিয়ে কতিপয় ব্যক্তি সদর থানার আব্দুজ জহুর সেতুর টোল প্লাজার দিকে যাচ্ছে। তথ্য পেয়ে রাত ১০টার দিকে সদর থানার কুতুবপুর এলাকার আব্দুজ জহুর সেতুর টোল প্লাজার সামনে চেকপোস্ট বসায় আভিযানিক দলটি। এ সময় একটি সিএনজিকে থামার সংকেত দিলে এক ব্যক্তি নেমে পালানোর চেষ্টা করেন। তাৎক্ষণিকভাবে তাকে আটক করা হয়।
.jpg)
জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি নিজের কাছে বিদেশি মদ থাকার কথা স্বীকার করেন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সিএনজির ভেতরে থাকা ১৫টি কালো পলিথিনের ব্যাগ তল্লাশি করে ১১৮ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। একই সঙ্গে পরিবহনে ব্যবহৃত সিএনজিটিও জব্দসহ তাকে গ্রেপ্তার দেখানো হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত দ্বীন ইসলাম জানান, তিনি সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে বিদেশি মদ সংগ্রহ করেছিলেন এবং বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮—এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে গ্রেপ্তারকৃত আসামি ও জব্দকৃত আলামত সুনামগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এসআরবি—৯—এর গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
উপজেলার খবর থেকে আরো পড়ুন