রাতের আঁধারে অ‘বৈধভাবে ড্রে‘জারে বালু উত্তোলন

প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২৬ ২৩:০২

শাল্লা উপজেলায় কুশিয়ারা নদী থেকে রাতের আঁধারে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের নেতা কাজল মিয়ার বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে ড্রেজার বসিয়ে নদী থেকে বালু তোলায় নদী তীরবর্তী এলাকায় তীব্র ভাঙন আতঙ্ক তৈরি হয়েছে। এতে বসতবাড়ি, বাজার, শিক্ষাপ্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থাপনা হুমকির মুখে পড়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

 


স্থানীয় সূত্রে জানা গেছে, কাজল মিয়া ও তার সহযোগীরা নিয়মিত রাতের আঁধারে কুশিয়ারা নদীর বিভিন্ন পয়েন্টে ড্রেজার বসিয়ে বালু তুলছেন। এর প্রভাবে নদীর তীরবর্তী প্রতাপপুর বাজার, ভেড়াডহর, মেদা বাজার ও মুছাপুর গ্রামের বাসিন্দারা ভাঙন শঙ্কায় দিন কাটাচ্ছেন। অবৈধ বালু উত্তোলনে বাধা দিতে গেলে স্থানীয়দের হুমকি ও হয়রানির শিকার হতে হচ্ছে বলেও অভিযোগ রয়েছে। দুই দিন আগে রাত ১২টার পর ভেড়াডহর গ্রামের পূর্ব—দক্ষিণ পাশে কুশিয়ারা নদীতে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের দৃশ্য দেখা যায়। 

 

 

 

 


স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, রাত ১২টার দিকে শুরু হওয়া এই কার্যক্রম ভোর ৬টা পর্যন্ত চলে এবং ভাঙনকবলিত মেদা বাজার পর্যন্ত বিস্তৃত হয়। সর্বশেষ গত ২০ নভেম্বর রাত ১টার পর মেদা বাজারসংলগ্ন এলাকায় ড্রেজার চালু করে বালু তোলা শুরু করলে স্থানীয় বাসিন্দারা বাধা দেন। এ সময় কাজল মিয়ার সঙ্গে এলাকাবাসীর বাগবিতণ্ডা হয় এবং একপর্যায়ে তিনি স্থানীয়দের হেনস্তা ও হুমকি দেন বলে অভিযোগ উঠেছে।

 

 

 


সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ঘটনাস্থলে বালু উত্তোলনের দৃশ্য ধারণ করার সময় ড্রেজারটি কার—এমন প্রশ্ন করা হলে কাজল মিয়া ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘ড্রেজার আমার, তুই কে? ক্যামেরা কেন করছিস, ভিডিও কেন করছিস?’ এ সময় ভিডিও ধারণ বন্ধ করতে স্থানীয়দের হুমকি দেওয়ার দৃশ্যও স্পষ্ট দেখা যায়।
মেদা গ্রামের সাহাঙ্গীর মিয়া জানান, বাজারে যাওয়ার পথে মির্জাকান্দা গ্রামের কাজল মিয়াকে নদী থেকে বালু তুলতে দেখেন তিনি। এ নিয়ে দুই পক্ষের মধ্যে চিৎকার—চেঁচামেচি হয় এবং তিনি বালু তুলতে নিষেধ করে সেখান থেকে চলে আসেন।

 


একই গ্রামের আব্দুল কাশেম অভিযোগ করে বলেন, ‘নদী ভাঙনে মেদা বাজার ইতিমধ্যেই নদীগর্ভে চলে গিয়েছে। আমাদের বসতবাড়ি নিয়েও এখন আতঙ্কে আছি।’ তাঁর দাবি, এর মধ্যেই কাজল মিয়া মুছাপুর মৌজা থেকে দীর্ঘদিন ধরে নিয়মিত বালু তুলছেন। এসময় গত ২৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়ার পরও বালু উত্তোলন বন্ধ হয়নি বলে জানান তিনি।

 


নাম প্রকাশ না করার শর্তে মুছাপুর গ্রামের এক বাসিন্দা বলেন, ‘আওয়ামী লীগ নেতা কাজল মিয়ার দাপট এখনো কমেনি। শুনেছি আজমিরীগঞ্জ থেকে কয়েকজন বিএনপির নেতার আশ্রয়—প্রশ্রয়ে সে আরও বেপরোয়া হয়ে উঠেছে। আমাদের ঘরবাড়ি, জমিজমা সব নদী ভাঙনে বিলীন হয়ে যাচ্ছে।’

 


স্থানীয়দের আরও অভিযোগ, বাধা দিলে প্রাণনাশের হুমকিসহ নানা ভয়ভীতি দেখানো হয় এবং জরুরি সেবা ৯৯৯—এ ফোন করেও কার্যকর সমাধান মিলছে না। বিস্তীর্ণ এলাকা ভাঙনের হাত থেকে বাঁচাতে দ্রুত ড্রেজার বন্ধ ও জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
অভিযুক্তের বক্তব্যএ বিষয়ে সরাসরি কাজল মিয়ার সঙ্গে কথা বলা সম্ভব হয় নি। মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘কয়েকদিন আগে স্থানীয়রা আনলোড ড্রেজার আটক করেছিল, এটা ড্রেজার নয়। ড্রেজার আমি আগে চালাইতাম, এখন বাদ দিয়ে দিছি’—এ কথা বলে ফোন সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

 


শাল্লা থানার ওসি মোহাম্মদ সুহেল বলেন, ‘কাজল গংদের বিরুদ্ধে বালুমহাল আইনে ইতোপূর্বেই মামলা দেওয়া হয়েছে। তাকে ধরতে অভিযানও চালানো হয়েছে। কিন্তু যে সময় পুলিশ যায়, তখন গিয়ে তাদেরকে স্পটে পাওয়া যায় না। তবে কেউ অবৈধভাবে বালু উত্তোলন করলে আইনের হাত থেকে ছাড় পাবে না।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাস বলেন, ‘অবৈধভাবে বালু উত্তোলনের সময় স্থানীয়রা আটক করলে বেশ কয়েকজনের নামে মামলা দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে কথা হয়েছে। খোঁজখবর নিয়ে তাদেরকে আইনের আওতায় আনা হবে।’

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার