জামালগঞ্জে গভীর রাতে বালুভর্তি নৌকাডুবি, নিখোঁজ ২ শ্রমিক

প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৬ ১০:০৪

জামালগঞ্জে গভীর রাতে সুরমা নদীতে নোঙর করে রাখা বালুভর্তি একটি নৌকা ডুবে দুই শ্রমিক নিখোঁজ হয়েছেন। বুধবার (২৫ নভেম্বর) রাত দেড়টার দিকে উপজেলার সাচনা বাজার মাছঘাট সংলগ্ন চামারবাড়ী ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নৌকায় থাকা অপর চার শ্রমিক সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও তাদের মধ্যে দুজন আহত হয়েছেন।
নিখোঁজ শ্রমিকরা হলেন- জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়নের ইনাতনগর গ্রামের আবুল কাশেমের ছেলে মোবাশ্বির (২৬) ও একই গ্রামের পিয়াস উদ্দিনের ছেলে মারুফ (১৯)।

স্থানীয় সূত্রে জানা যায়, ইনাতনগর গ্রামের গোবিন্দ দাসের মালিকানাধীন তমা নৌপরিবহনের বালুবাহী নৌকাটি ৬৫০ ফুট বালু ধারণ ক্ষমতাসম্পন্ন। বালুভর্তি অবস্থায় নৌকাটি সাচনা বাজার মাছঘাট সংলগ্ন চামারবাড়ী ঘাট এলাকায় সুরমা নদীতে নোঙর করা ছিল। নৌকাটিতে ছয়জন শ্রমিক অবস্থান করছিলেন। তাদের মধ্যে দুজন নৌকার বিশ্রামকক্ষে ঘুমিয়ে ছিলেন এবং অন্য চারজন বালুর ওপর বসে ছিলেন।
রাত দেড়টার দিকে হঠাৎ নৌকার ভেতরে পানি ঢুকতে শুরু করে। একপর্যায়ে খুঁটির সঙ্গে বাঁধা নোঙরের রশি ছিঁড়ে গেলে নৌকাটি নদীতে ডুবে যায়। এ সময় বিশ্রামকক্ষে ঘুমিয়ে থাকা দুই শ্রমিক পানির নিচে তলিয়ে নিখোঁজ হন। অপর চার শ্রমিক সাঁতরে নদীর তীরে উঠতে সক্ষম হন।
এ ঘটনায় মোস্তাকিম (২২) ও সুমন (২০) নামে দুই শ্রমিক আহত হয়েছেন। তাদের জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। অপর দুই শ্রমিক আমিরুল (১৯) ও অনু দাস (২৫) সুস্থ রয়েছেন।
ঘটনার পর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ-পুলিশ নিখোঁজ দুই শ্রমিককে উদ্ধারে অভিযান চালাচ্ছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত (সকাল ৯টা) তাদের সন্ধান পাওয়া যায়নি।

জামালগঞ্জ নৌ-পুলিশের পরিদর্শক সজল কানু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাতে বালুভর্তি একটি নৌকা ডুবে দুই শ্রমিক নিখোঁজ হয়েছেন। তাদের এখনো সন্ধান পাওয়া যায়নি। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রাণী মোদক বলেন, ঘটনাটি আপনার (সাংবাদিকের) মাধ্যমে জানতে পেরেছি। এর আগে কেউ তাকে বিষয়টি জানাননি। তিনি বলেন, বিষয়টি খোঁজ নিয়ে দেখছেন।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার