শিশুদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নিয়ন্ত্রণ জরুরি

প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২৬ ২৩:০৩

১৬ বছর বা তার কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগ মাধ্যমের প্লাটফর্মে প্রবেশের সুযোগ রোধে বাধ্যতামূলক অন্তবর্তীকালীন গাইডলাইন প্রস্তুত ও জারি করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। জনস্বার্থে করা এক রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি শিকদার মো. মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রবিবার রুলসহ এ আদেশ দেন। গাইডলাইন প্রণয়নে অপ্রাপ্তবয়স্কদের ওপর অ্যালগারিদম নিয়ন্ত্রিত ফিডের কাঠামোগত প্রভাব মূল্যায়নে বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি স্বাধীন কমিটি গঠন করতেও নির্দেশ দেন হাইকোর্ট। বিভিন্ন সামাজিক যোগাযোগ প্লাটফর্মে বর্তমানে শিশু ও বয়স্করা অতি আসক্ত হয়ে পড়েছেন বলে দেখা যায়। পরিবারের সকল সদস্যের হাতে অ্যান্ড্রয়েড মোবাইল এবং ইন্টারনেট এক্সেস থাকায় সকলেই মোবাইল স্ক্রিনে ব্যস্ত থাকেন। কেউ কারো সাথে কথা বলেন না, বাইরে বেরোন না, সামাজিক সম্পর্ক থেকে বিচ্ছিন্ন থাকেন, বাস্তবতার বাইরে এক কল্পলোকের বাসিন্দা হয়ে সময় কাটান। এতে ব্যক্তিতে—ব্যক্তিতে বিচ্ছিন্নতা তৈরিসহ নানা ধরনের সামাজিক, শারীরিক ও মনোস্তাত্ত্বিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন সকলে। বিশেষ করে ছাত্র—ছাত্রীদের এই আসক্তি চরম পর্যায়ে পৌঁছেছে। শিশু বয়স নিজেকে গড়ার সময় যার উপর দাঁড়িয়ে তাঁর ভবিষ্যৎ রচিত হয়। গুরুত্বপূর্ণ এই সময়ে শিক্ষার্থীদের মোবাইল আসক্তি তাঁদের মূল লেখা—পড়ার সমূহ ঘাটতি তৈরি করে। এর ক্ষতিকারক প্রভাব সাম্প্রতিক পাবলিক পরীক্ষার ফলাফলে প্রকাশিত হচ্ছে। শিক্ষকরা খারাপ ফলাফলের জন্য অতিরিক্ত মোবাইল আসক্তিকে অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করছেন। যেকোনো প্রযুক্তি মানবকল্যাণের উদ্দেশ্যেই আবিষ্কৃত হয়। তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রভূত উন্নয়ন মানুষের জীবনে নানাবিধ উপকার এনেছে সত্য কিন্তু এর পাশাপাশি প্রযুক্তিকে খারাপ ব্যবহারের কারণে মানুষের বিস্তর ক্ষতির কারণ হয়েও উঠেছে। তাই অতিরিক্ত মোবাইল আসক্তি রোধ করতে অভিভাবকদের চিন্তার শেষ নেই। অনলাইন প্লাটফর্ম একটি কেন্দ্র—নিয়ন্ত্রিত সিস্টেম। বলাবাহুল্য বেশিরভাগ প্লাটফর্মই দেশের বাইরে থেকে পরিচালিত হয়। আমরা কেবল ব্যবহারকারী মাত্র। ফেসবুক, ইনস্ট্রাগ্রাম, স্ন্যাপশট, রিলস, ইউটিউব প্রভৃতি কোনো প্রযুক্তিই আমাদের তৈরি নয়। কিন্তু এগুলোর ক্ষতিকারক প্রভাবের শিকার আমরা। সরকারি হস্তক্ষেপ ভিন্ন এই ক্ষতিকারক প্রভাব মোকাবিলা এক কথায় অসম্ভব। এমন প্রেক্ষাপটে হাইকোর্টের এই রুল অতিশয় গুরুত্বপূর্ণ। হাইকোর্টের আদেশ অনুসারে সরকারের সংশ্লিষ্ট দপ্তর যথাযথ ব্যবস্থা গ্রহণ করলে একটি প্রজন্মকে অকাল পতনের হাত থেকে বাঁচানো সম্ভব হবে। 

 


আইসিডিডিআর.বি এর এক গবেষণা মতে, ঢাকার প্রতি ৫ শিশুর চারজনেরও বেশি দিনে ২ ঘণ্টার বেশি সময় মোবাইল স্ক্রিনে সামনে কাটায়। এই শিশুরা স্মার্টফোন, টেলিভিশন, কম্পিউটার ও গেমিং ডিভাইস ব্যবহারে প্রতিদিন গড়ে সাড়ে চার ঘণ্টা সময় ব্যবহার করে। গবেষকদের তথ্য মতে অতিরিক্ত অনলাইন আসক্তির কারণে এক তৃতীয়াংশের বেশি শিশু চোখের সমস্যায় ভোগছে। ৮০ শতাংশ শিশু প্রায়ই মাথা ব্যথায় ভোগছে। ঘুমের সময় উল্লেখযোগ্য পরিমাণে কমে গেছে। যেখানে শিশুদের শারীরিক বৃদ্ধি ও মস্তিষ্কের বিকাশের জন্য দিনে ৮ থেকে ১০ ঘণ্টা ঘুম দরকার সেখানে এখন ঘুমের সর্বোচ্চ পরিমাণ ৭.৩ ঘণ্টায় নেমে এসেছে। গবেষণায় অংশগ্রহণকারী শিশুদের ১৪ শতাংশ অতিরিক্ত ওজন ও স্থূলতায় ভোগছে বলে দেখা যায়। স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, শৈশবে দীর্ঘদিন পর্যাপ্ত ঘুম না হলে স্মৃতিশক্তি, মনোযোগ, শেখার ক্ষমতা ও আবেগ নিয়ন্ত্রণের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। পাশাপাশি শারীরিক বৃদ্ধি ব্যাহত হতে পারে। শিশুদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের এই ঝঁুকি মোকাবিলায় এখনই ব্যবস্থা গ্রহণ না করলে ভবিষ্যতের প্রজন্ম অপূর্ণাঙ্গ শরীর ও মস্তিষ্ক নিয়ে সমাজের বোঝা বাড়াবে বলে আশঙ্কা প্রকাশ অমূলক নয়। সুতরাং সরকারকে দ্রুত এই বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণের দিকে এগোতে হবে। 

 


শিশুদের মোবাইল আসক্তি দূরিকরণে সরকারি ব্যবস্থার পাশাপাশি অভিভাবক ও শিক্ষকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। প্রাপ্তবয়স্ক হওয়ার আগে শিশুরা যাতে অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকতে হবে। লেখা—পড়ার প্রয়োজনে ইন্টারনেট ব্যবহারের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। কিন্তু শিক্ষার্থীদের লেখাপড়ায় ইন্টারনেট ব্যবহার থাকতে হবে অভিভাবক ও শিক্ষকদের সরাসরি তদারকিতে। ক্ষতিকারক কনটেন্টগুলোতে শিশুদের প্রবেশাধিকার নিয়ন্ত্রণে টেলি যোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) প্রয়োজনীয় কারিগরি ব্যবস্থা গ্রহণ করতে পারে। বিশেষ করে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে একাউন্ট খোলার ক্ষেত্রে বয়সসীমা বেঁধে দেয়াসহ তা যথাযথভাবে কার্যকরের ব্যবস্থা সরকারকেই গ্রহণ করতে হবে। আমাদের শিশুদের ইন্টারনেট আসক্তিতে ডুবিয়ে রেখে নিজেদের ভবিষ্যৎ অন্ধকার করতে পারি না। সুতরাং হাইকোর্ট যে আদেশ দিয়েছেন সেই আলোকে দ্রুত যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আমাদের অনুরোধ রইলো।

সম্পাদকীয় থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার