স্বামীকে ফিরে পাওয়ার অপেক্ষায় অন্তঃস‘ত্ত্বা স্ত্রী

প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৬ ২৩:০৯

‘আমি ছয় মাসের অন্তঃসত্ত্বা। আমরার পরিবারের অবস্থাও বেশি ভালো না। তাঁরা দুই ভাই কামাই  রোজগার) করতেন। এই টাকা দিয়াই আমরার সংসার চলত। দিন আনি, দিন খাই। আমরার কোনো ক্ষেত—খামার নাই। এখন স্বামী ছাড়া সংসার কেমনে (কীভাবে) চলব, তা বুঝতাছি না।’ কথাগুলো বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন জামালগঞ্জের সুরমা নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ মোবাশিরের স্ত্রী রাবিয়া আক্তার। স্বামীর ফিরে আসার অপেক্ষায় দিন কাটছে তার। অনাগত সন্তানকে নিয়ে ভবিষ্যতের চিন্তাও যেন তাকে আরও অসহায় করে তুলেছে।

 

সুনামগঞ্জ: সুরমা নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ স্বজনদের ফিরে পাওয়ার অপেক্ষা করছেন মোবাশিরের পরিবারের সদস্যরা

 

 

 


শুধু রাবিয়া নন, একই পরিবারের অন্য সদস্যদেরও কাটছে উৎকণ্ঠা আর আহাজারিতে। কেউ ভাইকে ফিরে পাওয়ার আকুতি জানাচ্ছেন, কেউ ছেলেকে হারানোর আশঙ্কায় বারবার কান্নায় ভেঙে পড়ছেন। দুই পরিবারের উপার্জনের অন্যতম ভরসা ছিলেন নিখোঁজ দুই শ্রমিক। তাদের অনুপস্থিতিতে কীভাবে চলবে সংসার, সেই দুশ্চিন্তাও গ্রাস করেছে স্বজনদের।

 


বুধবার (২৫ নভেম্বর) রাত দেড়টার দিকে উপজেলার সাচনা বাজার মাছঘাট সংলগ্ন চামারবাড়ী ঘাট এলাকায় সুরমা নদীতে নোঙর করে রাখা বালুভর্তি একটি নৌকা ডুবে যায়। নৌকায় থাকা ছয় শ্রমিকের মধ্যে চারজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও বিশ্রামকক্ষে ঘুমিয়ে থাকা দুই শ্রমিক নিখোঁজ হন। তারা হলেন বেহেলী ইউনিয়নের ইনাতনগর গ্রামের আবুল কাশেমের ছেলে মোবাশির (২৬) ও পিয়াস উদ্দিনের ছেলে মারুফ (১৪)।


মোবাশিরের বোন ফরিদা বেগম ভাইয়ের সন্ধান না পেয়ে কান্নায় ভেঙে পড়েন। আহাজারি করে তিনি বলেন, ‘এখানে সবই আছে, আমার ভাই নাই গো। আমার ভাইরে আইন্না দেও। আমার ভাইরে ছাড়া আমরা কেমনে থাকমু?’

 


ছেলেকে (মোবাশির) হারানোর শঙ্কায় ভেঙে পড়েছেন মা মুনিরা বেগমও। সংসারের ভবিষ্যৎ নিয়ে তাঁর কণ্ঠে ফুটে উঠেছে অসহায়ত্ব। তিনি বলেন, ‘সংসার চালাইবো কে? একটা ছোট পুত আছে। কী করমু, মাথায় কিছুই কাজ করে না গো। বাপও অসুস্থ। এখন আমরা কী করতাম?’

 

 

 

 


পরিবারের সদস্যদের এমন দুরবস্থার কথা তুলে ধরে বেহেলী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জয়নুল আবেদীন বলেন, ‘রাত দুইটার দিকে আমরা খবর পাইছি। নৌকায় ছয় জন শ্রমিক ছিল। নৌকাডুবির পর চারজন জীবিত অবস্থায় বের হইছে, আর দুইজন ভিতরে ছিল। তাদের এখনো পাওয়া যায় নাই। ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধারের চেষ্টা করছে। অভিযান অব্যাহত আছে। ইনাতনগরের নিখোঁজ দুইজনই দিনমজুর মানুষ, দিন আনে দিন খায়। তাদের পরিবারের কথা বিবেচনা করে প্রশাসনের কাছে সার্বিক সহযোগিতার আবেদন জানিয়েছি।’
এদিকে দুর্ঘটনার পর থেকেই ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ—পুলিশ নিখোঁজ দুই শ্রমিককে উদ্ধারে অভিযান চালাচ্ছে। তাদের সন্ধান না পাওয়ায় নদীর তীরে অপেক্ষায় রয়েছেন স্বজনরা।
নৌকায় থাকা অপর চার শ্রমিকের মধ্যে মোস্তাকিম (২২) ও সুমন (২০) আহত হয়েছেন। তাদের জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। অন্য দুই শ্রমিক আমিরুল (১৯) ও অনু দাস (২৫) সুস্থ রয়েছেন।

 


একদিকে নদীতে চলছে নিখোঁজ দুই শ্রমিকের সন্ধানে উদ্ধার অভিযান, অন্যদিকে তীরে স্বজনদের অপেক্ষা আর আহাজারি। মোবাশিরের অনাগত সন্তানের ভবিষ্যৎ, মায়ের অসহায়ত্ব আর বোনের ভাইকে ফিরে পাওয়ার আকুতি—সব মিলিয়ে ইনাতনগরের দুই পরিবারে নেমে এসেছে গভীর অনিশ্চয়তা।
জামালগঞ্জ নৌ—পুলিশের পরিদর্শক সজল কানু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাতে বালুভর্তি একটি নৌকা ডুবে দুই শ্রমিক নিখোঁজ হয়েছেন। তাদের বুধবার বিকাল পর্যন্ত সন্ধান পাওয়া যায় নি। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

 


উদ্ধার অভিযানে অংশ নেওয়া সিলেট সদর ফায়ার স্টেশনের লিডার মো. মনিরুল হক বলেন, খবর পেয়ে তাদের দল ঘটনাস্থলে এসে তল্লাশি শুরু করে। পানির গভীরতা বেশি হওয়ায় ডুবুরি দলের সদস্যদের সতর্কতার সঙ্গে কাজ করতে হচ্ছে।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার