তেলের দামে চেপে বসেছে ২০২৭ সালের শ'ঙ্কা

প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৬ ১১:০৩

সংগৃহীত ছবি

২০২৭ সালে বিশ্ববাজারে চাহিদার তুলনায় জ্বালানি তেলের সরবরাহ বেড়ে যাওয়ার আশঙ্কা চেপে বসেছে তেলের বাজারে। এর প্রভাবে বুধবার (২৫ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে কমেছে অপরিশোধিত তেলের দাম। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ৫ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯০ ডলার ৫ সেন্টে নেমে এসেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ডব্লিউটিআইয়ের দাম কমেছে ১ দশমিক ৭ শতাংশ।

 

 


রয়টার্স বলছে, ২০২৭ সালে বিশ্ববাজারে তেলের সরবরাহ চাহিদার তুলনায় বেড়ে যাওয়ার আশঙ্কা এবং মধ্যপ্রাচ্যে জাহাজ চলাচলে বিঘ্নের উদ্বেগের মধ্যে এ দরপতন হয়েছে। এর আগে মঙ্গলবার উভয় ধরনের তেলের দাম ২ শতাংশের বেশি বেড়েছিল।

 

 

এলএসইজির জ্যেষ্ঠ তেলবিষয়ক গবেষক ঝেনচিয়াং সেটো বলেন, ২০২৭ সালে তেলের সরবরাহ চাহিদার তুলনায় বেশি হওয়ার আশঙ্কা মধ্যপ্রাচ্যে জাহাজ চলাচলের ঝুঁকিকে ছাড়িয়ে যাচ্ছে। বিশেষ করে আগামী ২৯ নভেম্বর ওপেক প্লাসের বৈঠকে ২০২৭ সালের উৎপাদননীতি নিয়ে অনিশ্চয়তা বাজারে প্রভাব ফেলছে।

 

 


ওই বৈঠকে সংযুক্ত আরব আমিরাতের উৎপাদনসংক্রান্ত অবস্থান এবং ইরাকের তেল উৎপাদন সক্ষমতা বাড়ানোর প্রচেষ্টাও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ইরাক উৎপাদন সক্ষমতার হিসাব বাড়ানোর জন্য ওপেক প্লাসের ওপর চাপ দিচ্ছে। এতে জোটের সদস্যদের মধ্যে আগামী বছরের উৎপাদনসীমা নির্ধারণ নিয়ে উত্তেজনা বাড়তে পারে।

 

 

এদিকে লিবিয়ার শারারা তেল পাইপলাইন আবার চালু হয়েছে। পাইপলাইনের একটি ভালভ বন্ধ করে দেওয়ার পর সেটি পুনরায় খুলে দেওয়া হয়েছে এবং তেল সংরক্ষণাগারে প্রবাহিত হতে শুরু করেছে।

 

 

তবে মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ কাটেনি। হরমুজ প্রণালির কাছে জাহাজে হামলা এবং সৌদি আরব ও হুতিদের মধ্যে পালটাপালটি হামলা তেলের বাজারে অনিশ্চয়তা বাড়াচ্ছে।

 

 

যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের মজুতও বেড়েছে। গত ২০ নভেম্বর শেষ হওয়া সপ্তাহে দেশটির তেলের মজুত ১ লাখ ২৬ হাজার ব্যারেল বেড়েছে বলে জানিয়েছে আমেরিকান পেট্রোলিয়াম ইনস্টিটিউটের তথ্য।

 

 

তবে রয়টার্সের জরিপে অংশ নেওয়া আট বিশ্লেষকের ধারণা, ওই সময়ে মজুত গড়ে প্রায় ১৫ লাখ ব্যারেল বাড়তে পারে।

সূত্র: যুগান্তর .কম
 এসএ

আন্তর্জাতিক থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার