প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২৬ ২১:৪২
‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ স্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে শহরের পৌরবিপণিতে সদর নারী শান্তি সহায়ক প্ল্যাটফর্ম (ওয়েভ) এর উদ্যোগে এই আয়োজন হয়।
‘নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সামাজিক ঐক্য, ন্যায়বিচার ও নারীর ক্ষমতায়ন’ শীর্ষক এই সভায় সভাপতিত্ব করেন ওয়েভের সমন্বয়কারী সামিনা চৌধুরী মনি। যুগ্ম সমন্বয়কারী শবনম দোজা জ্যোতির সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন দি হাঙ্গার প্রজেক্ট—বাংলাদেশের এমআইপিএস প্রকল্পের প্রতিনিধি কুদরত পাশা।
স্বাগত বক্তব্যে কুদরত পাশা বলেন, নারীর প্রতি সহিংসতা কেবল ব্যক্তিগত সমস্যা নয়, এটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য বড় চ্যালেঞ্জ। ধর্ষণ, যৌন হয়রানি, পারিবারিক নির্যাতন, যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধে পরিবার, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সামাজিক লোকলজ্জা, অর্থনৈতিক অসচ্ছলতা ও নিরাপত্তাহীনতার কারণে অনেক নারী নির্যাতনের শিকার হয়েও আইনের আশ্রয় নিতে পারেন না। ধর্ষণ ও যৌন সহিংসতার মতো গুরুতর অপরাধ স্থানীয় সালিশে বা অর্থের বিনিময়ে মীমাংসার কোনো সুযোগ নেই; প্রচলিত আইনেই এসব অপরাধের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে।
সভায় আরও বক্তব্য দেন সুনামগঞ্জ প্যানের যুগ্ম সমন্বয়কারী শাহীনা চৌধুরী রুবি, সদর পিএফজির পিস অ্যাম্বাসেডর সিরাজুল ইসলাম পলাশ, মছিহুর রহমান রাসেল, তৃষ্ণা আক্তার রোসনা, রিনা আক্তার, ইউপি সদস্য মাজেদা খাতুন, নারী অভিবাসী ফোরামের রুকসানা আক্তার, সায়মা বেগম, শিল্পী, সৃষ্টি যুবজাগরণ সমাজকল্যাণ সংস্থার খালেদা আক্তার কল্পনা, শেলী রানী দাস, রাহেলা বেগম, আকিবুন নেছা, ওয়াইপিএজির তুর্য দাস, মুন্নি, সুরাইয়া, অনন্যা ও রুমি।
উপজেলার খবর থেকে আরো পড়ুন