প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২৬ ২৩:০৬
সুনামগঞ্জ শহরের সবচেয়ে ব্যস্ততম পুরাতন বাসস্টেশন এলাকা। বিশেষ করে গণপরিবহনের যাত্রীদের কাছে যে এলাকার বিকল্প কোন জায়গা নেই। দূরপাল্লার সকল বাস ছাড়ে ও থামে পুরাতন বাসস্টেশনে। আন্তজেলা—উপজেলার মাইক্রোবাস, প্রাইভেট কার, সিএনজি লেগুনা সহ সব ধরনের পরিবহনের কেন্দ্রস্থল হওয়ায় দূর দূরান্ত থেকে মানুষ আসে পুরাতন বাসস্টেশনে। রাতে, ভোরে দেশের বিভিন্ন জায়গা থেকে বাসে যাত্রীরা এখানে নামেন। এখানে নেমে নিজ নিজ উপজেলার গন্তব্যে পৌঁছান। জনগুরুত্বপূর্ণ এই জায়গায় এই চক্রের তৎপরতা ধরা পড়েছে। পুরাতন বাসস্টেশনে ঘিরে সক্রিয় ১০—১৫ সদস্যের একটি ছিনতাই চক্র। এদের দু’একজন টার্গেট করা ব্যাক্তিদের ফাঁদে ফেলে, অন্য কয়েকজন এসে বিচার শালিশের নামে জোর করে আদায় করে অর্থ। প্রতারণা বা ব্ল্যাকমেইলের ফাঁদে পেলে এভাবেই ছিনিয়ে নিচ্ছে সব। এক সপ্তাহে এই বাসস্টেশনে এলাকার একশো গজের মধ্যে ঘটেছে একাধিক ঘটনা। কাউকে মাদক দিয়ে ফাঁসিয়ে লুট করা হচ্ছে সব, কখনো ভাঙা মোবাইল ফেলে আবার কখনো যুবক যুবতীদের একসাথে পেলেই ছিনিয়ে নেয়া হয় টাকা পয়সা মোবাইল।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, ছিনতাইয়ের সাথে জড়িত এসব যুবক পুলিশের সোর্স হিসেবে কাজ করে। সেই সুযোগ কাজে লাগিয়ে নির্ভয়ে এসব অপরাধ করে যাচ্ছে।
গেল বৃহস্পতিবার দিনের বেলা ফুটপাত ধরে হেঁটে যাচ্ছিলেন মধ্যবয়স্ক এক ব্যক্তি। হঠাৎ তার গায়ের সাথে এক যুবকের ধাক্কা লাগে। সাথে সাথে মোবাইল পড়ে যায়। যে মোবাইলটি ছিল ভাঙা। সাথে সাথে লোক জড়ো করে শুরু হয় নাটক। এসময় আশপাশের ব্যবসায়ীরা এগিয়ে আসলে প্রতারণার হাত থেকে বেঁচে যান ওই ব্যাক্তি। পরে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায় ইচ্ছাকৃতভাবে হাত লাগিয়ে ভাঙা মোবাইল ফেলে দেয় ওই যুবক।
এর আগের বৃহস্পতিবার রাত প্রায় ১১ টা ডাচ বাংলা ব্যাংকের সামনে সস্ত্রীক শহরে ঘুরতে আসা এক যুবককে ঝাপটে ধরে শুভ ও জেসি নামের দুই যুবক। ঝাপটে ধরে টেনে হিঁচড়ে অন্যত্র নিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় উপস্থিত কয়েকজন গণমাধ্যমকর্মীর চোখে পড়লে তারা এগিয়ে যান। ঘটনা সম্পর্কে জানতে চাইলে অভিযুক্ত শুভ নিজের পকেট থেকে ইয়াবা বের করে জামালগঞ্জের যুবককে ফাঁসানোর চেষ্টা করে। গণমাধ্যম কর্মীদের সন্দেহ হলে তাদের থানায় নিয়ে যায়। থানায় যাচাই বাছাই শেষে ভুক্তভোগী যুবককে ছেড়ে দিয়ে ছিনতাইয়ে অভিযুক্ত শুভ ও জেসীকে হেফাজতে নেয়া হয়। কিছুক্ষণ পর এদের ছেড়ে দেওয়া হয়। পরে ফেসবুক লাইভে এসে ওই ভুক্তভোগী ঘটনা সম্পর্কে জানান এবং বিচারের দাবি করেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী এক ব্যবসায়ী বলেন, এরকম ঘটনা প্রত্যেকদিন এই এলাকায় ঘটছে। মোবাইল ফেলে, মাদক দিয়ে ফাঁসিয়ে চিপা চাপায় নিয়ে আদায় করা হয় অর্থ। রাতে বা ভোরে বাস থেকে যদি কোন যুবক যুবতি নামে তাহলে এরা আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। তাদের মধ্যেই থাকে বিচারক। এক দুজন ঘটনা ঘটায় অন্যরা এসে বিচার করে। এদের বিরুদ্ধে যে ব্যবস্থা নিবে তাদের সাথেই চলাফেরা করে। ২৪ ঘন্টা থানার ভেতরে পাওয়া যায় তাদের। ওরা পুলিশের সোর্স। তাদের ডাকের সাথে সাথে পুলিশও চলে আসে।
আরেক ঘটনার প্রত্যক্ষদর্শী গণমাধ্যমকর্মী মনোয়ার চৌধুরী বলেন, আমরা কয়েকজন গণমাধ্যমকর্মী ডাচ বাংলা ব্যাংকের সামনে দাঁড়িয়ে আলাপ করছি এর মধ্যে দেখি একজন যুবককে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে দুইজন। একজনের নাম শুভ, অন্যজন জেসি। খোঁজ নিয়ে জানা যায় অভিযুক্ত শুভ উত্তর আরপিন নগরের বাসিন্দা মৃত দিলাল আহমেদের ছেলে। তার বিরুদ্ধে চুরি, ছিনতাই, চাঁদাবাজি, নারী ও শিশু নির্যাতন সহ ৩টি মামলা আছে।
শুভ ও জেসি’র দাবি, ওই যুবক তাদের দেখে মাটিতে মাদক ফেলে দেয়। এই কথাবার্তা অসংলগ্ন মনে হলে তাদের নিয়ে থানায় যাই। পরে জেসি ও শুভকে উল্টো হেফাজতে নিয়ে ভুক্তভোগী নিরীহ ছেলেকে ছেড়ে দেয়া হয়।
এ বিষয়ে সুনামগঞ্জ সদর থানার পরিদর্শক তদন্ত মোহাম্মদ আরিফ উল্লাহ জানান, ইয়াবা দিয়ে ফাঁসানোর ঘটনা বুঝতে পেরে সাথে সাথেই দুজনকে হেফাজতে নেই। পরে কেউ কোন অভিযোগ না করায় তাদের ছেড়ে দেই। আমরা এরকম একটা অভিযোগের অপেক্ষায় আছি। পাশাপাশি আমরা এই ছিনতাই চক্র সম্পর্কে অবগত আছি। তাদের বিরুদ্ধে আমাদের তৎপরতা অব্যাহত আছে। অভিযোগ না পেলেও হাতেনাতে প্রমাণসহ এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার চেষ্টা করছে পুলিশ। আশাকরি শীঘ্রই এরা পুলিশের জালে ধরা পড়বে।
উপজেলার খবর থেকে আরো পড়ুন