প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নয়ন কাজ এগিয়ে যাবে

প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২৬ ২২:৫৩

সুনামগঞ্জ জেলা পরিষদের ১০০টি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের প্রায় ৩ কোটি টাকার অধিক বরাদ্দের চেক বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে জেলা পরিষদের সম্মেলন কক্ষে এই চেক বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান চৌধুরী ও প্রধান নির্বাহী কর্মকর্তা সমর কুমার পাল। এছাড়া বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 


অনুষ্ঠানে প্রশাসক মিজানুর রহমান চৌধুরী বলেন, সুনামগঞ্জ জেলা পরিষদের পক্ষ থেকে প্রায় ১০০ টি প্রকল্পে ৩ কোটি টাকার অধিক বরাদ্দ দেওয়া হয়েছে। এই বরাদ্দের মাধ্যমে জেলার বিভিন্ন উপজেলার ইউনিয়নে শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা ও কবরস্থানের উন্নয়ন হবে। একইভাবে মন্দির ও গির্জাসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানেরও উন্নয়ন করা হবে।
তিনি আরও বলেন, টেন্ডারের মাধ্যমে রাস্তা, ব্রিজ ও কালভার্টের উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে। জেলার বিভিন্ন গ্রাম ও ইউনিয়নে শতাধিক প্রকল্পে চেক বিতরণ করতে পারা আমাদের জন্য আনন্দের।

 


প্রশাসক এই অনুদান দিতে পারার জন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া জানান। পাশাপাশি প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, তাঁর নেতৃত্বেই সারা দেশে উন্নয়ন কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং জেলা পরিষদে উন্নয়ন বরাদ্দ এসেছে। তাঁর নির্দেশনায়ই সুনামগঞ্জ জেলা পরিষদ উন্নয়ন কাজ চালিয়ে যাচ্ছে।
কাজের গুণগত মান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, কোনো প্রকল্পের কাজের মান খারাপ হলে কিংবা দরপত্রের শিডিউল অনুযায়ী কাজ সম্পন্ন না হলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। উন্নয়নকাজে অনিয়ম ও নিম্নমানের কাজের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না।

 


মিজানুর রহমান চৌধুরী আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে সুনামগঞ্জের জেলা পরিষদের মাধ্যমে উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে। 
এ সময় আগামী ১২ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের সুনামগঞ্জ সফরের প্রসঙ্গ তুলে ধরে জেলা পরিষদ প্রশাসক বলেন, প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে সুনামগঞ্জবাসী আনন্দিত ও আশাবাদী। সফরকালে তিনি দেশীয় খেলাধুলা বা কান্ট্রি গেমস এবং ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীর সুনামগঞ্জ সফরকালে জেলার দীর্ঘদিনের সমস্যা ও মানুষের প্রাণের দাবিগুলোও প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হবে। স্থানীয় সংসদ সদস্যরা জেলার বিভিন্ন সমস্যা ও উন্নয়ন প্রত্যাশার বিষয়গুলো উপস্থাপন করবেন। জেলা পরিষদের পক্ষ থেকেও জেলার প্রয়োজনীয় উন্নয়ন প্রকল্প ও সমস্যাগুলো তুলে ধরা হবে।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার