প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৬ ২২:৪৬
ইমন মিয়া হত্যা মামলা
চাঞ্চল্যকর হত্যা মামলায় পলাতক এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। বুধবার সুনামগঞ্জের দায়রা জজ মুহাম্মদ হাবিবুল্লাহ এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামির নাম মো. সায়মন ওরফে সাইমুল (পলাতক)। তিনি ছাতক উপজেলার উত্তর বড়কাপন গ্রামের দুদু মিয়ার ছেলে।
আদালত সূত্রে জানা যায়, ২০২১ সালের ২৩ মার্চ রাতে দক্ষিণ সুনামগঞ্জ (বর্তমান শান্তিগঞ্জ) থানার শিমুলবাক ইউনিয়নের মুক্তাখাই এলাকার রুবি ফার্নিচারের দোকানের ভেতর ভিকটিম ইমন মিয়াকে গরু কাটার ছুরি দিয়ে গলায় আঘাত করে হত্যা করা হয়।
মামলার বিবরণ অনুযায়ী, নিহত ইমন মিয়ার মা রুজিনা ওমানে প্রবাসে থাকায় ইমন ও তার ছোট ভাই জীবন মিয়া মামা এবং মামলার এজাহারকারী নাছির উদ্দিনের বাড়িতে থাকতেন। ঘটনার প্রায় এক সপ্তাহ আগে ইমন রুবি ফার্নিচারের মালিক আজাদ মিয়ার বাড়িতে রাখাল হিসেবে কাজে যোগ দেন। দোকানে যাতায়াতের সুবাদে কর্মচারী সায়মনের সঙ্গে তার পরিচয় হয়। পাশের বাড়ির বাসিন্দা জুলেখা বেগমের সঙ্গে আসামি সায়মনের প্রেমের সম্পর্ক ছিল। জুলেখা বেগম ইমনের মাধ্যমে সায়মনের দেওয়া মোবাইল ফোনের ব্যাটারি ওই দোকানে চার্জ দিতে পাঠাতেন এবং তাদের মধ্যে যোগাযোগ চলত। বিষয়টি টের পেয়ে জুলেখার অভিভাবকরা ইমনকে তাদের বাড়িতে যেতে নিষেধ করেন। ঘটনার দিন ২৩ মার্চ রাত আনুমানিক ১০টার দিকে ইমন বিষয়টি সায়মনকে জানিয়ে আর জুলেখার বাড়িতে যেতে পারবেন না বলে জানান। এ নিয়ে দুইজনের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সায়মন উত্তেজিত হয়ে দোকানে থাকা গরু কাটার ছুরি দিয়ে ইমনের গলায় আঘাত করলে ঘটনাস্থলেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং মারা যান। এ ঘটনায় দায়েরকৃত মামলায় (দায়রা মামলা নং— ১৬০/২০২২; সূত্র: দক্ষিণ সুনামগঞ্জ থানার মামলা নং— ১০, তারিখ: ২৫/০৩/২০২১ এবং জি.আর মামলা নং— ৪২/২০২১) দণ্ডবিধির ৩০২ ধারায় অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত আসামিকে দোষী সাব্যস্ত করে এই রায় দেন।
রায়ের আদেশে আদালত উল্লেখ করেন, আসামি সায়মন আত্মসমর্পণ করা বা পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর থেকে তার সাজার মেয়াদ গণনা শুরু হবে এবং হাজতবাসের সময় সাজা থেকে বাদ যাবে। পলাতক আসামির বিরুদ্ধে সাজাপ্রাপ্ত পরোয়ানা জারি এবং জব্দকৃত আলামত বিধি অনুযায়ী নিষ্পত্তির নির্দেশও দেওয়া হয়েছে।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর মো. মল্লিক মঈন উদ্দিন আহমেদ সুহেল।
উপজেলার খবর থেকে আরো পড়ুন