প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৬ ২২:৪১
দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ একরার হোসেনকে আবারও সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ। অস্ত্র আইনে দায়ের করা একটি ফৌজদারি মামলার অভিযোগপত্র আদালত গ্রহণ করায় তার বিরুদ্ধে এ প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
গত ২৪ নভেম্বর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ইউপি—১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব আতিফুল ইসলাম।
প্রজ্ঞাপনে বলা হয়, কুলঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ একরার হোসেনের বিরুদ্ধে দায়ের করা জি.আর. মামলা নম্বর ২২০/২০২৫—এর অভিযোগপত্র ঞযব অৎসং অপঃ, ১৮৭৮—এর সংশ্লিষ্ট ধারায় বিজ্ঞ আদালত গ্রহণ করেছেন। এ ছাড়া তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ ইউনিয়ন পরিষদের ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে আইনবহির্ভূত বলে বিবেচিত হওয়ায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯—এর ৩৪(১) ধারা অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
উল্লেখ্য, এর আগে ২০২৫ সালের ৫ ফেব্রুয়ারি একটি উচ্চবিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষককে বিদ্যালয়ে প্রবেশে বাধা, মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। তবে পরবর্তী সময়ে ওই বরখাস্তের আদেশ স্থগিত করা হয়। এবার অস্ত্র আইনের মামলায় অভিযোগপত্র আদালত গ্রহণ করায় নতুন করে তাকে সাময়িক বরখাস্তের আদেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।
উপজেলার খবর থেকে আরো পড়ুন