প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৬ ২২:৫৩
নারী ও মেয়েশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, অপরাধের বিচার এবং ভুক্তভোগীদের সুরক্ষা নিশ্চিতের আহবান জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। সংগঠনটির তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত দেশে ২ হাজার ৪১১ জন নারী ও মেয়েশিশু বিভিন্ন ধরনের সহিংসতার শিকার হয়েছেন। এরমধ্যে ১ হাজার ৯৬ জন মেয়েশিশু এবং ১ হাজার ৩১৫ জন নারী।
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ (২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর) ও বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বাংলাদেশ মহিলা পরিষদের পক্ষ থেকে এ তথ্য তুলে ধরা হয়। লিখিত বক্তব্য পাঠ করেন লিগ্যাল এইড সম্পাদক সাবিয়া বেগম। এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ‘নারী ও মেয়েশিশুর প্রতি সহিংসতা রুখতে এক হও: বিচার ও সুরক্ষা নিশ্চিত কর, বিচারহীনতার অপসংস্কৃতি ভাঙো।’
মহিলা পরিষদের তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ৫৭৯ জন নারী ও মেয়েশিশু ধর্ষণের শিকার হয়েছেন। তাদের মধ্যে ৩৮৩ জন মেয়েশিশু এবং ১৯৬ জন নারী। ধর্ষণের পর হত্যার শিকার হয়েছেন ৪০ জন। এর মধ্যে ২৮ জন মেয়েশিশু ও ১২ জন নারী। এ ছাড়া ৪৯০ জন নারী ও মেয়েশিশু হত্যার শিকার হয়েছেন। তাদের মধ্যে ১১৩ জন মেয়েশিশু এবং ৩৭৭ জন নারী।
একই সময়ে ১০৯ জন নারী ও মেয়েশিশুর আত্মহত্যার ঘটনা ঘটেছে। এর মধ্যে ৩৬ জন মেয়েশিশু এবং ৭৩ জন নারী। দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন ১৩৭ জন। তাদের মধ্যে ৬৩ জন মেয়েশিশু ও ৭৪ জন নারী। ধর্ষণের চেষ্টার শিকার হয়েছেন ১৭০ জন। এর ধ্যে ১৪০ জন মেয়েশিশু ও ৩০ জন নারী। এছাড়া ২৫৭ জন নারী ও মেয়েশিশুর রহস্যজনক মৃত্যুর তথ্য পাওয়া গেছে। তাদের মধ্যে ৬০ জন মেয়েশিশু ও ১৯৭ জন নারী। যৌন সহিংসতার শিকার হয়েছেন ২০৬ জন। এর মধ্যে ১৪০ জন মেয়েশিশু এবং ৬৬ জন নারী।
বাংলাদেশ মহিলা পরিষদ জানায়, সংগঠনটির কেন্দ্রীয় লিগ্যাল এইড উপপরিষদে সংরক্ষিত ১৫টি জাতীয় দৈনিক ও দুইটি অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের ভিত্তিতে এসব তথ্য সংগ্রহ করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকারি—বেসরকারি পর্যায়ে নানা উদ্যোগ নেওয়া হলেও সহিংসতার মাত্রা কমছে না। বরং সহিংসতার ধরন ও নৃশংসতা বাড়ছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও নারীর প্রতি ঘৃণা ও বিদ্বেষমূলক বক্তব্যের বিস্তার ঘটছে। নারী ও শিশুর সুরক্ষায় আইন থাকলেও এর যথাযথ বাস্তবায়ন এবং বিচারপ্রাপ্তির ক্ষেত্রে ঘাটতি রয়েছে। পাশাপাশি বিভিন্ন প্রাতিষ্ঠানিক সংকটও বিদ্যমান।
সংগঠনটির মতে, সহিংসতার শিকার নারী ও শিশু দীর্ঘমেয়াদি শারীরিক ও মানসিক ক্ষতির মুখে পড়েন। নারীর প্রতি সহিংসতার পেছনে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কারণ রয়েছে। তাই এ পরিস্থিতি মোকাবিলায় রাষ্ট্রের পাশাপাশি ব্যক্তি, প্রতিষ্ঠান ও নাগরিক সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
নারী ও মেয়েশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে বাংলাদেশ মহিলা পরিষদ বেশ কয়েকটি দাবি জানিয়েছে। এরমধ্যে রয়েছে— উত্ত্যক্তকরণ, যৌন নিপীড়ন ও ধর্ষণসহ সব ধরনের সহিংসতা প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি; উত্ত্যক্তকরণ ও যৌন নিপীড়ন বন্ধে হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়ন এবং এর আলোকে আইন প্রণয়ন।
এছাড়া পরিবারে ছেলে ও মেয়েসন্তানের সমান অধিকার নিশ্চিত করা, বাল্যবিবাহ, যৌতুক, পারিবারিক সহিংসতা, বিচারবহির্ভূত সালিসি কার্যক্রম ও বহুবিবাহ বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি। বাল্যবিবাহ প্রতিরোধ কমিটিগুলো কার্যকর করা এবং বিবাহ, বিবাহবিচ্ছেদ, সন্তানের অভিভাবকত্ব ও সম্পত্তিতে নারী—পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠায় অভিন্ন পারিবারিক আইন প্রণয়নেরও দাবি জানানো হয়েছে।
ধর্ষণ ও যৌন নিপীড়নের ঘটনায় ভুক্তভোগীকে দায়ী করার মানসিকতা পরিহার, সহিংসতার শিকার ব্যক্তি ও সাক্ষীর সুরক্ষায় আইন প্রণয়ন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে নারী ও শিশুর প্রতি ঘৃণা—বিদ্বেষমূলক বক্তব্য বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে মহিলা পরিষদ। পাশাপাশি সাইবার সহিংসতা প্রতিরোধে বিশেষ সাইবার ক্রাইম সেলের কার্যকর উদ্যোগ, অপরাধীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত এবং দেশে—বিদেশে নারী শ্রমিকদের ন্যায্য মজুরি ও নিরাপত্তা নিশ্চিতের দাবি জানানো হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদের সুনামগঞ্জ জেলা সভাপতি গৌরী ভট্টাচার্য, সাংগঠনিক সম্পাদক পাঞ্চালী চৌধুরী ও লিগ্যাল এইড সম্পাদক সাবিয়া বেগম।
উপজেলার খবর থেকে আরো পড়ুন