নির্বাচন অফিসে টাকা ছাড়া হয় না কাজ!

প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২৬ ২১:৫৯

শান্তিগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় ক্ষোভ, তদন্তের আশ্বাস ইউএনও’র

শান্তিগঞ্জ উপজেলা নির্বাচন অফিসের বিরুদ্ধে ঘুষ, হয়রানি ও অনিয়মের অভিযোগ উঠেছে। নতুন ভোটার নিবন্ধন থেকে শুরু করে বিভিন্ন সেবা পেতে টাকা দিতে হয় বলে অভিযোগ করেছেন উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা। এমনকি ফিঙ্গারপ্রিন্ট দিতে ৪ থেকে ৫ হাজার টাকা নেওয়ার অভিযোগও উঠেছে। এ নিয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় ক্ষোভ প্রকাশ করেন জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা। অভিযোগগুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

 


বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিল্লোল চাকমার সভাপতিত্বে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। পরে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার একপর্যায়ে উপজেলা নির্বাচন অফিসের বিরুদ্ধে সেবা নিতে আসা সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ উত্থাপন করা হয়।

 


সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য আনছার উদ্দিন অভিযোগ করে বলেন, শান্তিগঞ্জ উপজেলা নির্বাচন অফিসে সাধারণ মানুষকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। টাকা ছাড়া কোনো কাজ হয় না বলে মানুষের মধ্যে অভিযোগ রয়েছে। অফিসের কর্মকর্তারা নিজেদের নির্ধারিত প্রক্রিয়ার বাইরে কোনো কাজ করতে চান না। আর সেই প্রক্রিয়ার নামে টাকা দিলে কাজ করে দেওয়া হয়, অন্যথায় নানা অজুহাত দেখানো হয়।

 


তিনি বলেন, আমি নিজেও কয়েকটি বিষয়ে অনুরোধ  করেছি। কিন্তু সেসব কাজ তারা করেননি। পরে সংশ্লিষ্ট ভুক্তভোগীরা অফিসের কথিত সিস্টেম অনুযায়ী গেলে কাজ করে দেওয়া হয়। টাকা ছাড়া গেলে কখনো বলা হয় কাগজ নেই, কখনো সময় নেই, আবার নানা অজুহাত দেখানো হয়।
আনছার উদ্দিন আরও বলেন, রাজনীতি করি মানুষের উপকারের জন্য। মানুষ যখন এসব হয়রানির অভিযোগ নিয়ে আমাদের কাছে আসে, তখন তাদের সহযোগিতা করতে গিয়ে আমরাও বিব্রতকর পরিস্থিতিতে পড়ি। কিন্তু এ অফিসের কাছে অনুরোধ করেও অনেক ক্ষেত্রে কাজ করানো সম্ভব হচ্ছে না। এভাবে চলতে থাকলে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়বে, যা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণ হতে পারে। তিনি নির্বাচন অফিসের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

 


পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান জায়গীরদার খোকনও নির্বাচন অফিসের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, তিনি নিজেও এ অফিসের সেবা নিতে গিয়ে ভোগান্তির শিকার হয়েছেন। তার অভিযোগ, নতুন ভোটার হতে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার ক্ষেত্রেও টাকা দিতে হয়। ৪ থেকে ৫ হাজার টাকা ছাড়া নতুন ভোটার হওয়ার কাজ করা যায় না বলে তিনি দাবি করেন।
তিনি বলেন, আমরা সবাই এই অফিসের যন্ত্রণায় অতিষ্ঠ। সাধারণ মানুষ সেবা নিতে গিয়ে হয়রানির শিকার হচ্ছেন। এভাবে চলতে থাকলে যেকোনো সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে।

 


নির্বাচন অফিসের বিরুদ্ধে এমন অভিযোগ সভায় উত্থাপিত হলে উপস্থিত সদস্যদের মধ্যে আলোচনা—সমালোচনা শুরু হয়। পরে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অনুরোধ জানান কমিটির সদস্যরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হিল্লোল চাকমা বলেন, নির্বাচন অফিসের বিষয়ে তার কাছেও এ ধরনের কিছু অভিযোগ এসেছে। বিষয়টি প্রশাসনিকভাবে খতিয়ে দেখা হবে এবং সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 


তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মোস্তফা কামাল। তিনি বলেন, আমি আইনশৃঙ্খলা কমিটির সভায় উপস্থিত ছিলাম না। আমার ও আমার অফিসের বিরুদ্ধে যে অভিযোগগুলো উত্থাপন করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। টাকা নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না।

 


বিএনপি নেতা আনছার উদ্দিনের অভিযোগ প্রসঙ্গে নির্বাচন কর্মকর্তা বলেন, তিনি একটি মহিলার নাম সংশোধনসংক্রান্ত বিষয়ে তার কাছে তদবির করেছিলেন। কিন্তু ওই মহিলার সার্টিফিকেটসহ অন্যান্য কাগজপত্রে যে নাম রয়েছে, তার বাইরে অন্য নাম দিয়ে জাতীয় পরিচয়পত্র তৈরি করা আইনগতভাবে সম্ভব নয়। এ কারণে তিনি কাজটি করে দিতে পারেননি। তার দাবি, এ বিষয়কে কেন্দ্র করেই আনছার উদ্দিন তার বিরুদ্ধে ক্ষুব্ধ হয়েছেন।

 


পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান জায়গীরদার খোকনের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, চেয়ারম্যান কয়েকজন ভোটারের স্থানান্তর সংক্রান্ত কাজ করতে চেয়েছিলেন। কিন্তু ভোটার স্থানান্তরের নির্ধারিত সময় শেষ হয়ে যাওয়ায় ওই কাজ করা সম্ভব হয়নি।

 


সভায় বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য আনছার উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হাসান, উপজেলা বিএনপির আহ্বায়ক হাজী জালাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক রওশন খান সাগর, পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জগলুল হায়দার, পূর্ব পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুক মিয়া, পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান জায়গীরদার খোকন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আতাউর রহমান, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সোহেল তালুকদার ও দপ্তর সম্পাদক জামিউল ইসলাম তুরানসহ কমিটির অন্যান্য সদস্যরা।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার