মুক্তমত

তিন ভরি সোনার চেয়েও দামি আমির উদ্দিনের সততা

প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২৬ ২৩:০৪

সমাজে প্রতিনিয়ত নানা অনিয়ম, দুর্নীতি, প্রতারণা আর স্বার্থপরতার খবর আমাদের সামনে আসে। মানুষের প্রতি মানুষের বিশ্বাস যখন ক্রমেই দুর্বল হয়ে পড়ছে তখন সুনামগঞ্জের চানাচুর বিক্রেতা আমির উদ্দিনের একটি ঘটনা নতুন করে মনে করিয়ে দিলো মানুষের সবচেয়ে বড় সম্পদ তার সততা। আমির উদ্দিনের নিজের ঘরে অভাব ও জীবনে হাজারো সংকট। প্রতিদিনের আয়েই চলে সংসার। মাথা গেঁাজার মতো নিজের একটি ঘরও নেই। অথচ পথের ধারে কুড়িয়ে পাওয়া প্রায় তিন ভরি স্বর্ণালংকার নিজের কাছে রেখে দেওয়ার সামান্য লোভও তাঁকে স্পর্শ করতে পারেনি। কারণ তিনি জানেন যে, অভাব নিয়ে বেঁচে থাকা যায় কিন্তু বিবেক বিক্রি করে নয়। 

 


মানুষের জীবনে অভাব কতটা নির্মম হতে পারে তা তারাই ভাল জানেন যাঁরা প্রতিদিন জীবিকার জন্য সংগ্রাম করেন। সামান্য কিছু অতিরিক্ত অর্থ তাঁদের জীবনে অনেক বড় স্বস্তি এনে দিতে পারে। অথচ সেই অভাবের মধ্যেও কেউ কেউ এমন দৃষ্টান্ত স্থাপন করেন যা অর্থবিত্তের অহংকারে বড় হওয়া মানুষকেও নতুন করে নিজের বিবেকের সামনে দাঁড় করায়। আমির উদ্দিন তেমনই একজন মানুষ।

 


সুনামগঞ্জ পৌর শহরের আলফাত স্কয়ার এলাকায় ভ্যান গাড়িতে চানাচুর বিক্রি করেন ৩৫ বছর বয়সী আমির উদ্দিন। রোববার সন্ধ্যায় তাঁর ভ্যানের চাকার কাছে পড়ে থাকা একটি ব্যাগ কুড়িয়ে পান তিনি। ব্যাগের ভেতরে ছিল প্রায় তিন ভরি স্বর্ণালংকার। জীবনের কঠিন বাস্তবতায় অভ্যস্ত এই মানুষটি চাইলে মুহূর্তেই বদলে দিতে পারতেন নিজের সংসারের আর্থিক পরিস্থিতি। কিন্তু অন্যের সম্পদ নিজের করে নেওয়ার কথা তাঁর বিবেক একবারও মেনে নেয়নি; বরং প্রায় চার ঘণ্টা ধরে প্রকৃত মালিকের সন্ধান করেছেন। রাত ১১টার দিকে পুলিশের উপস্থিতিতে স্বর্ণালংকারসহ ব্যাগটি ফিরিয়ে দিয়েছেন মালিকের হাতে।

 


যিনি ভ্যানগাড়িতে চানাচুর বিক্রি করে সংসার চালান সেই মানুষটির কণ্ঠেই উচ্চারিত হয়েছে এক অসাধারণ জীবনবোধ— ‘ছোটবেলা থাকি কষ্ট করি চলি। পরের জিনিসে লোভ নাই।’ কত সহজে কথাটি বলেছেন আমির উদ্দিন! অথচ এই সহজ কথার গভীরতা অনেক বড়। তিন ভরি সোনা তাঁর কাছে ছিল না নিজের ভাগ্য বদলে দেওয়ার সুযোগ; বরং অন্যের আমানত। স্বর্ণ দেখে ভয় পাওয়ার কথাও বলেছেন তিনি। নিজের দোকানে নিরাপদে রাখা সম্ভব নয় বলে ছেলেকে দিয়ে ঘরে পাঠিয়েছিলেন। তাঁর দোকানে আগেও তিনবার চুরি হয়েছে। নিজের নিরাপত্তা নিয়েও যাঁর দুশ্চিন্তা রয়েছে তিনিই অন্যের সম্পদ রক্ষায় এতোটা দায়িত্বশীল হয়েছেন— এই বিবেকবোধই তাঁকে আলাদা করেছে।

 


এই ঘটনা আমাদের সমাজের সামনে কিছু অস্বস্তিকর প্রশ্নও রেখে যায়। আমরা কি সত্যিই সততাকে যথাযথ মূল্যায়ন করি? নাকি অসৎ উপায়ে রাতারাতি বিত্তশালী হয়ে ওঠা মানুষদের সাফল্য হিসেবেই বিবেচনা করতে শিখেছি? যাঁরা মানুষের সম্পদ আত্মসাৎ করেন, প্রতারণা করেন, ক্ষমতা ও প্রভাবের অপব্যবহার করেন তাঁদের ভিড়ে আমির উদ্দিনের মতো একজন সাধারণ মানুষ কেন এত অসাধারণ হয়ে ওঠেন? সততা কি তবে আমাদের সমাজে এতটাই বিরল হয়ে গেছে যে, অন্যের হারানো সম্পদ ফিরিয়ে দেওয়াও এখন সংবাদ হওয়ার মতো ঘটনা?
আমির উদ্দিনের ঘটনাটি আমাদের মনে করিয়ে দেয় যে, দারিদ্র্য আর অসততা এক বিষয় নয়। একজন মানুষ অর্থনৈতিকভাবে দরিদ্র হতে পারেন, কিন্তু নৈতিকতায় হতে পারেন অনেক ধনী। আবার বিপুল সম্পদের মালিক হয়েও কেউ কেউ বিবেকের দিক থেকে নিঃস্ব হতে পারেন। মানুষের প্রকৃত বড়ত্ব তার পকেটের ওজনে নয়, তার চরিত্রের দৃঢ়তায়। আমির উদ্দিন সেই সত্যটিই নিজের কাজ দিয়ে প্রমাণ করেছেন।

 


আমাদের সন্তানদের শুধু ভালো ফলাফল করতে, বড় চাকরি পেতে কিংবা অনেক টাকা উপার্জন করতে শেখালেই চলবে না। শেখাতে হবে অন্যের সম্পদের প্রতি সম্মান, বিপদে মানুষের পাশে দাঁড়ানো এবং নিজের বিবেকের কাছে সৎ থাকার শিক্ষা। কারণ একটি সমাজ শুধু বড় বড় দালান, সড়ক কিংবা অর্থনৈতিক উন্নয়ন দিয়ে সমৃদ্ধ হয় না; সমাজের প্রকৃত সমৃদ্ধি নির্ভর করে মানুষের নৈতিকতা, বিশ্বাস ও মানবিকতার ওপর।

 


আমির উদ্দিনের মতো এমন একজন মানুষকে শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসা কিংবা সংবাদ প্রকাশের মধ্যেই সীমাবদ্ধ রাখা উচিত নয়। স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সমাজের বিত্তবানদের উচিত তাঁর সততার যথাযথ স্বীকৃতি দেওয়া। তাঁর জীবিকার উন্নয়নে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। তবে সবচেয়ে বড় কথা, তাঁর আত্মসম্মান ও মর্যাদার প্রতি শ্রদ্ধা রাখতে হবে। কারণ তিনি কারও করুণার পাত্র নন; তিনি সম্মান পাওয়ার যোগ্য একজন মানুষ।
আমির উদ্দিন হয়তো জানেন না যে, তাঁর এই ছোট্ট কাজটি কত বড় একটি বার্তা দিয়ে গেছে। পরদিনও হয়তো তাঁকে একইভাবে ভ্যানগাড়ি নিয়ে রাস্তায় নামতে হয়েছে। বিক্রি করতে হচ্ছে চানাচুর। তাঁর জীবনের অভাব হয়তো এক রাতেই দূর হবে না। কিন্তু তিনি যে সম্পদ অর্জন করেছেন তা তিন ভরি সোনার চেয়েও দামি।

লেখক : সাংবাদিক

উপসম্পাদকীয় থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার