ত্রু‘টিপূর্ণ কাজে আড়াই কোটি টাকার বিল, যাদুকাটা সেতুর অ‘নিয়মে তদ‘ন্তের দাবি

প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৬ ২৩:০৪

তাহিরপুরে যাদুকাটা নদীর ওপর নির্মাণাধীন শাহ আরেফিন (রা.)—অদ্বৈত মহাপ্রভু মৈত্রী সেতুর কাজ আট বছরেও শেষ হয় নি। এরমধ্যে দুই দফায় ভেঙে পড়েছে সাতটি গার্ডার। ত্রুটিপূর্ণ কাজকে ত্রুটিমুক্ত দেখিয়ে ঠিকাদারকে প্রায় আড়াই কোটি টাকা বিল দেওয়ার অভিযোগ উঠেছে। এতে সরকারের প্রায় চার কোটি টাকা ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। সেতুর অনিয়ম, সংশ্লিষ্টদের দায় ও কাজের দীর্ঘসূত্রতা নিয়ে দৈনিক সুনামগঞ্জের খবরের বিশেষ আয়োজন ‘খবরনামা’য় কথা বলেছেন তাহিরপুর উপজেলা বিএনপির সাবেক তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক আবুল হোসেন। সঞ্চালনায় ছিলেন সহকারী সম্পাদক জাহাঙ্গীর আলম।

 


দৈনিক সুনামগঞ্জের খবর: আট বছরেও যাদুকাটা সেতুর কাজ শেষ না হওয়া এবং গার্ডার ভেঙে পড়ার পেছনে কী কারণ দেখছেন?
আবুল হোসেন: আট বছরে কাজটি ধাপে ধাপে দীর্ঘায়িত হয়েছে। সময় ও ব্যয় দুটোই বেড়েছে। আমার মতে, এর পেছনে দুর্নীতি ও নিয়ন্ত্রণহীন ব্যবস্থাপনা দায়ী। কাজের তদারকি ও জবাবদিহি থাকলে এভাবে বছরের পর বছর লাগত না।

 


দৈনিক সুনামগঞ্জের খবর: ত্রুটিপূর্ণ কাজকে ত্রুটিমুক্ত দেখিয়ে বিল দেওয়ার অভিযোগ কতটা গুরুতর? প্রকৌশলীদের দায় কী?
আবুল হোসেন: এ ঘটনায় সংশ্লিষ্ট প্রকৌশলীদের পাশাপাশি ওই সময়ের জনপ্রতিনিধি, স্থানীয় সরকার বিভাগ, জেলা প্রশাসন ও প্রকৌশল বিভাগের দায়িত্ব এড়ানোর সুযোগ নেই। আমার অভিযোগ, একটি সিন্ডিকেটের মাধ্যমে কাজের অনিয়ম হয়েছে এবং ত্রুটিপূর্ণ কাজের বিল পরিশোধ করা হয়েছে। কাজের মান যাচাই না করে সন্তুষ্টি প্রকাশের বিষয়টিও তদন্ত করা প্রয়োজন।

 


দৈনিক সুনামগঞ্জের খবর: ঠিকাদারি প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া উচিত?
আবুল হোসেন: তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। ঠিকাদার কাজ করার পর নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো ত্রুটি দেখা দিলে ক্ষতিপূরণ আদায়ের আইন থাকা প্রয়োজন। শুধু ঠিকাদার নয়, কাজের তদারকিতে থাকা প্রকৌশলীদেরও জবাবদিহির আওতায় আনতে হবে।

 


দৈনিক সুনামগঞ্জের খবর: সরকারের প্রায় চার কোটি টাকা ক্ষতির আশঙ্কা। এই অর্থ আদায় কীভাবে নিশ্চিত করা সম্ভব?
আবুল হোসেন: চার কোটি টাকা ক্ষতির চেয়েও বড় বিষয় হলো প্রকল্পের অর্থ ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগ। প্রায় ৮৬ কোটি টাকার প্রকল্পে ব্যয় ও কাজের হিসাব স্বচ্ছভাবে যাচাই করতে হবে। কোথায় কত টাকা ব্যয় হয়েছে, কী পরিমাণ কাজ হয়েছে এবং কারা দায়ী, তা তদন্তের মাধ্যমে বের করতে হবে।

 


দৈনিক সুনামগঞ্জের খবর: একই সড়কের অন্য সেতুগুলোর কাজেও অনিয়মের অভিযোগ রয়েছে। এসব প্রকল্পের তদন্ত প্রয়োজন বলে মনে করেন?
আবুল হোসেন: অবশ্যই তদন্ত প্রয়োজন। বিশেষ করে তাহিরপুর উপজেলায় সরকারি উন্নয়নকাজের প্রতিটি প্রকল্পের ব্যয় ও কাজের মান যাচাই করা উচিত। ঠিকাদাররা যাতে নিম্নমানের কাজ করে পার পেয়ে না যান, সে জন্য কার্যকর নজরদারি নিশ্চিত করতে হবে।

 


দৈনিক সুনামগঞ্জের খবর: সেতুর কাজ দ্রুত শেষ করতে এবং সীমান্ত এলাকার মানুষের স্বপ্ন বাস্তবায়নে আপনাদের প্রত্যাশা ও উদ্যোগ কী?
আবুল হোসেন: তাহিরপুর এখনো যোগাযোগ বিচ্ছিন্ন একটি এলাকা। বড় প্রকল্পের পাশাপাশি ছোট ছোট জনগুরুত্বপূর্ণ প্রকল্পকে অগ্রাধিকার দিতে হবে। কোন জনপ্রতিনিধি বা প্রভাবশালী ব্যক্তি দাবি জানালেন, সেটি বড় বিষয় নয়; বরং কোন প্রকল্পে বেশি মানুষ উপকৃত হবেন, সেটি বিবেচনায় নিতে হবে। যাদুকাটা সেতুর কাজ দ্রুত শেষ করার পাশাপাশি স্থানীয় সচেতন নাগরিক ও সাংবাদিকদেরও নজরদারি রাখা প্রয়োজন।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার