প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২৬ ২১:৪৯
জেলা জামায়াতের বিক্ষোভ
গোপালগঞ্জসহ দেশব্যাপী নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য, জ্বালাও—পোড়াও, লুটপাট এবং আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সুনামগঞ্জ জেলা জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার বিকালে সুনামগঞ্জ পৌর শহরের আলফাত স্কয়ারে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট মো. সামছ উদ্দিন সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দুই—তৃতীয়াংশ মেজরিটি পেয়ে আপনাদের বুক ফুলে উঠছিল। আপনারা আকাশে উড়ার স্বপ্ন দেখছিলেন। আপনাদের সেই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে যদি আপনারা জুলাই সনদ বাস্তবায়ন না করেন। গণভোটের গণরায় মানার জন্য আপনাদেরকে আমরা আহ্বান জানাচ্ছি।
তিনি আরও বলেন, সরকার যদি গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার করে, তবে দেশের শান্তি—শৃঙ্খলা রক্ষা এবং সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে সরকারের সাথে ঐক্যবদ্ধ কর্মসূচি দিয়ে দেশ ও জাতিকে উদ্ধারে জামায়াত কাজ করতে প্রস্তুত।
বক্তব্যে সামছ উদ্দিন আওয়ামী লীগের অতীত কর্মকাণ্ডের সমালোচনা করে বলেন, দলটি জনকল্যাণমূলক কাজ না করে দেশকে ভারতের নতজানু ও আশ্রিত রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করেছে। ১৯৭৪ সালে রক্ষীবাহিনী গঠন, ৫ মে শাপলা চত্বরে আলেম—ওলামাদের ওপর হামলা, ২০০৯ সালে বিডিআর হত্যাকাণ্ড এবং জামায়াত নেতৃবৃন্দের বিচার ও মৃত্যুদণ্ডের প্রসঙ্গ তুলে ধরে তিনি ফ্যাসিবাদের পতনে ৫ আগস্টের ছাত্র—জনতার আন্দোলনের কথা উল্লেখ করেন। ভারত থেকে শেখ হাসিনা ও তার সহযোগীরা উসকানি দিচ্ছে অভিযোগ করে তিনি বলেন, ট্রাইব্যুনালের রায় অনুযায়ী ফাঁসির দণ্ড কার্যকর করতে দেশে ফিরলে জনগণ তার জন্য অপেক্ষা করছে।
গোপালগঞ্জে দুইটি থানায় হামলার ঘটনার প্রসঙ্গ টেনে গোয়েন্দা ব্যর্থতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করেন জেলা আমীর। জামায়াতের বিরুদ্ধে আওয়ামী লীগের সাথে আঁতাতের অভিযোগ নাকচ করে দিয়ে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেন এবং প্রধানমন্ত্রীর উদ্দেশে সতর্কবার্তা দেন। সমাবেশে উপস্থিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিক এবং সাময়িক ভোগান্তির শিকার রিকশাচালক ও সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা ও দুঃখ প্রকাশ করেন তিনি।
সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা নায়েবে আমীর মোমতাজুল হাসান আবেদ, জেলা সেক্রেটারি অধ্যাপক মুহাম্মদ আবদুল্লাহ, সদর উপজেলা আমীর অধ্যাপক মুহাম্মদ আলী, পৌর জামায়াতের আমীর আব্দুস সাত্তার মো. মামুন এবং জেলা শিবির সভাপতি ফারহান শাহরিয়ার ফাহিম।
উপজেলার খবর থেকে আরো পড়ুন